ভাওয়াইয়া অঙ্গন সপ্তম বর্ষে
সম্মেলক কণ্ঠের ‘ভাওয়াইয়া গান আর দোতারা বাঁশি’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় ভাওয়াইয়া গানের আসর। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ভাওয়াইয়া অঙ্গন তাদের সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। বিশেষ অতিথি ছিলেন লোকসংগীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। সভাপতিত্ব করেন ভাওয়াইয়া অঙ্গনের চেয়ারম্যান সালমা মোস্তাফিজ। স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন নাদিরা বেগম, মনিজা মোস্তাফিজ, রহিমা খাতুন, সালমা মোস্তাফিজ, রায়হানা বেগম প্রমুখ। শিল্পীরা ‘ফান্দে পড়িয়া বগা’, ‘ওকি গাড়িয়াল ভাই’, ‘ও মুই পালকিতে না চড়িম’, ‘নাইয়র আর না যাইম’, ‘ঐ ও মোর নয়া গরুর গাড়ি’ প্রভৃতি গান গেয়ে শোনান।অনুষ্ঠানে ভাওয়াইয়া অঙ্গনের পক্ষ থেকে ভাওয়াইয়া পদক প্রদান করা হয় ভাওয়াইয়া শিল্পী, গীতিকার ও সুরকার এ কে এম আবদুল আজিজ (মরণোত্তর) এবং তাঁর কন্যা শিল্পী নাদিরা বেগমকে। পদক প্রদান করেন মুস্তাফা জামান আব্বাসী। এ কে এম আবদুল আজিজের পক্ষে পদক গ্রহণ করেন তাঁর স্ত্রী রিজিয়া বেগম।