ভক্তের দাঁত ভেঙে মামলায় এক্সেল রোজ
সম্প্রতি এক গানের অনুষ্ঠানে মার্কিন হার্ড রক ব্যান্ড গানস এন’ রোজেসের মূল গায়ক এক্সেল রোজের ছুড়ে মারা মাইক্রোফোনের আঘাতে দাঁত ভেঙে যাওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাঁরই এক ভক্ত। রোজ অবশ্য ইচ্ছে করে এমনটা করেননি। ভক্তদের নজর কাড়তে অস্ট্রেলিয়ায় আয়োজিত ওই কনসার্টের শেষভাগে দর্শকদের দিকে হাতের মাইক্রোফোনটি ছুঁড়ে দেন তিনি। আর সেটা গিয়ে লাগে ড্যারেন রাইট নামের তাঁর এক ভক্তের মুখে। ড্যারেন দাবি করেছেন, এই ঘটনায় তাঁর দুটি দাঁত ভেঙে গেছে। এক খবরে এমনটিই জানিয়েছে ‘দ্য সান’। এই ঘটনায় রোজের বিরুদ্ধে মামলাও ঠুকে দিয়েছেন ড্যারেন। মামলার অভিযোগে তিনি উল্লেখ করেছেন, চিকিত্সা পর্ব শেষ করে পুরোপুরি সেরে উঠতে তাঁর অন্তত এক মাস সময় লাগবে। এ ছাড়া চিকিত্সার জন্য রোজের কাছ থেকে সাড়ে তিন হাজার পাউন্ডও দাবি করেছেন ড্যারেন।এদিকে, ঘটনার পরপরই ড্যারেনকে এক্সেল রোজের অটোগ্রাফসহ একটি মাইক্রোফোন উপহারের বিনিময়ে মীমাংসার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু দাতের বদলে মাইক্রোফোনের এ প্রস্তাবে রাজি হননি ড্যারেন।