ভাই আমার ভাই
‘সব সিরিয়াল চলে তারায় তারায়। আমাদেরটা কিন্তু সে রকম নয়।’ আলাপের শুরুতেই ছোট মুকিম মানে মুসাফির সৈয়দের বৈপ্লবিক ঘোষণা। ‘তারায় তারায়’ মানে, তাঁর ভাষায়, মাত্রাতিরিক্ত তারকামুখের উপস্থিতি। মুসাফিরের এ মন্তব্যের সত্যতা নিয়ে সন্দেহ থাকতে পারে, কিন্তু আশফাক নিপুন পরিচালিত ধারাবাহিক মুকিম ব্রাদার্স যে প্রায় তারকাহীন হয়েও আলোচিত, সেটা কিন্তু সত্যি। মুকিম ব্রাদার্স-এর এই জনপ্রিয়তার কেন্দ্রে আছেন দুই তরুণ মুসাফির সৈয়দ আর জাহিদুল হক (বড় মুকিম)। জাহিদুল হক নামটা যাদের অচেনা ঠেকল, তাদের বলে রাখি, তিনি আরজে অপু নামে খ্যাতিমান। পর্দায় ভাইয়ে ভাইয়ে রীতিমতো যুদ্ধ বাধিয়ে দিলেও বাস্তবে মুকিম ভ্রাতৃদ্বয়ের মধ্যে বেজায় দোস্তি। দুজনের মধ্যে একটাই বড় মিল—কারোরই অভিনেতা হওয়ার খায়েশ ছিল না কোনোকালে।জগতে যা যা কিছু করার আছে, তার প্রায় সবকিছুই করার চেষ্টা করেছেন মুসাফির। সেসবের কোনোটাই তাঁর সঙ্গে ঠিক ‘স্যুট’ করেনি। শেষমেশ বেছে নিয়েছেন নাটক-সিনেমার লাইন। কপাল খুলেছে সেখানেই। মোস্তফা সরয়ার ফারুকী ও রেদওয়ান রনি পরিচালিত এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি দিয়ে পেয়েছিলেন মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের মনোনয়ন। তারপর ফার্স্ট ডেট আর উচ্চতর শারীরিক বিজ্ঞান গড়ে দিয়েছে ক্যারিয়ারের ভিত।অপু ছিলেন গানের মানুষ। অর্থহীন ব্যান্ডের সুমনের সঙ্গে কাজ করতেন এককালে। পড়াশোনা শেষে বেছে নিয়েছিলেন গ্রাফিকস ডিজাইনের পেশা। এর মধ্যেই শুরু হলো এফএম রেডিও নিয়ে মাতামাতি। সেই মওকায় গানপাগল অপু পয়লা সুযোগেই নাম লিখিয়ে ফেললেন রেডিও ফুর্তির রেডিও জকির খাতায়। সে সূত্রেই পরিচয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে। স্রেফ ভাবনা-চিন্তার মিল আছে বলে প্রায়ই সন্ধ্যায় আড্ডা দিতেন আশফাক নিপুনের সঙ্গে। এর মধ্যেই একদিন নিপুনের ফোন, ‘আপনার জন্য একটা ক্যারেক্টার আছে, করবেন?’ ‘আমি আর কী বলব। বললাম, বস্, আপনি যেইখানে আমিও সেইখানে। ভেবেছিলাম, নিপুন আমাকে একটা ছোটখাটো চিকেন রোল দেবেন। সেখানে উনি আমাকে রীতিমতো বড়সড় বিফ রোল মানে ধারাবাহিকের প্রধান চরিত্র দিয়ে দিলেন।’ বলতে বলতে অপু দাঁত বের করে তাঁর বিখ্যাত ভালোমানুষি হাসিটা হাসেন (মুকিম ব্রাদার্স ও গোল্ডেন হারভেস্ট ফ্রেঞ্চ ফ্রাইয়ের বিজ্ঞাপনচিত্র দ্রষ্টব্য)। রেডিওর কাজে বেশি বেশি কথা বলতে হয় বলেই সম্ভবত অপু এম্নিতে কথা বলেন কম। আর মুসাফির সব সময় সরব। মুকিম ব্রাদার্স-এ অভিনয় করাটা নাকি তাঁর কাছে টেস্ট খেলার মতো। এত দিন এক দিনের ম্যাচ, মানে ৪০ মিনিটের নাটক করেছেন। মুকিম ব্রাদার্স দিয়ে হয়েছে তাঁর টেস্ট অভিষেক। অভিষেকটা যে মন্দ হয়নি, তার প্রমাণ পেয়েছেন সুদূর লক্ষ্মীপুরে গিয়েও। গিয়েছিলেন গুরু মোস্তফা সরয়ার ফারুকীর একটি বিজ্ঞাপনচিত্রের জন্য লোকেশন বাছাই করতে। এক পিচ্চি এসে হাজির, ‘আন্নে আমনের ভাইয়ের লগে খালি কিলাকিলি করেন কিল্লাই?’মুসাফির যতই তাকে হটাতে চান, পিচ্চি কিছুতেই পিছু ছাড়ে না, বারবার ওই একই কথা। বেশ খানিক পর মুসাফির বুঝেছেন, লক্ষ্মীপুরের বাসিন্দা এই নাবালক আসলে মুকিম ব্রাদার্স-এর একজন নিয়মিত দর্শক। অপুরা জন্ম থেকেই ঢাকার জিগাতলার বাসিন্দা। একদিন অপু বাড়ি থেকে বের হচ্ছেন, এর মধ্যেই একপা-দুপা করে এগিয়ে এলেন পাশের বাড়ির এক মুরব্বি। উৎসুক চোখ। ‘এটা কি মুকিম বাড়ি?’ ভদ্রলোকের জিজ্ঞাসা। তিনি ধরেই নিয়েছেন, অপু যেহেতু ওই বাড়িতে থাকেন, সেটাই আসলে মুকিম বাড়ি। নিজেকে এখনই অভিনেতা দাবি করতে চান না অপু। তবে এমন কিছু করতে চান, যে কাজ মানুষ মনে রাখবে অনেক দিন। আর ‘অভিনয়সৈনিক’ মুসাফির? মুখিয়ে আছেন হুট করে বড় কিছু করার প্রতীক্ষায়। নির্মাতা হওয়ার স্বপ্ন বুকে লুকানো। গোপনে লিখছেন কবিতাও। প্রথম কবিতার বইয়ের নামও ধার্য করে ফেলেছেন এরই মধ্যে—বৃষ্টিকে বলেছিলাম হাত ধর...