সাজেদ ফাতেমীর গবেষণা ও পরিকল্পনায় শনিবার বাজারে এসেছে ভাওয়াইয়া গানের মিশ্র অ্যালবাম পূবাল বাতাস। এটি প্রকাশ করেছে লেজার ভিশন। আজ বিকেল সাড়ে পাঁচটায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে (দ্বিতীয় তলা) অ্যালবামটির মোড়ক খুলবেন আসাদুজ্জামান নূর। অ্যালবামে গান গেয়েছেন নাশিদ কামাল, নীলুফার বানু, রাওয়ানা মার্জিয়া, রহিমা খাতুন, পূর্ণ চন্দ্র রায়, হাবিব ও সাজেদ ফাতেমী। কথা হলো নীলুফার বানুর সঙ্গে। আপনি তো রবীন্দ্রসংগীতের শিল্পী হিসেবে পরিচিত। হঠাৎ ভাওয়াইয়া গান করলেন? পূবাল বাতাস অ্যালবামে আমি ‘ও মুই নাইওর আর না যাইম’ গানটি করেছি। আমাকে আসলে সবাই রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবেই জানে। তবে এবারই প্রথম ভাওয়াইয়া গানের অ্যালবামে কাজ করেছি। আমি তো ভাওয়াইয়া অঞ্চলের মানুষ, তাই প্রস্তাবটা পেয়ে রাজি হয়ে যাই। গানটির মধ্য দিয়ে সবাই আমাকে নতুন পরিচয়ে খুঁজে পাবে। আর শিগগির ভাওয়াইয়া ও পল্লিগীতির ওপর একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করব।আপনার একটি গান নাকি কলকাতার জি বাংলার অনুষ্ঠানেও ব্যবহার করা হয়েছে?হ্যাঁ। কিছুদিন আগে জি বাংলায় ড্যান্স বাংলা ড্যান্স প্রতিযোগিতায় আমার কণ্ঠে গাওয়া ‘আমি বাংলার গান গাই’ গানটি দুবার ব্যবহার করা হয়েছে। আমাকে তো তারা চেনে না। না চিনেই আমার গান এভাবে উপস্থাপন করায় আমি সম্মানিত বোধ করেছি। গানটির মূল শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তাঁর এই গানটি নিয়ে আমি একটি অ্যালবাম তৈরি করেছি। গান নিয়ে আপনার অভিজ্ঞতার কথা বলুন।১৯৮৯ সাল থেকে গান নিয়ে ফিনল্যান্ড, সুইডেন, জার্মানি, ফ্রান্স, স্পেন, নরওয়ে, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশ ঘুরেছি। এর মধ্যে ২০০৮ সালে কানাডার মন্ট্রিয়েলে প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে গান করার ব্যাপারটি উল্লেখযোগ্য। ওই অনুষ্ঠানে কানাডার পার্লামেন্টের বিরোধী দলের ব্যক্তিগত সহকারীও ছিলেন। এরপর কানাডার বিরোধী দলের নেতার আমন্ত্রণে পার্লামেন্ট ভবনে গান করার আমন্ত্রণ পাই। বিষয়টা আমার কাছে একেবারেই অবিশ্বাস্য ছিল। সেখানে আমি কোনো বাদ্যযন্ত্র ছাড়াই বাংলাদেশের জাতীয় সংগীত গেয়েছিলাম।