ভয় তাড়াতে ভুতুড়ে ছবিতে

র্যাম্পের আলোচিত শিল্পী আইরিন। র্যাম্প দিয়েই পরিচিতি তাঁর। এরপর কাজ করেছেন টিভি নাটকেও। এখন চলচ্চিত্রেও কাজ করছেন। সম্প্রতি ভয়ংকর রাত নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আইরিন। গতকাল শুক্রবার ঢাকার প্রেসক্লাবে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এ প্রসঙ্গে প্রথম আলোকে আইরিন বলেন, ‘আমি এ পর্যন্ত যতগুলো ছবিতে অভিনয় করেছি সবই রোমান্টিক ঘরানার। কিন্তু এবারই প্রথম অন্য ধরনের একটি ছবিতে অভিনয় করছি। আমার নতুন ছবিটি ভৌতিক টাইপের। মজার ব্যাপার হচ্ছে, ভৌতিক ঘরানার ছবিতে অভিনয় করতে গেলেও আমি কিন্তু ভৌতিক ছবি দেখে খুব ভয় পাই। তাই রাতের বেলা আমি ভৌতিক ছবিগুলো দেখি না।’
ঈদুল আজহার পর পরই ভয়ংকর রাত ছবির শুটিং শুরু হবে। ছবিটির পরিচালক মাসুম বাদল। আইরিন এখন পুরোপুরি প্রস্তুতি নিচ্ছেন ভয়ংকর রাত ছবির শুটিং নিয়ে। আশা করছেন নতুন ছবিটির কাজ শুরুর পর ভৌতিক ছবি নিয়ে যে ভীতি আছে তা দূর হয়ে যাবে।
আইরিন অভিনীত প্রথম ছবিটির নাম প্রিয়তমা তুমি দাঁড়ি আমি কমা। দিন কয়েক শুটিং হওয়ার পরই ছবিটির কাজ বন্ধ হয়ে যায়। এ ছবিতে আইরিনের সহশিল্পী ছিলেন নিলয়। এরপর তিনি ভালোবাসা জিন্দাবাদ, ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল, টার্গেট, এই তুমি সেই তুমি, প্রেম ভালোবাসা নয় এবং টাইম মেশিন নামের ছবিগুলোয় অভিনয় করেছেন। এর মধ্যে শুধু দেবাশীষ বিশ্বাস পরিচালিত ভালোবাসা জিন্দাবাদ ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবিতে আইরিনের সহশিল্পী ছিলেন আরিফিন শুভ।