ভাংগা থিয়েটারের নাটক ‘কুমারগঞ্জের ইতিকথা’
ফরিদপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি নিয়ে ভাংগা থিয়েটার নির্মাণ করছে নিরীক্ষাধর্মী নাটক কুমারগঞ্জের ইতিকথা।নাটকটির ভাবনা ও পরিকল্পনা করেছেন ভাংগা থিয়েটারের প্রধান হাবিবুর রহমান। কুমারগঞ্জের ইতিকথার গল্প প্রসঙ্গে তিনি জানান, কুমারগঞ্জ থেকে ভাংগা নামকরণের ইতিহাস, তৎকালীন এবং বর্তমান সময়ের সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপট-জমিদারি ও ব্রিটিশ শাসনামল, স্বদেশি আন্দোলন, দেশ বিভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও দক্ষিণ অঞ্চলের লোকজ সংস্কৃতি, লোকজীবন, লোকাচারসহ সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় নানা উৎসব রয়েছে এই নাটকে।কবিগানের সুরে বর্ণনাধর্মী এ নাটকে দেশজ আঙ্গিক ব্যবহার করা হয়েছে। এখন চলছে শেষ সময়ের মহড়া। জানুয়ারি মাসে ভাংগা উপজেলা চত্বরের মুক্তমঞ্চে দর্শনীর বিনিময়ে নাটকটি মঞ্চায়নের পরিকল্পনা করা হয়েছে। পর্যায়ক্রমে গ্রাম থিয়েটারের সহযোগিতায় ফরিদপুর, ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় নাটকটির প্রদর্শনী হবে।নাট্য রচনা ও সম্পাদনা করছেন এম নিজাম ও সাইমন জাকারিয়া। নির্দেশনা দিচ্ছেন আবদুল্লাহ বিপ্লব।