ভরা পূর্ণিমায় লালনের বাণী
‘লালনের হাল চষে যে জমি, সে জমি লালনের হয়ে যায়।’ প্রতীকী অর্থে বলেন বাউল সফি মণ্ডল। যোগ করেন, তাই তো আজ বিক্রমপুরে বসেছে সাঁইজির ভক্তদের মিলনমেলা। মানবপ্রেম যেখানে আছে, সেখানেই পৌঁছে যায় সাঁইজির বাণী।লালন সাঁইয়ের অনুসারী আর সাধুদের নিয়ে ২০০৪ সালে ছোট আকারেই শুরু হয়েছিল আয়োজনটি। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার দোসরপাড়া গ্রামে ইছামতী নদীর তীরে যে বটগাছ, সেটি ঘিরেই কয়েকজন লালনভক্ত সাধুসংঘের আয়োজন করেছিলেন। পরের বছর আয়োজনটা একটু বড় হয়। ২০০৬ সালে পূর্ণাঙ্গ আঙ্গিকে শুরু হয়ে যায় এ আয়োজন। জায়গাটার নাম হয়ে ওঠে লালন শাহ বটতলা। প্রতিষ্ঠা করা হয় পদ্মহেম ধাম। প্রতিবছর মধুপূর্ণিমা সাধুসংঘের আয়োজন বিস্তৃত হতে থাকে। ২২ অক্টোবর সন্ধ্যায় ঢাকা-মাওয়া মহসড়কে দ্বিতীয় ধলেশ্বরী সেতু পেরিয়ে গাড়ি যখন সিরাজদিখানের দিকে বাঁক নেয়, তখন টহল পুলিশ জিজ্ঞেস করে, কোথায় যাবেন? উত্তর, লালনের গান শুনতে। তারা তখন বলে, ও, আপনারাও যাবেন! পুরো পথেই দেখা যায় বটতলা অভিমুখে অসংখ্য মানুষ। আর আয়োজনস্থল লালন শাহ বটতলা লোকে লোকারণ্য। পাশের নদীতে ট্রলার নৌকায় যেমন জনস্রোত, তেমনি সড়কপথে প্রচুর মানুষ। এভাবেই বিরাট আয়োজনে ২২ ও ২৩ অক্টোবর জমে উঠেছিল পঞ্চম সাধুসংঘ।প্রতিবছরই এ আয়োজনে লালনসাধকদের অংশগ্রহণ বাড়ছে। প্রথম থেকেই কুষ্টিয়ার ছেউড়িয়াসহ সারা দেশের বাউল, সাধুরা আসেন এখানে। গত দু-তিন বছর হলো এ আয়োজন পেয়েছে আন্তর্জাতিকতা। এবার ভারত থেকে উল্লেখযোগ্যসংখ্যক বাউল এসেছিলেন।২২ অক্টোবর বাল্যগান দিয়ে শুরু হয়েছিল এই মধুপূর্ণিমা, সাধুসংঘ। এরপর চলে ২৪ ঘণ্টার অধিবাস, দৈন্যগান, গুরুকর্ম ইত্যাদি। লালনের বাণী মানে গানের মূল পরিবেশনা দুদিনই সন্ধ্যা থেকে শুরু হয়ে চলেছে ভোর পর্যন্ত। দরবেশ নহির শাহ, শামসুল ফকির, বুড়ি ফকিরাণী, রব ফকির, রাজ্জাক বাউল, সফি মণ্ডল, আরিফ বাউল, লতিফ সাঁই, গোলাপী, ওয়াজ শাহ্, রমজান ফকির, রিয়াজ শাহ্, বজলু শাহ্ ও বাউল তকবির হোসেন শাহ্ গানে গানে শোনান লালনের বাণী। তাঁদের সঙ্গে যোগ দেন আনুশেহ আনাদিল, সুমি আর রিংকু। ভারত থেকে এসেছিলেন খিজমত ফকির, মদন দাস বাউল, সোমেন বিশ্বাস, সম্রাট বাউলা, সুমন্ত দাস বাউল এবং বাউল ভজন দাস বৈরাগী। পদ্মহেম ধাম গানের স্কুলের খুদে শিল্পীদের পরিবেশনাও ছিল এবার।পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেন জানান, প্রতিবছরই এ আয়োজন বড় হচ্ছে, বাড়ছে দর্শক-শ্রোতার সংখ্যা। অনেকেই যাঁরা কুষ্টিয়া যেতে পারেন না, ঢাকার কাছে বলে তাঁরা চলে আসেন সাঁইজিকে নিয়ে করা এই আয়োজনে।এই আয়োজনটা যখন হয়, তখন থাকে ভরা পূর্ণিমা। জোৎস্না আর ইছামতীর জল যেন থইথই করে। সাঁইজির বাণীতে সব ধর্ম, সব শ্রেণীকে ছাপিয়ে যায় মানবধর্ম। ‘খ্যাপারে কেন খুঁজিস মনের মানুষ বল সর্বদা...’ শুনতে শুনতে কিছুক্ষণের জন্যও মানুষটাকে খুঁজতে ইচ্ছা করে। ইছামতীর পাড় ধরে দর্শক যখন ঘরমুখী হয়, তখন কিন্তু তার মনে মানবসেবা, মানবধর্মের কথাগুলোর অনুরণন হতে থাকে ঠিকই।