ভরা থাক স্মৃতিসুধায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর ভরাট কণ্ঠে রবীন্দ্রসংগীত কিংবা গণসংগীত শোনা যাবে না আর। ২ নভেম্বর সকাল থেকে তিনি নেই। তাঁর বারিধারার বাড়িটিতে এখন শোকের কালো রং।সেই মানুষটিকে নিয়ে কথা বলছি, যিনি সম্মাননা প্রাপ্তির এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘আমি সারা জীবনই দেশের জন্য, সংস্কৃতির জন্য কাজ করেছি। আমি সব সময়ই অন্যায়, অসত্য, অসুন্দরের বিরুদ্ধে কাজ করেছি।’ এবং তাঁর জীবনে সত্য হয়েছিল, ‘কী পাই নি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি’ গানটি। কাজ করেছেন প্রাণের আনন্দে, হিসাব মেলানোর চেষ্টা করেননি কখনো।কলিম শরাফী দল করেননি, কিন্তু রাজনীতি করেছেন। স্বদেশি আন্দোলনের প্রতি ঝুঁকে পড়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের ভয়রা ডিহি গ্রামে জন্ম নেওয়া মানুষটি। সেখানেই কাটালেন শৈশব-কৈশোর। এরপর চলে এলেন কলকাতায়। ভারতবর্ষ তখন ব্রিটিশবিরোধী আন্দোলনে ফুঁসছে। যুক্ত হলেন গান্ধীর অহিংস আন্দোলনে, এরপর নেতাজি সুভাষ বসুর আহ্বান হূদয়ে লাগাল দোলা। সাধারণ মানুষের মনে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দিতে ঘুরেছেন দেশজুড়ে। অনুভব করেছেন বঞ্চিত মানুষের হতাশ্বাস, সে হতাশা ঝেড়ে ফেলতে নিয়েছেন গানের আশ্রয়। যোগ দিয়েছেন ভারতীয় গণনাট্য সংঘে। দুর্ভিক্ষের সময় দলবেঁধে গেয়েছেন ‘নবজীবনের গান’, ‘বিচারপতি তোমার বিচার’ গানের সুরও মিশে গেল আন্দোলনের স্রোতধারায়। গ্রেপ্তার হয়েছেন ডিফেন্স অব ইন্ডিয়া অ্যাক্টে। জেলে বসেই গলা ছেড়ে গেয়েছেন রবীন্দ্রনাথের গান। সেই থেকে রবীন্দ্রনাথ তাঁর চিরদিনের আবাসস্থল। কারাবরণে বেড়েছে সাহস। আস্থা খুঁজেছেন, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’—রবীন্দ্রনাথের গানে।১৯৪৬ সালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছেন। কলকাতার রাস্তায় তখন হিন্দু-মুসলমানের রক্তাক্ত লাশ। সে সময় আশ্রয় পেয়েছেন দেবব্রত বিশ্বাসের বাড়িতে। ’৪৬ সালেই এইচএমভি থেকে তাঁর গণসংগীতের রেকর্ড বের হয়। কলকাতা বেতারের নিয়মিত শিল্পীও হন তিনি। এরপর আবদুল আহাদ ও সিকানদার আবু জাফরের আহ্বানে ঢাকায় এলেন ১৯৫০ সালে। রাষ্ট্রভাষা আন্দোলনের আবহ তখন ঢাকায়। এক অনুষ্ঠানে সুকান্তের ‘অবাক পৃথিবী’ গাওয়ার পর সরকারি গোয়েন্দারা পিছু নিল তাঁর। পালিয়ে থাকলেন কিছুদিন। পাকিস্তানবিরোধী আন্দোলনের সময় শেখ মুজিবুর রহমানকে দিয়ে একটি রেকর্ড উদ্বোধন করালেন তিনি। এইচএমভি থেকে বের হওয়া সেই রেকর্ডে গান করেছিলেন সন্জীদা খাতুন, ফাহমিদা খাতুন, আফসারী খানম, রাখী চক্রবর্তী প্রমুখ। পাকিস্তান সরকারের রবীন্দ্রবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ১৯৬৪ সালে ঢাকায় টেলিভিশন সেন্টার চালু হলে তিনি হন তার অনুষ্ঠান পরিচালক। অভিযোগ উঠল, তিনি রবীন্দ্রনাথের গান বেশি প্রচার করছেন। ইস্তফা দিলেন চাকরিতে।চলচ্চিত্রের কথা বলা হোক। সূর্যস্নান ছবিতে তাঁর গাওয়া ‘পথে পথে দিলাম ছড়াইয়া রে...’ গানটি এখনো সে যুগের মানুষকে স্মৃতিকাতর করে তোলে। সোনার কাজল নামে একটি ছবিও তৈরি করেছিলেন তিনি। রমেশ শীলের জীবনী নিয়ে তৈরি করেছেন তথ্যচিত্র।তবে তাঁকে সবচেয়ে বেশি খুঁজে পাওয়া যায় রবীন্দ্রনাথের গানে। বাংলাদেশে রবীন্দ্রসংগীতের পুরোধা ব্যক্তিত্বদের প্রথম সারিতেই তাঁর অবস্থান। রবীন্দ্রসংগীতশিল্পী সংস্থার সভাপতি ছিলেন, ছিলেন সংগীত ভবনের অধ্যক্ষ।তাঁকে বিদায় দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু তাঁর এ যাওয়ার অর্থ ‘প্রস্থান নয়’, তিনি বেঁচে থাকবেন তাঁর কাজের মধ্যেই, যা ভরা থাকবে ‘স্মৃতিসুধায়...’।