
আমার ছবি তোলার সাংঘাতিক ধরনের শখ। খুব যে আহামরি কোনো ছবি তুলেছি তেমন না, তবে ছবি তুলতে আমি সব সময়ই তৈরি। বাসা থেকে কখনোই ক্যামেরা ছাড়া বের হই না। ছুটিগুলো প্ল্যান করি এমন এমন জায়গায়, যেখানে ছবি তোলার অনেক সাবজেক্ট পাওয়া যাবে। ফোনেও যাতে মজার সব ছবি তোলা যায়, সে জন্য আমি ডজন খানেক অ্যাপ নামিয়ে নিয়েছি। আমার সামনে পড়া মানেই আমার কোনো না কোনো ক্যামেরার সামনে পড়া। ছবি তোলা আমাকে অসাধারণ আনন্দ দেয়।

অচেনা লোকজনের সঙ্গে আমি অনেকটাই লাজুক প্রকৃতির। কেউ যদি আমাকে টেলিভিশন থেকে চিনে ফেলে, আমি কী করব বুঝতে পারি না। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি। বোকার মতো হাসি। তবে অন্যের জীবনের প্রতি আমার কৌতূহলও অনেক। লাজ ভেঙে অনেক সময়ই আগন্তুকের সঙ্গে আলাপ করতে না পারলেও সম্পর্ক গড়ে তুলি ক্যামেরার মাধ্যমে। মানুষের ছবি তুলতে তাই আমি বড়ই ভালোবাসি।
মানুষের ছবি তোলার একটা মজার বিষয় হলো যে একজন অচেনা ব্যক্তিকে ক্ষণিকের জন্য ফ্রেমে বেঁধে জীবনভর সম্পর্ক তৈরি করা যায়। আমি অনেক সময় আমার পুরোনো ছবিগুলো দেখে ভাবি—এসব মানুষ এখন কোথায় আছে, কেমন আছে। জীবনের নানা বাঁক তারা কীভাবে মোকাবিলা করছে, সেটা কল্পনা করতে আমার ভালো লাগে। তবে সম্প্রতি একটি ঘটনা আমার ছবি তোলার জগতটাকে বেশ শক্তভাবে নাড়া দিয়েছে। ফ্রেমে বাঁধাই আগন্তুককে নিয়ে কল্পনা যে মর্মান্তিক রূপ নিতে করতে পারে তা আমি উপলব্ধি করতে পেরেছি।
ছবি তোলা শুরু করার আগে থেকেই নেপাল আমার খুব প্রিয় জায়গা। নেপালে গিয়ে পাহাড় দেখতে খুব ভালো লাগে। আমি ট্রেকিং করতে ভালোবাসি। পাহাড়ের গায়ে হারিয়ে যাওয়ার মতো প্রশান্তির অনুভূতি আমার জীবনে আরেকটি নেই। ছবি তোলা শুরুর পর থেকে স্বভাবতই আমি নেপালে অনেকবার গেছি। ওখানকার বিনয়ী মানুষ, ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু মিলিয়ে অনেক সুন্দর গল্প তৈরি করে রাখে ছবিতে বলার জন্য। তাই আমি বারবার ফিরে যাই আমার ছবির বইটি ভরে নিতে। এ বছরই আমি নেপালে দুবার গেছি শুধু ছবি তোলার জন্যই। নেপালের বৃদ্ধ-বৃদ্ধা ও শিশুদের নিয়ে একটা সিরিজও পরিকল্পনা করেছি ‘নো কান্ট্রি ফর ইয়াং মেন’” নামে। মে মাসের শুরুর দিকে আবার যাওয়ার কোথা ছিল। ২৫ এপ্রিল নেপালের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ভূমিকম্প হানা দেয়।
ভূমিকম্পের পর প্রায় এক মাস আমি নেপালে তোলা আমার ছবি দেখতে পারিনি। সাহস হয়নি। ইচ্ছা করেনি। কাঠমান্ডুর একটু বাইরে পুরোনো শহর ভক্তপুর ছবি তোলার জন্য আমার প্রিয় জায়গা। সেই ভক্তপুরের অনেক দালান ধ্বংস হয়ে গেছে। অনেক মানুষ মারা গেছে। বোধ হয় নিহতদের মধ্যে বয়স্ক লোকজনের সংখ্যাই ছিল বেশি। ভক্তপুরের সেসব ছবি দেখলে শুধু মনে হয়—এঁদের মধ্যে কে বেঁচে আছেন? যাঁরা বেঁচে আছেন, তাঁরা কেমন আছেন? আগে ছবি দেখে আগন্তুকের জীবন কল্পনা করে যে শান্তি পেতাম, সেটা এখন একদমই পাই না। বুকের মধ্যে হাহাকার জাগে। মনটা একটু শান্ত হলে ছবির মানুষগুলোর জন্য প্রার্থনা করি। সেটাই এখন আমার ছবি তোলার মর্মান্তিক সার্থকতা।