ভাইয়ের বাড়িতে রোমানার বিয়ে

গায়েহলুদে রোমানা ও তাঁর স্বামী এলিন খান
গায়েহলুদে রোমানা ও তাঁর স্বামী এলিন খান

আবার বিয়ের পিঁড়িতে বসলেন মডেল, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোমানা খান। গতকাল শুক্রবার নিউইয়র্কে রোমানার ভাই রোমেলের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পাত্র নিউইয়র্কে বসবাসকারী ব্যবসায়ী এলিন খান। রোমানার বাবা ও মা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে গত ৬ আগস্ট নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে বেশ ঘটা করেই রোমানা ও এলিনের গায়েহলুদ সম্পন্ন হয়। নিউইয়র্কে বসবাসকারী সাংস্কৃতিক অঙ্গনের অনেক তারকাই গায়েহলুদ এবং বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছিলেন টনি ডায়েস, প্রিয়া ডায়েস, মডেল মিলা হোসেন প্রমুখ।
শনিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় রবিবার সকাল) নিউইয়র্কের ফ্ল্যাশিংয়ে ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০১ সালে ভালোবেসে রোমানা বিয়ে করেন উপস্থাপক আনজাম মাসুদকে। কিন্তু দু বছরের মাথায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এর পর রোমানা ২০০৪ সালে বিয়ে করেন ব্যবসায়ী সাজ্জাদকে। ২০১৩ সালে রোমানা ও সাজ্জাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তারপরই শোনা যায় তার সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী এলিনের সম্পর্কের কথা।