ভাই, একটা সেলফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের প্রেক্ষাগৃহে ‘পোড়ামন ২’ ছবি দেখতে যাওয়ার সময় প্রযোজকের সেলফিতে সিয়াম ও পূজা
ময়মনসিংহের প্রেক্ষাগৃহে ‘পোড়ামন ২’ ছবি দেখতে যাওয়ার সময় প্রযোজকের সেলফিতে সিয়াম ও পূজা

প্রেক্ষাগৃহের সামনে দাঁড়িয়ে হ্যান্ডমাইকে কথা বলছেন ঢালিউডের নবাগত নায়ক সিয়াম। সামনে তখন অগণিত ভক্ত। একপর্যায়ে দৌড় দিয়ে প্রেক্ষাগৃহে ঢুকে যেতে বাধ্য হন ‘পোড়ামন ২’ ছবির এই নায়ক। এর আগে শোনা যায়, ‘ভাই, একটা সেলফি। ভাই, একটা সেলফি।’ সঙ্গে ছিলেন এই ছবির নায়িকা পূজা ও প্রযোজক আবদুল আজিজ। দৃশ্যটা ময়মনসিংহের ছায়াবাণী প্রেক্ষাগৃহের সামনের দৃশ্য।

আজ শুক্রবার বিকেল থেকে ময়মনসিংহের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিয়াম ও পূজার এই ছবিটি। ঈদে মুক্তি পাওয়া এই ছবিটি এরই মধ্যে বেশ আলোচিত। ব্যবসায়িকভাবেও ছবিটি পেয়েছে সফলতা।

ময়মনসিংহের ছবিপ্রেমী দর্শকদের নিয়ে একসঙ্গে বসে প্রেক্ষাগৃহে ছবিটি উপভোগ করতে হাজির হয় ‘পোড়ামন ২’ ইউনিট। সেখানকার দর্শকেরাও নিরাশ করেননি। দল বেঁধে ছবিটি দেখতে আসেন অনেকে।

সিয়ামকে কাছে পেয়ে তাঁর এক ভক্ত নাকি বলে ফেলল, ‘ভাই, সালমান শাহকে দেখিনি, আপনাকে দেখলাম।’ এটি সিয়ামের জীবনের জন্য অন্য রকম অভিজ্ঞতা হয়ে থাকবে বলে জানালেন তিনি।

সন্ধ্যায় প্রেক্ষাগৃহে গেলেও সামনাসামনি নায়ক-নায়িকা সিয়াম ও পূজাকে একটিবারের জন্য দেখতে আগ্রহী দর্শকদের অপেক্ষা ছিল অনেকক্ষণের। গাড়ি এসে থামতেই অসংখ্য ছবিপ্রেমীর ভিড় জমে যায়।

উপস্থিত দর্শকদের উদ্দেশে সিয়াম বলেন, ‘আপনাদের সঙ্গে বসে ছবি দেখার জন্যই আমরা এসেছি। কে কে আমাদের সঙ্গে সিনেমা দেখবেন? তখন সবাই চিৎকার করে বলেন, “আমরা সবাই দেখব। ভাই, একটা সেলফি। ভাই, একটা সেলফি।” বলতে থাকেন সবাই। বিষয়টি আমার জীবনের সুন্দর মুহূর্ত হয়ে থাকবে।’

ঈদে মাত্র ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত ‘পোড়ামন ২’ ছবিটি। বিশ্বকাপের উন্মাদনাও এই ছবির সাফল্যকে ম্লান করতে পারেনি। সাফল্যের ধারাবাহিকতায় মুক্তির তৃতীয় সপ্তাহে এসে প্রেক্ষাগৃহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫। এর মধ্যে সাতটি প্রেক্ষাগৃহে একটানা তিন সপ্তাহ ধরে প্রদর্শিত হচ্ছে ছবিটি।