ভাওয়াইয়ার বিচ্ছেদি সুরে তন্ময় শ্রোতা
শীতের সন্ধ্যায় ভাওয়াইয়ার বেদনাবিধুর সুরে শ্রোতাদের তন্ময় করে রেখেছিলেন শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। আয়োজনটি ছিল তাঁর পিতা কিংবদন্তির শিল্পী আব্বাসউদ্দীনের স্মরণে। ৩০ ডিসেম্বর শিল্পী আব্বাসউদ্দীনের মৃত্যুবার্ষিকী। ১৯৫৯ সালে তিনি মারা যান। তাঁকে স্মরণ করে ভাওয়াইয়া অঙ্গনের উদ্যোগে গতকাল সোমবার কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজন করা হয়েছিল মুস্তাফা জামান আব্বাসীর একক ভাওয়াইয়া-সন্ধ্যা। সংগীতানুষ্ঠানের উদ্বোধন করেন শিল্পী অজিত রায়। অনুষ্ঠানে ত্রৈমাসিক সাময়িকী ভাওয়াইয়ার ষষ্ঠ বর্ষে পদার্পণের বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।মুস্তাফা জামান আব্বাসীর গান শুনতে গতকাল শ্রোতাসমাগমে মিলনায়তন ভরে উঠেছিল অনুষ্ঠান শুরুর আগেই। শ্রোতা-দর্শকদের শুভেচ্ছা জানান আয়োজক সংগঠন ভাওয়াইয়া অঙ্গনের নির্বাহী পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান। শিল্পীকে ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। শিশুশিল্পী মনিফা মুস্তাফিজ এই গুণী শিল্পীর উদ্দেশে পরিবেশন করে ‘মুস্তাফা জামান আব্বাসী শিল্পী সংগ্রাহক’ শিরোনামের একটি গান। এরপর শুধুই মুস্তাফা জামান আব্বাসীর গান। চটকা, দেহতত্ত্ব, বিচ্ছেদি—সব ধরনের গান ছিল তাঁর পরিবেশনায়। ‘ও কি একবার আসিয়া সোনার চান্দ মোর যাও দেখিয়া রে’ গেয়ে গানের ঝাঁপি খোলেন তিনি। তাঁর মনোমুগ্ধকর পরিবেশনায় আরও ছিল: ‘ওরে আগা নাও ডুব ডুব’, ‘ওরে ভাঙা ঘরত পড়ে থাকুম’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’, ‘ও কি গাড়িয়াল ভাই’, ‘ও কি ও বন্ধু কাজল ভোমরা রে’, ‘বাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে’, ‘নদীর নাম সই অঞ্জনা’ ইত্যাদি। শিল্পীর কণ্ঠ থেকে ভেসে আসা সুরে মিশে ছিল পল্লিবাংলার বিরহী-বিরহিনীর কান্নার আবেশ। সেই সুর গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল শ্রোতাদের অন্তর। শিল্পীর ক্যানভাসে অরণ্যে ফিরে যাওয়াগত অক্টোবর মাসে কুষ্টিয়ায় ভিন্নধর্মী একটি আর্ট ক্যাম্প হয়েছিল বেঙ্গল গ্যালারি ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায়। এ ক্যাম্প চেতনা কিংবা চরিত্রে অন্যান্য আর্ট ক্যাম্প থেকে ভিন্ন। দেশের অন্যতম প্রধান ১২ জন শিল্পী অরণ্যের জীবনদায়ী প্রভাব, সবুজের সমারোহ ও বৃক্ষহননের ক্ষতিকারক দিক তাঁদের তুলিতে প্রতিবিম্বিত করেছিলেন। শিল্পীরা ফিরে গিয়েছিলেন অরণ্যে। সেই ক্যাম্পে আঁকা ছবিগুলো নিয়ে গতকাল বেঙ্গল গ্যালারিতে শুরু হয়েছে তিন দিনের প্রদর্শনী। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে সোমবার ‘অরণ্যে ফিরে যাওয়া’ প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পী কাইয়ুম চৌধুরী, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মাঈনুদ্দীন ও বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন: কাইয়ুম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, হাশেম খান, রফিকুন নবী, কালিদাস কর্মকার, মাহমুদুল হক, শহীদ কবির, মনসুর উল করিম, ফরিদা জামান, নাসরিন বেগম, দিলারা বেগম ও কনকচাঁপা চাকমা। প্রদর্শনীর ছবিগুলো ছিল ‘বন’কে বিষয় করে আঁকা, যেখানে উন্মোচিত হয়েছে অরণ্যের অন্তর্নিহিত সৌন্দর্য। সারি সারি বৃক্ষের বিন্যাসে প্রাণের স্ফূর্তি। শিল্পী কাইয়ুম চৌধুরী তাঁর অ্যাক্রেলিকে আঁকা ক্যানভাসে অরণ্য ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়েছেন। এঁকেছেন তাঁর ভালোবাসার বন, যেখানে বাংলার বিখ্যাত ডোরাকাটা বাঘের উপস্থিতিও আছে। হাশেম খান এঁকেছেন সুন্দরবনের নদী ও জঙ্গল। রফিকুন নবীর ক্যানভাসে মূর্ত হয়েছে বনের বাঘ, সাপ, বানর, হরিণ এমনকি টিয়া পাখিও। প্রদর্শনী শেষ হবে আগামীকাল বুধবার।