ভাওয়াইয়া গানের মেঠো সুরে মুগ্ধ দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার সন্ধ্যা। শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনের আলো নিভে যেতেই মঞ্চে তৈরি হলো লোকজ আবহ। সকাল হয়েছে। একটি বটগাছ দাঁড়িয়ে আছে। পাশেই কলাগাছের সারি। গাছের ফাঁকে লাল সূর্য উঁকি দিয়েছে। মঞ্চের পেছনের পর্দায় এবড়োখেবড়ো মেঠোপথের ছবি। গরুর গাড়িতে যাচ্ছে গাড়িয়াল। এমন পরিবেশে যখন ভেসে আসছিল বিরহী সুর ‘ওকি ও বন্ধু কাজল ভ্রমরা রে’ কিংবা ‘ও আরে ফুল ফুটিলে কাশিয়া কাটে রে’ ‘আরে ও নিদয়ার বন্ধু ধন’ গানগুলো তখন কখনো রাতজাগা গাড়িয়ালের কণ্ঠের ব্যাকুল আর্তি হয়ে আবার কখনো বা বিরহী বধূর আকুতির কথা বলছিল বারবার।উত্তরাঞ্চলের উঁচু-নিচু এবড়োখেবড়ো মেঠোপথের ভাঁজে ভাঁজে যে গান বাজে, যেখানে গান কখনো হয়ে ওঠে গাড়িয়ালের যাত্রাপথের ঘাম, বিরোহী বধূর না বলা কথা। মনের কান্নাভেজা আকুতি—তা-ই ভাওয়াইয়া। শুধু ভাওয়াইয়া গানকে নির্ভর করে একটি গানের দল প্রতিষ্ঠা হয়েছিল দুই বছর আগে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে গানের দল ভাওয়াইয়ার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে ছিল আলোচনা। সংক্ষিপ্ত সে আলোচনার পর গানের আসরের সূচনা হয় সংগঠনের পরিচালক শফিউল আলমের গাওয়া ‘ও মোর কালা রে’ ও ‘ওরে মুই বাজাং মোর সাধের দোতরা’ দিয়ে। পরে সংগঠনের সব শিল্পী আসেন মঞ্চে। দলের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘ওরে তুই কেনে ডাকিলু রিশা রাইতে মুরুগা’ এবং ‘আরে তুই বড় রসিয়া রাখাল বন্ধু রে’ গানটি। একক কণ্ঠে গান শোনান ফাহমিদা আলম, আবুল কালাম, জাকী মো. আহসান হাবিব, রিতা রানী সাহা, আমিনুল ইসলাম, প্রদীপ কুমার দেব শর্মা প্রমুখ। শোনা গেল, ‘থাকিয়া থাকিয়া দেওয়ার নাগাইছে ঝড়ি’, ‘ওরে ভাবের ছলে মজাইলেন মন’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’, ‘মনটায় মোর পিঠা খাবার চায়’ ইত্যাদি গান। মঞ্চে যখন ভাওয়াইয়া গানের পরিবেশনা, তখন মঞ্চের পেছনে গিয়ে শোনা গেল নূপুরের নিক্বণ। কেন? জবাব মিলল অনুষ্ঠানের শেষের দিকে। শফিউল আলমের গাওয়া ‘ও বাহে অইদগে মাইনেষর ফোসলামিতে’ গানটির সঙ্গে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীদের দলীয় নৃত্য পরিবেশনা ছিল এককথায় দারুণ।বিরহনির্ভর গান ও লোকজ বাদ্যযন্ত্রের সঙ্গে সেদিন ঘটেছিল আধুনিকযন্ত্রের মিশেল। মন হরণ করা সেই গানের বিচ্ছেদি সুরের জালে টানা তিন ঘণ্টা আচ্ছন্ন হয়েছিলেন দর্শক-শ্রোতা।