ভাই হারালেন জুহি চাওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত ভাইয়ের কফিনের সামনে কান্নায় ভেঙে পড়েন জুহি চাওলা
মৃত ভাইয়ের কফিনের সামনে কান্নায় ভেঙে পড়েন জুহি চাওলা

দীর্ঘ চার বছর কোমায় থাকার পর গতকাল রোববার পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন বলিউডের অভিনেত্রী জুহি চাওলার বড় ভাই ববি চাওলা। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। ভারতের মুম্বাইয়ে ববির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন জুহির বন্ধু ও সহকর্মীরা। তাঁদের মধ্যে ছিলেন শাহরুখ খান, দীপিকা, ফারাহ খান, সুজয় ঘোষ, অনুভব সিনহা, মধু প্রমুখ।

ববির মৃত্যুর মাত্র দুই দিন আগে মুক্তি পেয়েছে জুহি অভিনীত ‘গুলাব গ্যাং’ ছবিটি। এই প্রথম নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন জুহি। ছবিটিতে তাঁর অভিনয় বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে এক টুইটার বার্তায় জুহি চাওলা লিখেছেন, ‘এর চেয়ে আদর্শ চিত্রনাট্য আর কী হতে পারে! দেখেছেন, আমার ভাই কীভাবে তার চলে যাওয়ার সময়টাকে নির্ধারণ করেছে! আমাকে জীবনের সেরা উপহারটা দেওয়ার পরই কেবল সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছে। সে বেঁচে থাকতে আমার ‘‘গুলাব গ্যাং’’ ছবিটি মুক্তি পেয়েছে। এর চেয়ে বড় উপহার আমার জন্য আর কী হতে পারে!’

ববি চাওলার শেষকৃত্য অনুষ্ঠানে জুহিকে সান্ত্বনা দিচ্ছেন শাহরুখ
ববি চাওলার শেষকৃত্য অনুষ্ঠানে জুহিকে সান্ত্বনা দিচ্ছেন শাহরুখ



শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন ববি। ২০১০ সালে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় রাতের খাবার খাওয়ার সময় স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই থেকে কোমায় ছিলেন ববি। গতকাল রোববার ভোর সাড়ে ছয়টায় মুম্বাইয়ের যশোলোক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে পিটিআই।

এদিকে ববির মৃত্যুতে শোক প্রকাশ করে শাহরুখ খান টুইট করেছেন, ‘যখন কোনো ভালোবাসার মানুষ স্মৃতি হয়ে যায়, তখন সেই স্মৃতি মহামূল্যবান সম্পদে পরিণত হয়। আল্লাহ আমার বন্ধুর আত্মার মঙ্গল করুন।’

‘গুলাব গ্যাং’ ছবিতে জুহির সহ-অভিনেত্রী মাধুরী দীক্ষিত ববির মৃত্যুতে শোক প্রকাশ করে জুহিকে সান্ত্বনা দিয়েছেন। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘জুহি তাঁর ভাইকে হারানোয় আমি শোকাহত।’