ভক্তের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেইলর সুইফট
টেইলর সুইফট

টেইলর সুইফটের ভক্তরা নিজেদের বলেন ‘সুইফটি’। ফেসবুক ও টুইটারে হরহামেশা চলছে ‘সুইফটি’ হ্যাশট্যাগ। তা এই আলাদা নামকরণের প্রয়োজন পড়ল কেন? কারণ, ভক্তদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এ সময়ের তুমুল জনপ্রিয় তারকাদের মধ্যে টেইলর সুইফট একেবারেই অন্য রকম। ‘ভক্তদের ভালোবাসার বিনিময়ে আমি কিছু দেব না, তা তো হয় না।’ এমনটাই বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের এই গায়িকা। ফিরতি ভালোবাসায় কীভাবে সুইফটিদের অবাক করেন টেইলর সুইফট, দেখুন তারই কিছু নমুনা।
বিশেষ ভক্তের বিশেষ উপহার
সাত বছরের ছোট্ট ছেলেটার নাম জ্যাকব ভেলাজকুয়েজ। এ বয়সেই পিয়ানোর ওপর জাদুর মতো খেলা করে তার দুই হাত। টেইলর সুইফটের কয়েকটি গান পিয়ানোতে তুলেছে সে। আর এই ভিডিও ইউটিউবে আপলোড করেছে অর্টিজম স্পিকস নামে একটি প্রতিবন্ধী সহায়তা প্রতিষ্ঠান। ভিডিওতে জ্যাকব টেইলরকে উদ্দেশ করে বলেছে, ‘আমি তোমার সবচেয়ে বড় ভক্ত। একদিন তোমার সঙ্গে বাজাব—এটাই আমার স্বপ্ন।’
বিশেষ শিশুটির এই ভাইরাল ভিডিও চোখে পড়েছে টেইলর সুইফটের। টুইটারে জ্যাকবকে নিয়ে তিনি লিখেছেন, ‘পিয়ানো শুনে তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে! চলে এসো আমার অনুষ্ঠানে আর অবশ্যই আমার সঙ্গে দেখা করে যেয়ো!’ প্রিয় তারকার কাছ থেকে এমন সাড়া পেয়ে জ্যাকবের আনন্দ আর দেখে কে!
আনন্দের কান্না
কী এমন করলেন টেইলর, বড়দিনের মতো উৎসবেও তাঁর অনেক ভক্তই কান্নায় ভেঙে পড়লেন! না, এই কান্না কষ্টের নয়। আনন্দ আর বিস্ময়ের! যে তারকার থাকার কথা আকাশের কাছাকাছি, সে-ই যদি বড়দিন উপলক্ষে বিশাল বাক্সে করে উপহার পাঠায়, সঙ্গে জুড়ে দেয় নিজ হাতে লেখা চিঠি, আবেগ কি আর সামলে রাখা যায়?
হ্যাঁ, বড়দিনের উৎসবে ভক্তদের ভোলেননি টেইলর। টুইটারে ভক্তদের টুইট পড়ে বাছাই করা কয়েকজনের বাসায় পাঠিয়েছেন বড়দিনের উপহার। জামা, চায়ের কাপ সেট, সাজের সরঞ্জাম, সুগন্ধী...উপহার যত ছোটই হোক, সে উপহার যে ভালোবাসা মাখা, তাতে কোনো সন্দেহ নেই। সঙ্গের চিঠিও অবাক করার মতো। উপহারের সঙ্গে প্রত্যেকের কাছে পৌঁছে গেছে টেইলরের নিজ হাতে লেখা আলাদা চিঠি। সে চিঠির ভাষাও এতটাই আন্তরিক, যেন কত কাছের এক বন্ধু লিখেছে তার আরেক বন্ধুকে!
এই এক কারণে বড়দিনের উৎসবে ইনস্টাগ্রামে কান্নার ছবি আপলোডের হিড়িক পড়েছিল সুইফটিদের মধ্যে।
টেইলরের ভালোবাসা
অসুস্থ ভক্তের সঙ্গে দেখা করতে টেইলর সুইফট হাসপাতালে হাজির হয়েছেন, এমন নজির আছে বহু। ক্যানসারে আক্রান্ত এক সুইফটির চিকিৎসার জন্য তিনি দিয়েছিলেন ৫০ হাজার ডলার! খুদে এক ভক্তের স্কুলে পড়ার খরচ দিয়েছেন। জ্যাকব থমাস নামে এক ভক্তের পুরো পরিবারকে কানাডা থেকে নিউইয়র্ক বেড়াতে নিয়ে গেছেন নিজ খরচায়। এ বছর ব্রিট অ্যাওয়ার্ডে টেইলরকে দেখতে হাজির হয়েছিল সাইনিড মুরে নামে এক ভক্ত। তীব্র ঠান্ডায় সে ২০ ঘণ্টা ধরে অপেক্ষা করছিল প্রিয় তারকার জন্য। টুইটারে মুরের টুইট পড়ে অনুষ্ঠানস্থলে হাজির হয়েই তাকে খুঁজে বের করেছেন টেইলর। তুলেছেন সেলফিও। এমন তারকা ভক্তদের প্রিয় হবেন না কেন!
টেলিগ্রাফ অবলম্বনে