ভক্তের দেওয়া উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

দেশে ও দেশের বাইরে নানা ধরনের কনসার্টে অংশ নেন সংগীতশিল্পীরা। গান গাইতে মঞ্চে উঠলে নানা ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হন। এমন অনেক ভক্তই আছেন, যাঁরা প্রিয় শিল্পীর হাতে তুলে দেন উপহার। এমন সব ভক্তের গল্প বলেছেন দেশের পাঁচজন সংগীতশিল্পী। লিখেছেন হাবিবুল্লাহ সিদ্দিক

কুমার বিশ্বজিৎ​
কুমার বিশ্বজিৎ​

কলম ও ভক্তের লেখা গান বেশি পান কুমার বিশ্বজিৎ
সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ভক্তদের কাছ থেকে পাওয়া উপহারের তালিকায় প্রথম দিকে আছে কলম ও লেখা গান। বিভিন্ন কনসার্টে গেলেই ভক্তরা এগিয়ে আসেন। কথা বলেন। ছবি তোলেন। বাড়িয়ে দেন উপহার। চেষ্টা করেন সেসব না নিতে। তবে কিছু কিছু উপহার তো নিতেই হয়। যেমন কিছুদিন আগে সিলেটে গিয়েছিলেন একটা কনসার্টে। সেখানে এক ভক্ত এগিয়ে এসে একটা বাঁধাই করা খাতা দিয়েছিলেন। যেখানে এখন পর্যন্ত কুমার বিশ্বজিতের ছাপা হওয়া সব সাক্ষাৎকার জমা ছিল। হাসতে হাসতে এ শিল্পী বললেন, ‘আমি সত্যিই খুব অবাক হয়েছিলাম। কারণ এতগুলো সাক্ষাৎকার সংগ্রহ করে রাখা সম্ভব ছিল না। তিনি কী করে এই অসাধ্যসাধন করেছিলেন কে জানে।’ তবে চুপি চুপি একটা গোপন তথ্য জানিয়ে রাখলেন এ শিল্পী। ‘উপহার কিন্তু বেশি দেন মেয়ে ভক্তরা। তাঁদের কাছ থেকে এমন মজার উপহার পেতে বেশ লাগে।’

আঁখি আলমগীর
আঁখি আলমগীর

বয়স হিসেবে উপহার পেয়েছিলেন আঁখি আলমগীর
বছরের বেশির ভাগ সময়ই কনসার্টে ব্যস্ত থাকেন সংগীতশিল্পী আঁখি আলমগীর। ভক্তদের কাছ থেকে পাওয়া উপহারের সংখ্যা কম নয়। তবে প্রথম আলোর কাছে জানালেন এ বছরের জানুয়ারিতে এক ভক্তের কাছ থেকে উপহার পাওয়ার গল্প। গত ৭ জানুয়ারি ছিল এই শিল্পীর জন্মদিন। ওই দিন যুক্তরাজ্য থেকে এক ভক্ত আঁখি আলমগীরের বয়স হিসাব করে ততগুলো উপহার পাঠিয়েছিলেন। কী ছিল সেই উপহারের তালিকায়? আঁখি বললেন, ‘মেয়েদের ব্যবহারের হেন কোনো জিনিস নেই, যা ছিল না। নানা ধরনের কসমেটিকস, চকলেট, টয়লেট্রিজ সামগ্রী এমনকি ইংল্যান্ডের মধু পর্যন্ত ছিল। আমি সত্যিই অবাক হয়েছি এই উপহার পেয়ে।’
তবে মজার তথ্য দিলেন কথা শেষ করার আগে আগে। দেশে বা দেশের বাইরের কনসার্টগুলোতে গাইতে গেলে বেশির ভাগ সময় পান চিঠি। কোনো গানের অনুরোধ ভেবে খুলে দেখেন বেশির ভাগই চিঠি। লেখা হয়েছে তাঁকে উদ্দেশ্য করেই। ব্যাপারটি বেশ উপভোগ করেন এ শিল্পী, এটি বোঝা গেল তাঁর কথায়।

