
ভক্তদের ভালোবাসার কারণেই একজন অভিনেতা তারকা হয়ে ওঠেন। নানামাত্রিক ব্যস্ততায় সেই তারকা চাইলেও সব সময় ভক্তের কাছাকাছি যেতে পারেন না। সময়-সুযোগ মিলে গেলে আবার তা হাতছাড়াও করতে চান না। ২০ অক্টোবর এমনই এক বিকেলে ভক্তদের কাছাকাছি এলেন চলচ্চিত্রাভিনেতা নায়ক শাকিব খান। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের পঞ্চম তলায় হয়ে গেল ভক্তদের সঙ্গে শাকিব খানের সাক্ষাৎ।
মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০১৪-এ যেসব পাঠক ভোট দিয়ে সেরা তারকা নির্বাচন করেছিলেন, তাঁদের জন্যও ছিল পুরস্কার। মেগা ড্রতে বিজয়ীদের পুরস্কার দিতেই এসেছিলেন শাকিব খান। আর শাকিব খানকে কাছে পেয়ে তাঁরা তো বেজায় খুশি। সেলফি তোলার সুযোগটাও হাতছাড়া করলেন না।
পুরস্কার দিতে গিয়ে শাকিব খান বলেন, ‘মেরিল-প্রথম আলো পুরস্কার শিল্পীদের জন্য সম্মানের ও গৌরবের। আমরা শিল্পী ও কলাকুশলীরা সারা বছর ভালো কাজ করার যে উৎসাহ পাই, তার পেছনে মেরিল-প্রথম আলো পুরস্কারের ভূমিকা আছে।’
দর্শকদের কাছেও কৃতজ্ঞতার শেষ নেই শাকিব খানের। বললেন, ‘ভক্তরা বরাবরই আমাদের উৎসাহিত করছেন। যে ভক্তরা আমাদের প্রতিনিয়ত উৎসাহ দিয়ে আসছেন, যাঁদের ভোটে আমরা সেরা নির্বাচিত হই, তাঁদের নিয়ে এমন একটি চমৎকার অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ।’
অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক জেসমিন জামান বলেন, ‘মেরিল-প্রথম আলো তারকা জরিপ ১৭ বছর ধরে করে আসা সম্ভব হয়েছে শুধু আপনাদের জন্যই। কারণ, পাঠকদের ভোটে তারকারা পুরস্কার জিতছেন। ’
তারকা জরিপের মেগা ড্রতে গাড়ি জিতেছেন ঢাকার মিরপুরের লাবণী আক্তার। প্রিয় নায়কের কাছ থেকে পুরস্কার পেয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। বললেন, ‘প্রিয় নায়ককে সেরা হিসেবে দেখার জন্য ভোট দিয়েছি। ভাবিনি গাড়ি পুরস্কার জিতব। আর এখন তো যাঁর জন্য কুপন কেটে পাঠিয়েছি, তাঁর হাত থেকে পুরস্কার পাচ্ছি! এ সত্যিই অবিশ্বাস্য।’
ইন্টারনেটেও ভোট দিতে পারেন পাঠকেরা। অনলাইন ভোটের মেগা ড্রতে মোটরসাইকেল জিতেছেন ঢাকার চকবাজারের আমিনুল ইসলাম। তিনিও প্রিয় নায়কের হাত থেকে পুরস্কার পেয়ে অনেক আনন্দিত।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ এবং উপব্যবস্থাপক কবির বকুল। সঞ্চালনা করেন প্রথম আলোর ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশন বিভাগের সহকারী ব্যবস্থাপক জাবেদ সুলতান।