>তারকারা যখন মাটিতে ‘নেমে’ আসেন, সেটা দেখার মতোই এক বিষয়। তারকাকে নিজেদের মধ্যে পেয়ে ভক্তরা যখন ভাষা হারিয়ে ফেলেন, সেটাও দেখার মতো এক দৃশ্য। অনেক তারকা থাকেন এক ধাপ এগিয়ে গিয়ে চমকে দেন ভক্তদের—কখনো আপন করে নিয়ে, কখনো ইচ্ছা পূরণ করে, আবার কখনো সেই ভক্তকে কোনো উপহার দিয়ে। তারকা এবং ভক্তের মধ্যে মধুর সম্পর্কের এমন কিছু ঘটনার কথা থাকছে এখানে।

ক্রিস হেমসওয়ার্থ
স্ত্রী ও কন্যাকে নিতে এয়ারপোর্টে গিয়েছিলেন থর খ্যাত ক্রিস হেমসওয়ার্থ। সেখানেই এক রেস্তোরাঁয় ঢুকে খাওয়াদাওয়া শেষে টেবিলের ওপর ওয়ালেট ফেলে রেখে বেরিয়ে আসেন। তা যে আবার ফিরে পাবেন, তা ছিল ধারণার বাইরে। একদিন সেই ওয়ালেটের সঙ্গে এক চিরকুট নিয়ে তাঁর ম্যানেজার হাজির হন। সেই চিরকুটে লেখা, ‘আমার মা দেখেছে তুমি এই সপ্তাহের এলেন-এ (দ্য এলেন ডিজেনারস শো) অতিথি হয়ে আসছ। তুমি কি আমাদের কিছু টিকিট দিতে পারো?’ ক্রিস তাঁর জন্য শুধু টিকিটই পাঠাননি, তাঁর সঙ্গে মঞ্চে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। সেই তরুণের জন্য আরও চমক অপেক্ষা করছিল। দ্য এলেন ডিজেনারস শোর মঞ্চে ক্রিস সেই ছেলেকে টাকাপয়সাসমেত তাঁর সেই ওয়ালেটটি উপহার দেন। সঙ্গে ছিল এক বেসরকারি প্রতিষ্ঠানের সৌজন্যে ছেলেটির পড়াশোনার জন্য ১০ হাজার ডলার!

রবার্ট ডাউনি জুনিয়র
অ্যালেক্স প্রিং নামের এক মার্কিন বালকের কনুইয়ের ঠিক ওপরেই শেষ হয়ে গেছে তাঁর ডান হাত। ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার একদল স্বেচ্ছাসেবক প্রকৌশলী তাঁর ত্রিমাত্রিক প্রিন্টারের সাহায্যে রোবটিক বাহুর ব্যবস্থা করে দেয়। তবে অ্যালেক্সের জন্য সবচেয়ে বড় চমকটা ছিল যখন রবার্ট ডাউনি জুনিয়র নিজেই রহস্যময় দুই বাক্স নিয়ে হাজির হয় অ্যালেক্সের সামনে। সে বাক্স দুটি থেকে বের হলো আয়রন ম্যানের দুই হাত। একটি রবার্ট নিজেই পরলেন, আরেকটা যোগ করা হলো অ্যালেক্সের ডান হাতের জায়গায়। যেন একদম সচল আয়রন ম্যান! অ্যালেক্সের যেন তখনো বিশ্বাস হচ্ছে না। দুজনে মিলে খানিকক্ষণ সেই রোবটিক বাহু নিয়ে গবেষণা করলেন। যুদ্ধ যুদ্ধ খেললেন। সবশেষে সুপারহিরো জড়িয়ে ধরে নিজের মতো করে কৃতজ্ঞতা প্রকাশ করে সে সময়ের সাত বছরের অ্যালেক্স।


শাহরুখ খান
শাহরুখ খান যা-ই করেন, তা-ই খবরের শিরোনাম হয়। এ ক্ষেত্রেও হয়েছে। একবার এক ভক্তের আবেদনে সাড়া দিয়ে লাভগুরুর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন কিং খান। সার্থক খের নামে এক ভক্ত ২০১৫ সালের এপ্রিলে টুইটারে শাহরুখকে লিখেছিলেন, শাহরুখ যেন তাঁর পছন্দের মেয়েটিকে প্রেমের আবেদনে সাড়া দিতে বলেন। শাহরুখ তাঁর স্বভাবসুলভ দুষ্টুমি করে উত্তর দিয়েছিলেন, যদি আমি বলি তবে আর তোমার আবেদনে সে সাড়া দেবে না। সেখানেই যদি ঘটনার শেষ হতো, তবে সে খবর আর আমাদের কাছে পৌঁছাত না। একই বছরের জুনে সার্থক আবারও শাহরুখকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন, সে ‘হ্যাঁ’ বলেছে। পরে আবারও প্রেম নিয়ে সার্থককে উপদেশ দেন শাহরুখ খান।

টেইলর সুইফট
প্রিয় শিল্পী টেইলর সুইফটকে নিজের বিয়ের দাওয়াত দেন জিনা নামের এক ভক্ত। বিয়ের কার্ডও পাঠিয়ে দেন টেইলরের ঠিকানায়। তবে সুইফট যে আসবেন, সেই আশা বোধ হয় করেননি।
বিয়ের মূল অনুষ্ঠানের আগে ব্রাইডাল শাওয়ারের দিন যথারীতি অনুষ্ঠান শুরু করেন জিনা। বন্ধু-আত্মীয়দের স্বাগত জানান, তাঁদের সঙ্গে মজা করেন। এমন সময় টেইলর সুইফট নিজ হাতে বানানো কিছু উপহারসহ হাজির হন জিনার বাসায়, আগে থেকে না জানিয়ে। টেইলরকে দেখে যেন জিনা বিশ্বাসই করতে পারছিলেন না। জিনার চেহারাটা হয়েছিল দেখার মতো। তা ওই এক মুহূর্তের জন্যই, এরপরেই জড়িয়ে ধরেন টেইলর সুইফটকে। ভেতরে নিয়ে যান, সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এই পুরোটা সময় টেইলর সুইফট সবার সঙ্গে এমনভাবে মিশেছেন যেন জিনার পুরোনো কোনো বন্ধু। পুরোটা সময়ের ধারণ করা ভিডিও টেইলর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

জেনিফার লরেন্স
লন্ডনে দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার সিনেমার প্রিমিয়ার শোর ঠিক আগে, প্রিয় তারকা জেনিফার লরেন্সকে একনজর দেখবে বলে জড়ো হয়েছিল হাজারো মানুষ। তাঁদের মধ্যে ছিল হুইলচেয়ারে বসা এক খুদে ভক্তও। জেনিফার এলেন, লালগালিচায় খানিকক্ষণ ক্যামেরার সামনে দাঁড়ালেন। এরপর যেমনটা হয়, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। ঠিক এমন সময় হুইলচেয়ারে বসা কাঁদতে থাকা সেই খুদে ভক্তের দিকে নজর পড়ে জেনিফারের। সাক্ষাৎকার-রেড কার্পেট বাদ দিয়ে দৌড়ে যান সেই ভক্তের দিকে। অস্থায়ী বেড়া সরিয়ে কাছে যান। তার কান্না থামান। খানিকক্ষণ গল্প করেন। আসার জন্য ধন্যবাদ জানান। আর সে ভক্তের তখন ঘোর কাটিয়ে ওঠা বাকি।
গ্রন্থনা: মেহেদী হাসান
সূত্র: মিরর, ডেইলি মেইল, ইন্ডিয়া টাইমস, সিএনএন।