সমবেত কণ্ঠে ‘রংপুর হামার রঙে ভরা রে’ গাওয়া শিল্পীদের প্রায় সবাই এসেছিলেন রংপুর থেকে। ভাওয়াইয়া গানের সংগঠন ভাওয়াইয়া অঙ্গন-এর এক যুগপূর্তিতে উৎসবের আয়োজন করা হয়েছে। সে জন্য ‘ভাওয়াইয়া অঙ্গন ভাওয়াইয়া শিল্পীদের পরাণের পরাণ’ গেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেন তাঁরা।
গতকাল বিকেলে শিল্পকলা একাডেমিতে ছিল সংগঠনটির নবম ভাওয়াইয়া উৎসব। বিকেলে শোভাযাত্রার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের শব্দসৈনিক মাজহারুল ইসলাম এবং খ্যাতিমান গীতিকার হাসান মতিউর রহমান। সন্ধ্যার পর সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্পী রথীন্দ্রনাথ রায়। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা এ কে এম মোস্তাফিজুর রহমান ও সংগঠনটির বিভাগীয় শাখার সচিব ও শিল্পী রণজিৎ কুমার রায়। এবার ভাওয়াইয়া পদক দেওয়া হয় শিল্পী শরীফা রানীকে।
অনুষ্ঠানে একক ও সমবেত কণ্ঠে ভাওয়াইয়া গান পরিবেশিত হয়। ভাওয়াইয়া গানের সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণায় কাজ করে যাচ্ছে ভাওয়াইয়া অঙ্গন সংগঠনটি।