ভবিষ্যৎ যাঁর ভাবনায়

আকাশের রং নীল হয়। কিন্তু দ্য স্কাই ইজ পিঙ্ক ছবির আইশার আকাশের রং গোলাপি। নিজের ইচ্ছের রঙে অষ্টাদশী মেয়েটি রাঙিয়ে ছিল তার ছোট্ট আকাশ। সোনালি বোস পরিচালিত ছবিটি এক আবেগময় সফর। এই ছবির আইশা মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েও জীবনের প্রতি মুহূর্তকে উপভোগ করতে শেখায়। মৃত্যুও ছিনিয়ে নিতে পারেনি আইশার শেষ হাসি। দ্য স্কাই ইজ পিঙ্ক বক্স অফিসে সাফল্য না পেলেও হৃদয় ছুঁয়ে গেছে বারবার। এই ছবি জীবনকে নতুনভাবে দেখতে শিখিয়েছে। আইশার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন ফারহান আখতার ও প্রিয়াঙ্কা চোপড়া। প্রেরণাদায়ক বক্তা এবং লেখক আইশার ভূমিকায় ছিলেন জাইরা ওয়াসিম।
মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে বলিউডের নায়ক, তথা পরিচালক ফারহান আখতারের মুখোমুখি হতেই প্রথম প্রশ্ন উঠে এল—এই ছবি তাঁর জীবনদর্শন কতখানি বদলাতে পেরেছে। তিনি বলেন, ‘আমার জীবনকে অনেকখানি বদলে দিয়েছে এই ছবি। ছবিটি করার সময় আনন্দ ছবির একটা সংলাপ বারবার মনে পড়ছিল। সংলাপটি হলো ‘জিন্দেগি লম্বি নেহি, বড়ি হোনে চাহিয়ে (জীবনটা দীর্ঘ নয়, বৃহৎ হওয়া উচিত)। আমি এই সংলাপ গভীরভাবে অনুভব করেছি।’ দ্য স্কাই ইজ পিঙ্ক-এর পর ফারহান আরও উপলব্ধি করেছেন, মানুষের জীবনে সম্পর্কের গুরুত্ব কতখানি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিটি করার পর আমি অনুভব করেছি প্রতিটি সম্পর্কের গভীরতা। প্রতিটি সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। আর যেকোনো সম্পর্কে একে অপরকে সম্মান দেওয়া জরুরি। তাহলেই সেই সম্পর্ক আরও গভীরতা পায়।’ নিজের পরিবারের প্রসঙ্গে ফারহান বলেন, ‘আমি মনে করি, আমার সবচেয়ে বিশ্বাস, ভালোবাসা ও ভরসার জায়গা হলো আমার পরিবার। আমরা যখন ছোট ছিলাম, তখন আমাদের মা–বাবা আমাদের জন্য সময় বার করতেন। আজ হাজার ব্যস্ততার মধ্যেও তাঁদের সঙ্গ দেওয়ার চেষ্টা করি। তাঁরা আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেটা তাঁদের অনুভব করানোর প্রয়াস করি। আর আমি পরিবারের সবার সঙ্গে সবকিছু শেয়ার করি। এই নয় যে জোয়ার সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলি, তা বাবা-মায়ের সঙ্গে আলোচনা করা যাবে না।’ তবে ফারহান বাবা হিসেবে একদমই কঠোর নন বলে জানান।
দ্য স্কাই ইজ পিঙ্ক ছবিতে ফারহান তাঁর অষ্টাদশী মেয়েকে মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে দেখেছেন। ব্যক্তিগত জীবনে ফারহান কি কখনো এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? বললেন, ‘এ এক অন্য আবেগময় সফর। যার কথা ভাবলেই আমার বুক কেঁপে ওঠে। কারও সন্তানের জীবনে যেন এ রকম পরিস্থিতি না আসে। সন্তান চোখের সামনে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সন্তান এমন রোগের শিকার, যার কোনো চিকিৎসা নেই। ছবিটির চিত্রনাট্য শোনার সময় মনে হয়েছিল, খুব ভারী একটা ছবি। কিন্তু পরিচালক খুব সহজভাবে ছবিটি বানিয়েছেন। বিষয়টি খুব ভালো লেগেছিল। আর আমার স্থির বিশ্বাস যে এই ছবি মানুষকে প্রেরণা জোগাবে। আর জীবন যেকোনো দিনই শেষ হয়ে যেতে পারে। আজ আমরা সফলতার দৌড়ে শামিল হওয়ার ফলে ভুলে যাই যে আমাদের আশপাশে কত মূল্যবান সম্পর্ক আছে। আর একদিন সেই সব সম্পর্ক মুছে যাবে। তাই জীবনের প্রতিটা মুহূর্ত প্রিয়জনদের সঙ্গে উপভোগ করা উচিত।’ দ্য স্কাই ইজ পিঙ্ক ছবিতে ফারহানের বিপরীতে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। এর আগে ফারহানের পরিচালনায় ডন ছবিতে এই বলিউড নায়িকা কাজ করেছেন। দিল ধড়ক নে দো ছবিতে ফারহান এবং প্রিয়াঙ্কার জুটি দেখা গেছে। প্রিয়াঙ্কার সঙ্গে দ্বিতীয়বার পর্দা ভাগাভাগি নিয়ে ফারহান বলেন, ‘ডন ১ থেকেই আমাদের বন্ধুত্ব। আগে আমরা বাইরেও অনেক আড্ডা মারতাম। তাই প্রিয়াঙ্কার সঙ্গে আগে থেকেই একটা কমফোর্ট জোন ছিল। আর পর্দাতেও তা ফুটে উঠেছে।’
স্ত্রী অধুনার সঙ্গে ফারহানের ১৬ বছরের দাম্পত্য সম্পর্ক ভেঙে গেছে। আজও কি তিনি পেছনে ফিরে তাকান। ফারহান বলেন, ‘আমি ভবিষ্যৎ এবং বর্তমানে ভারসাম্য বজায় রেখে চলি। সময়ের সঙ্গে সঙ্গে উপলব্ধি করেছি বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি দেখেছি, ভালো কাজ এবং সফলতার মোহে অনেক কিছু আজ আমার জীবন থেকে হারিয়ে গেছে। এখন আমি অতীতের দিকে বেশি ফিরে তাকাই না। ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবনাচিন্তা করি। আর বর্তমানে আরও ভালো করে বাঁচার চেষ্টা করি।’ সফলতা-ব্যর্থতার প্রসঙ্গে ফারহান বলেন, ‘সফলতা সবাই মিলে উদ্যাপন করে। কিন্তু ব্যর্থ ব্যক্তির পাশে কেউ থাকে না। এই সময় আপনার পাশে সঠিক মানুষটির থাকা খুব জরুরি। যে আপনাকে সেই কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে পারবে। আর প্রত্যেকের জীবনে সফলতা ও ব্যর্থতা দুটোই আসে।’
পরিচালক হিসেবে প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন ফারহান। তাঁর পরিচালিত প্রথম ছবি দিল চাহতা হ্যায় জাতীয় পুরস্কার পায়। এরপর লক্ষ্য, ডন-এর মতো ছবি উপহার দিয়েছেন তিনি। কিন্তু দীর্ঘদিন পরিচালনা থেকে দূরে এই অভিনেতা। তার কারণ হিসেবে ফারহান বলেন, ‘আমি নানান সৃজনশীল কাজ করতে ভালোবাসি। তাই পরিচালনা বন্ধ করে অভিনয় শুরু করি। আবার অভিনয়কে থামিয়ে গান গাওয়া শুরু করি। আমার হিসাবে সবকিছুর সঠিক সময় আছে। তাই আমার অন্তর থেকে যখন যেটা করতে ইচ্ছে হয়, তখন সেটাই করেছি।’ ফারহানের বোন জোয়া আখতার পরিচালিত গালি বয় ছবিটি অস্কারে মনোনীত হয়েছে। আর তিনি এই ছবির অন্যতম প্রযোজক। বোনের এই সাফল্যে বেজায় খুশি বলিউডের এই নায়ক। তিনি উচ্ছ্বাসের সঙ্গে বলেন, ‘আমাদের ছবিকে নির্বাচনের জন্য “ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া”র কাছে আমি কৃতজ্ঞ। এখন সবে অক্টোবর। জানুয়ারিতে চূড়ান্ত মনোনয়ন হবে। এখন থেকে আমরা তার প্রস্তুতি নিচ্ছি। লস অ্যাঞ্জেলেসে ছবির প্রদর্শন যেন ভালোমতো হয় সেই চেষ্টাই করছি।’ সবশেষে উঠে এল ফারহানের ডন-এর সিক্যুয়েলের কথা। এই নিয়ে নানা গুঞ্জন বিটাউনের আকাশে-বাতাসে হামেশাই ভেসে বেড়ায়। ডন-এর প্রসঙ্গ উঠতেই ফারহান মুচকি হেসে বলেন, ‘ডন কো পকড়না মুশকিলই নেহি, না মুমকিন হ্যায়।’