বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পুষ্পার্ঘ্যের মধ্যে সাজানো আলোকচিত্রে তিনটি মুখ জ্বলজ্বল করছে। বাঁয়ের ছবিটিতে কুমার রায়, ডানে তারাপদ মুখোপাধ্যায় আর মধ্যে সংগীতশিল্পী কলিম শরাফী। পাশেই সাজানো হয়েছে সংগীতশিল্পী কলিম শরাফীর কর্মজীবন নিয়ে চিত্রপ্রদর্শনী। সেই সঙ্গে মিলনায়তনে চলছে থিয়েটারের নাটক মেরাজ ফকিরের মা।‘ভরা থাক স্মৃতিসুধায়’ শিরোনামে কলিম শরাফী স্মরণে ২৭ ডিসেম্বর শুরু হওয়া এই নাট্যোৎসবের আয়োজন করেছিল নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল। শিল্পী হাসেম খানের উদ্বোধনের মাধ্যমে শুরু হয় সাত দিনব্যাপী এই উৎসব; আর ২ জানুয়ারি শেষ হয়েছে নাগরিক নাট্যাঙ্গনের নিজেদের নাটক বিবিসাব-এর শততম মঞ্চায়নের মধ্য দিয়ে। নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের আরেকটি নাটক যুগলবন্দি মঞ্চস্থ হয় উৎসবের প্রথম দিন। সেই সঙ্গে কলকাতার নাট্যদল বহুরূপীর নাটক দ্বীপদণ্ড ও ছাঁচ ভাঙা মূর্তি মঞ্চস্থ হয় দ্বিতীয় ও তৃতীয় দিন। এছাড়া পঞ্চম দিন প্রদর্শিত হয়েছে নাগরিক নাট্যসম্প্রদায়ের রক্তকরবী। জাতীয় নাট্যশালার লবিতে সেদিন ছোট ছোট জটলা। কেউ নাটক দেখবেন, তার আগে ঘুরে ঘুরে প্রদর্শনী দেখছেন। এর মধ্যেই খুঁজে পাওয়া গেল উৎসবের সমন্বয়কারী নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের সাধারণ সম্পাদক জামালউদ্দিন হেসেনকে। স্মরণ উৎসব সম্পর্কে তিনি জানান, ‘১৯৪৮ সালে কলকাতার বহুরূপী নাট্যদলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন কলিম শরাফী। এরপর ১৯৫০ সালে দেশে ফিরে বিভিন্ন সময় নাটক নিয়ে কাজ করেছেন তিনি। আর ১৯৯৭ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন আমাদের দল নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের সভাপতি। তাঁকে স্মরণ করতেই এই উৎসবের আয়োজন।’এ সময় কথায় কথায় আরও জানা গেল, নাট্য ব্যক্তিত্ব কুমার রায় ও তারাপদ মুখোপাধ্যায়ও ছিলেন সেই সময়ের বহুরূপী নাট্যদলের অন্যতম সদস্য। এই উৎসবে তাই তাঁদের স্মরণেও মঞ্চস্থ হয়েছে তাঁদের নির্দেশিত নাটক দ্বীপদণ্ড ও ছাঁচ ভাঙা মূর্তি । এই নাটকগুলো যে বেশ প্রশংসা কুড়িছে তা বোঝা গেল দর্শকসারিতে বসে থাকা শামীম আহমেদের কথায়, ‘একেবারে এই সময়ের কথা উঠে এসেছে বহুরূপী নাট্যদলের দ্বীপদণ্ড নাটকে। কীভাবে ধর্ম বিকিয়ে মানুষ ব্যবসা করছে, তার এক সুস্পষ্ট উদাহরণ হতে পারে নাটকটি।’আর বাংলাদেশের নাটক কেমন লেগেছে? এ প্রশ্নের উত্তর জানা গেল কলকাতার নাট্যজন দেবেশ রায় চৌধুরীর কাছে। থিয়েটারের মেরাজ ফকিরের মা দেখা শেষে বাংলাদেশের নাটক সম্পর্কে বেশ প্রশংসা ঝরল তাঁর কণ্ঠে, ‘সত্যি আমি খুব আনন্দিত বাংলাদেশের নাটক দেখে। কোথায় যেন একটা নাড়ির টান খুঁজে পাই আমি এ দেশের নাটকে। সব যেন আমার কথা আমারই সুর।’ অন্যদিকে উৎসবে অংশ নিতে পেরে বেশ তৃপ্ত বহুরূপীর সভাপতি সুমিতা বসু। তিনি বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতি আন্দোলনের পুরোধা ও আমাদের অকৃত্রিম বন্ধু কলিম শরাফী স্মরণ উৎসবে অংশ নিতে পেরে আমরা সত্যিই গর্ব বোধ করছি। কেননা, তিনি আমাদের দলেরও কর্মী ছিলেন।’