ভক্তের মুঠোফোন কেড়ে রাস্তায় ছুড়লেন সালমান!

উদ্ধত আচরণের জন্য কুখ্যাতি আছে বলিউডের অভিনেতা সালমান খানের। সম্প্রতি আবারও তার প্রমাণ দিলেন ৪৭ বছর বয়সী এ ‘দাবাং’ তারকা। এক ভক্তের মুঠোফোন চেয়ে নিয়ে তা ছুড়ে ফেলে দিয়ে ফের নেতিবাচক খবরের শিরোনাম হলেন ‘ব্যাডবয়’ তকমা পাওয়া এ তারকা অভিনেতা।
বলিউডের প্রখ্যাত অভিনেতা দিলীপ কুমারকে দেখতে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে গিয়েছিলেন সালমান। কিন্তু হাসপাতাল প্রাঙ্গণে অসংখ্য ভক্ত ও সংবাদকর্মীর ভিড় দেখে অসুস্থ দিলীপ কুমারকে দেখার পরিকল্পনা বাতিল করেন এবং গাড়িতেই বসে থাকেন তিনি। এরপর গাড়ি ঘুরিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় এক ভক্ত অনুমতি না নিয়েই তাঁর ছবি তোলা শুরু করলে হঠাৎ প্রচণ্ড খেপে যান সালমান। গাড়ির জানালা খুলে ওই ভক্তের কাছ থেকে মুঠোফোনটি নিয়ে সজোরে ছুড়ে ফেলেন রাস্তায়।
সালমানের এমন রূঢ় আচরণ দেখে ওই ভক্ত এবং প্রত্যক্ষদর্শীরা বিস্ময়ে হতবাক হয়ে যান। সেখানে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনায় হতাশা প্রকাশ করে ওই ভক্ত বলেন, ‘সালমান মোটেও ঠিক কাজ করেননি।’