শাহনাজ বেলি
শাহনাজ বেলি

ভক্তের দেওয়া নেকলেস ফেরত দিয়েছিলেন শাহনাজ বেলি
দেশে ও দেশের বাইরে নিয়মিত শো করেন শাহনাজ বেলি। তবে দেশের বাইরের দুটি উপহারের কথাই বললেন। বেশ কিছুদিন আগে ওমানে গিয়েছিলেন গান গাইতে। দুটি গান গাওয়ার পরই সবার চোখ ফাঁকি দিয়ে একটা ছেলে মঞ্চে উঠে এসেছিলেন। বেলির হাতে তুলে দিয়েছিলেন ৩০ রিয়াল। পরে খোঁজ নিয়ে জেনেছিলেন, বাঙালি সেই তরুণ একজন ট্যাক্সিচালক। গলার চেইন বন্ধক রেখে ৩০ রিয়াল নিয়ে এসেছিলেন শাহনাজ বেলির জন্য।
বেলি বললেন, ‘এ রকম আরও একটা ঘটনা আছে। কাতারে গিয়ে এক ভক্তের পাল্লায় পড়েছিলাম। তিনি তাঁর বউয়ের জন্য কেনা নেকলেস এনেছিলেন আমাকে দেওয়ার জন্য। আমার সঙ্গে তখন কনকচাঁপা আপা ছিলেন। তাঁর সঙ্গে পরামর্শ করে সেটি ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। ওই ভদ্রলোক নাছোড়বান্দা। অনেক কষ্ট হয়েছে তাঁকে বোঝাতে।’

সালমা
সালমা

সত্যি সত্যি ‘তাবিজ’ পেয়েছিলেন সালমা
‘একটা তাবিজ বানায়া দে’ গানটি গেয়ে রীতিমতো হইচই ফেলেছিলেন সংগীতশিল্পী সালমা। কে জানত একদিন ভক্তের হাত থেকে সত্যি সত্যি তাবিজ পাবেন এই শিল্পী। সিলেটের এক ভক্ত তাঁকে সোনা–রুপার মিশ্রণে একটা তাবিজ বানিয়ে দিয়েছিলেন। সেই অনুভূতি প্রকাশ করে বললেন, ‘কোনো ভক্ত সত্যি সত্যি একটা তাবিজ বানিয়ে দেবেন, এটা আমার বিশ্বাস হয়নি। আমি মুগ্ধ হয়ে গেয়েছিলাম।’
তবে এই ঘটনার পরপরই আরও একটা ঘটনার কথা উল্লেখ করলেন এই শিল্পী। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে একটা কনসার্টে গিয়েছিলেন সালমা। পড়েছিলেন এক মহিলা ভক্তের কবলে। সেই মহিলা ভক্ত সালমাকে সামনে পেয়ে হাতের চুড়ি, গলার মালা, আঙুলের আংটি খুলে দিয়েছিলেন। সেই স্মৃতি মনে করে সালমা বললেন, ‘আমাকে সামনে পেয়ে উনি বারবার বলছিলেন, সালমা তোমাকে কী দেব কী দেব।’ তিনি এত উত্তেজিত হয়ে পড়েছিলেন যে কেঁদেকেটে অস্থির। তাঁর কথা আমার সারা জীবন মনে থাকবে।’

ইমরান
ইমরান

ডায়েরি পেয়ে চমকে উঠেছিলেন ইমরান
পাবনার একটা ঘটনা দিয়েই শুরু করলেন সংগীতশিল্পী ইমরান। সপ্তাহ দু-এক আগে পাবনাতে একটা শো করতে গিয়েছিলেন তিনি। সেখানেই এক ভক্তের কাণ্ডে মুগ্ধ হয়েছিলেন তিনি। সেই ঘটনা মনে করে বললেন, ‘আমি গান গেয়ে মঞ্চ থেকে নামব, ঠিক ওই সময় একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে একটা ডায়েরি উপহার দিলেন। আমি সানন্দে সেটা গ্রহণ করে গাড়িতে উঠলাম। তারপর গাড়িতে বসে ডায়েরিটা খুলে তো আমি অবাক। পুরো ডায়েরি জুড়ে আমার ছবি। বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন থেকে কেটে সেগুলো বিভিন্ন পাতায় লাগিয়ে দিয়েছেন। শুধু তা–ই নয়, আমার বিভিন্ন গানের ভিডিও থেকে স্থিরচিত্র কেটে, কনসার্টে গান গাওয়ার ছবি প্রিন্ট করে লাগিয়ে দিয়েছেন। আমাকে নিয়ে এত আগ্রহ দেখে আমি মুগ্ধ হয়েছি।’
ইমরান জানালেন, শুধু ওই মেয়ে নন, কনসার্টে গেলে অনেক ভক্তই উপহার নিয়ে আসেন। সে উপহারের তালিকায় আছে চকলেট, সুগন্ধিসহ অনেক কিছু।