
মঙ্গার দেশ বলে পরিচিতি থাকলেও উত্তরাঞ্চল সমৃদ্ধ তার ভাওয়াইয়া গানের জন্য। লোকগানের যে বুকভরা আকুতি, তা এই গানের ভেতর রয়েছে ষোলো আনা। ‘ও কী গাড়িয়াল ভাই/ কত রব আমি পন্থের দিকে চাইয়া রে’ কিংবা ‘বাহাহাল করিয়া বাজান গো দোতারা/ সুন্দরী কমলা নাচে’ গানগুলোর গীতিকবিদের স্মরণে ঢাকায় আয়োজন করা হয়েছিল এক দিনের ভাওয়াইয়া উৎসবের। মহেশ চন্দ্র, আব্বাসউদ্দীন, কছিম উদ্দিন, হরলাল রায় ও আবদুল আজিজ—এই পাঁচ গীতিকবির গান দিয়ে সাজানো হয়েছে উৎসব।
গতকাল সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত উৎসবের শুরুতেই ছিল আলোচনা অনুষ্ঠান। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ। ভাওয়াইয়া গান নিয়ে আলোচনা করেন গবেষক জেসমিন বুলি, কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় ও নাদিরা বেগম।
রথীন্দ্রনাথ রায় বলেন, ‘ভাওয়াইয়া হালুয়া, জালুয়া, মৈষালদের গান। তাঁদের সারাটা দিন-রাত, জীবনের সব আনন্দ-বেদনা আর উৎসবের সঙ্গে এই গান জড়িয়ে আছে। কোচবিহার থেকে আসাম পর্যন্ত এই গানের বিস্তৃতি। যথাযথ সুর আর কথায় গাইতে পারলে এই গান যেকোনো মানুষকে স্পর্শ করে।’ পঞ্চ গীতিকবিকে নিয়ে তিনি বলেন, ‘এই গীতিকবিরা জাতিকে অনেক দিয়েছেন। কিন্তু আমরা তাঁদের সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না।’
আক্তারী মমতাজ বলেন, কিছু কিছু ব্যান্ড দল ভাওয়াইয়া গানকে নিজেদের মতো করে গাইছে। এতে গানের সুর হয়তো কিছুটা বদলে যাচ্ছে। কিন্তু বাণীগুলো পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে অবদান রাখছেন তাঁরা। লিয়াকত আলী বলেন, প্রতিটি মানুষের ভেতরের আলোকে জাগিয়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে শিল্পকলা একাডেমী। এরই ধারাবাহিকতায় এই ভাওয়াইয়া উৎসব। উন্নত, মানবিক ও সৃজনশীল দেশ গঠনে, সাংস্কৃতিক আন্দোলন গঠনে পুরো জাতিকে একসঙ্গে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানের শুরুতেই ‘দিনে রাইতে তাকং কান্দি’, ‘তুরসা নদীর উত্থাল-পাতাল’ গান দুটি শোনায় কুড়িগ্রামের শিশুশিল্পী বিপাশা পারভিন।