ভাইকিংস ও 'রানআউট'

ভাইকিংস গত শতকের নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় ব্যান্ড। ২০০৩ সালের পর আর কোনো অনুষ্ঠানে দেখা যায়নি এই ব্যান্ডকে। ১০ বছর পর আবার ভাইকিংস গান করছে। তবে কোনো কনসার্ট কিংবা টিভির অনুষ্ঠানে নয়, ভাইকিংস গান গেয়েছে একটি ছবিতে। ছবির নাম রানআউট। পরিচালনা করছেন তন্ময় তানসেন। তিনি ভাইকিংস ব্যান্ডের অন্যতম সদস্য।
তন্ময় বলেন, ‘১০ বছর পর হলেও ভাইকিংস ব্যান্ডের লাইনআপে কোনো পরিবর্তন হয়নি। শুরু থেকেই আমরা হার্ড রক ধাঁচের গান করছি। রানআউট ছবিতেও হার্ড রক ধাঁচের গানই গেয়েছি। ছবির সব কটি গান গেয়েছে ভাইকিংস। আমাদের সঙ্গে দুজন অতিথি শিল্পী গান গেয়েছেন—এলিটা ও কনা।’
রানআউট ছবিটির শুটিং এখনো চলছে। ছবিটির অডিও অ্যালবাম প্রায় তৈরি হয়ে গেছে। তন্ময় জানান, এ বছর থার্টি ফার্স্ট নাইট থেকে অ্যালবামের গানগুলো শ্রোতারা শুনতে পাবেন। গানগুলো শোনা যাবে একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানটি এ সপ্তাহেই চূড়ান্ত হবে।
রানআউট ছবিতে অভিনয় করছেন সজল, মৌসুম নাগ, তারিক আনাম খান, মিশা সওদাগর, গৌতম সাহা, স্বর্ণা প্রমুখ।