ভাওয়াইয়া উৎসবে ‘বিয়েবাড়ি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনেকে হলুদ মাখাতে হবে। মহা উৎসাহ নিয়ে এসেছে কনের সখী আর পাড়াপড়শিরা। হলুদ মাখানোর সঙ্গে চলছে ভাওয়াইয়া গীত। ‘হলদি না হলদি রে, বাঁশের তলকার হলদি, কায় আছে দরদি রে, দাদি আছে দরদি, তায় বাটপে হলদি।’ গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেন কনের দাদি। করতালিতে মিলনায়তন মুখর করে তোলে দর্শকেরা।গতকাল বিকেলে রংপুর টাউন হলে ভাওয়াইয়া উৎসবের দ্বিতীয় দিনে ছিল বিয়েবাড়ি নামের বিশেষ গীতিনৃত্যনাট্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নারায়ণ চন্দ্র বর্মা।‘বাহির করো বাহির করো রে অঞ্চলে ঘিরিয়া’ গীতের তালে তালে নববধূকে ঘর থেকে বের করে বসানো হয় মঞ্চে। বাড়ির আঙিনাজুড়ে টানানো হয়েছে শামিয়ানা। লালটুকটুক কনেকে ঘিরে মেতে ওঠে পাড়াপড়শিরা। চলে গীতের উৎসব।বর আসে। বরের সঙ্গে চলে কনের বান্ধবীদের রসিকতা। চলে আনন্দের উৎসব। একসময় কনেকে বিদায় জানানো হয়। কোনো এক অজানা-অচেনা মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলে যেতে হয় নববধূকে। এ সময় কান্নায় ভেঙে পড়েন নববধূ। তাঁকে যে যেতেই হবে। আর যেতে যেতে কনে গরুর গাড়িতে উঠে বাষ্পরুদ্ধ কণ্ঠে গইতে থাকেন, ‘আজ ধীরে বোলাও গাড়িরে গাড়িয়াল, আস্তে বোলাও গাড়ি, আর একনজর দেখিবার নাও মুই দয়ার বাপের বাড়িরে গাড়িয়াল আস্তে বোলাও গাড়ি...।’ এভাবেই শেষ হয়ে যায় বিয়েবাড়ি নামের এই গীতি আলেখ্য।মুঠোফোন কোম্পানি বাংলালিংকের সৌজন্যে ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠন সাউন্ড টাচের আয়োজনে তিন দিনব্যাপী উৎসবের আজ শেষ দিন।