ভক্তের কাছ থেকে ২০ টাকা উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভক্ত জহুরুল ইসলামের কাছ থেকে জীবনের সেরা উপহার নিচ্ছেন খায়রুল আলম সবুজ
ভক্ত জহুরুল ইসলামের কাছ থেকে জীবনের সেরা উপহার নিচ্ছেন খায়রুল আলম সবুজ

নাটকের শুটিং সেটে ভক্তের কাছ থেকে ২০ টাকা উপহার পেয়েছেন অভিনয়শিল্পী খায়রুল আলম সবুজ। দীর্ঘ অভিনয়জীবনে এমন উপহার কখনো পাননি বলে জানান এই অভিনেতা। আজ শনিবার সকালে জয়পুরহাটের তিরমনিঘাট এলাকায় ‘আদর আলীর ভ্যান’ নাটকের শুটিং সেটে ঘটনাটি ঘটেছে। প্রথম আলোর সঙ্গে মুঠোফোনে আলাপকালে উপহার পেয়ে বিস্মিত হওয়ার কথা জানান এই অভিনেতা।
শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে তিরমনিঘাট এলাকায় শুটিং চলছিল ‘আদর আলীর ভ্যান’ নাটকের। এমন সময় হাতে ডিম নিয়ে যাচ্ছিলেন একজন পান দোকানি। খায়রুল আলম সবুজকে দেখে তিনি সেখানে থামেন। দৃশ্যধারণ শেষ হওয়ামাত্র এই অভিনয়শিল্পীর কাছে আসেন ওই ব্যক্তি। প্রিয় অভিনয়শিল্পীকে এত কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তিনি এবং উপহার হিসেবে পকেট থেকে ২০ টাকার একটি নোট বের করে দেন। ভক্তের কাছ থেকে টাকা নিতে না চাইলেও শেষ পর্যন্ত তাঁর জোরাজুরিতে নিতে বাধ্য হন। ভক্তের কাছ থেকে এমন উপহারে কান্না পেয়েছিল এই অভিনয়শিল্পীর।

ভক্ত জহুরুল ইসলামের কাছ থেকে জীবনের সেরা উপহার নিচ্ছেন খায়রুল আলম সবুজ
ভক্ত জহুরুল ইসলামের কাছ থেকে জীবনের সেরা উপহার নিচ্ছেন খায়রুল আলম সবুজ

খায়রুল আলম সবুজ বলেন, ‘আমি যে মানুষটার কাছ থেকে এটা পেয়েছি তাঁর মূল্য অসীম। এ অনুভূতি অনির্বচনীয়। গোটা জীবন অভিনয় করে এমন উপহার পাইনি। ভক্তের কাছ থেকে এমন ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ আমাকে বিস্মিত করেছে। আমি এই টাকা বাঁধিয়ে রাখব। এঁদের কারণেই আসলে অভিনয় করা। এঁরাই আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা।
‘আদর আলীর ভ্যান’ নাটকটি পরিচালনা করছেন পারভেজ আমীন। তিনিই লিখেছেন নাটকের গল্প। এর অন্য অভিনয়শিল্পীরা হলেন সজল, চাঁদনী ও সুজাত শিমুল।