ভবিষ্যতে গানের অ্যালবাম বের করতে পারি: ফেরদৌস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌস
ফেরদৌস

১৯ সেপ্টেম্বর সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে মুরাদ পারভেজ পরিচালিত চলচ্চিত্র ‘বৃহন্নলা’। ছবিটিতে অভিনয় করেছেন ফেরদৌস। সম্প্রতি ‘বৃহন্নলা’ ছবির অডিও অ্যালবাম প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়। সেখানে ফেরদৌস কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
‘বৃহন্নলা’ ছবির গানগুলো কেমন লেগেছে?
অনেক ভালো। অনেক যত্ন নিয়ে গানগুলোর কাজ করা হয়েছে বলে আমার মনে হয়।
পর্দায় শিল্পীদের গাওয়া গানে ঠোঁট মেলাতে কেমন লাগে?
আমি গান ভীষণ ভালোবাসি। পর্দায় শিল্পীদের গাওয়া গানে ঠোঁট মেলানোর সময় মাঝে মাঝে ইচ্ছে করে নিজেই যদি গানটি গাইতে পারতাম!
গান কি কখনো গেয়েছেন?
মাঝে মাঝে গুন গুন করে গান গাই। গানের প্রতি আমার ভীষণ দুর্বলতা রয়েছে। ভবিষ্যতে গানের অ্যালবাম বের করতে পারি।
‘বৃহন্নলা’ সিঙ্গাপুরে দর্পণ চলচ্চিত্র উত্সবে মনোনীত হয়েছে। আপনার অনুভূতি কেমন?
আমার তো অনেক ভালো লেগেছে। ‘বৃহন্নলা’ ছবিটি দেখার পর জুরি বোর্ডের মুখে প্রশংসা শুনে আমি রীতিমতো মুগ্ধ। ১০ সেপ্টেম্বর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি, মুরাদ ও সাবা সিঙ্গাপুরে যাচ্ছি।

আপনার প্রযোজনায় নির্মিত ‘এক কাপ চা’ ছবিটি কবে মুক্তি পাবে?

রোজার ঈদের পরই ‘এক কাপ চা’ ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু ‘বৃহন্নলা’ মুক্তির কারণে আমি ‘এক কাপ চা’ ছবির মুক্তি পিছিয়ে দিয়েছি।