ভাওয়াইয়ার সুরে মুগ্ধ দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাওয়াইয়া উত্সব উপলক্ষে গতকাল ভাওয়াইয়া অঙ্গনের শোভাযাত্রা  ছবি: প্রথম আলো
ভাওয়াইয়া উত্সব উপলক্ষে গতকাল ভাওয়াইয়া অঙ্গনের শোভাযাত্রা ছবি: প্রথম আলো

‘ওকি গাড়িয়াল ভাই’, ‘আব্বাসউদ্দীন তোমার তুলনা নাই’, ‘ওকি ও বন্ধু’,—এমন বেশ কিছু ভাওয়াইয়া গানে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন ভাওয়াইয়া অঙ্গনের শিল্পীরা। গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অষ্টম ভাওয়াইয়া উৎসবের আয়োজন করে সংগঠনটি।
এই উৎসবের আয়োজনে সকালে ছিল বর্ণাঢ্য শোভাযাত্র। এতে ভাওয়াইয়া শিল্পী ও অনুরাগীরা অংশ নেন। শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে প্রেসক্লাবের সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
সন্ধ্যায় অনুষ্ঠানে আলোচনা করেন সংগীতজ্ঞ আজাদ রহমান, শিল্পী মুস্তাফা জামান আব্বাসী, মাহফুজুর রহমান, সরকার মাহবুব প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে ধন্যবাদ জানান ভাওয়াইয়া অঙ্গনের চেয়ারপারসন সালমা মোস্তাফিজ।
অনুষ্ঠানে ত্রৈমাসিক সাময়িকী, ভাওয়াইয়া উৎসবসংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এবারের উৎসবে দোতরাবাদক অবিনাশ চন্দ্র শীলকে মরণোত্তর ও ভাওয়াইয়া গবেষক জেসমিন বুলিকে ভাওয়াইয়া পদক দেওয়া হয়।
পরে গান গেয়ে শোনান সাজু আহমেদ, সালমা মোস্তাফিজ, মনিফা মোস্তাফিজ প্রমুখ। সঞ্চালনা করেন সাহস মোস্তাফিজ।