‘ভাগ মিলখা ভাগ’ থেকে বাদ পড়েছিলেন ভিকি
বলিউডে তরুণ তারকাদের মধ্যে প্রথম দিকেই থাকবেন ভিকি কৌশল। বলিউডে তাঁর যাত্রা বেশি দিনের নয়। এর মধ্যেই অভিনয়দক্ষতায় প্রশংসা কুড়িয়েছেন এই তারকা। ক্যারিয়ারের প্রতিটি ছবিতে ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন।
‘মাসান’-এর ভিকিকে হয়তো অনেকেরই অচেনা। কিন্তু এই তরুণই ‘উরি’ ছবির ‘মেজর বিহান শেরগিল’। ‘মনমর্জিয়া’ ও ‘রামন রাঘব ২.০’–এর বেলায়ও একই কথা খাটে। ‘মনমর্জিয়া’ ছবিতে যেখানে রঙিলা নায়ক আবার ‘রামন রাঘব’-এ নেশাগ্রস্ত কড়া মেজাজের এক পুলিশ কর্মকতা ভিকি।
এই অভিনেতাকেও অডিশন থেকে বিদায় নিতে হয়েছিল! ‘ভাগ মিলখা ভাগ’ ছবি দিয়ে বেশ আলোচনায় আসেন বলিউড অভিনেতা ফারহান আখতার। এই ছবির অডিশনে ভিকির অভিনয় দেখে একটুও ভালো লাগেনি কাস্টিং ডিরেক্টর ও তাঁর টিমের। ফলাফল, ছবি থেকে বাদ পড়ে যান ভিকি। কী হয়েছিল সেদিন, সেই স্মৃতিই সম্প্রতি চারণ করেছেন ভিকি।
‘“ভাগ মিলখা ভাগ” ছবির জন্য অডিশন দিয়েছিলাম। তবে প্রধান চরিত্রের জন্য নয়, ছবিতে মিলখার বন্ধুর চরিত্রে অভিনয়ের জন্য চেষ্টা করেছিলাম। ছবির কাস্টিং ডিরেক্টর ছিলেন হরনীত তেহরান। আমাকে তিনি যথেষ্ট সুযোগ দিয়েছিলেন। এমনকি তাঁর অফিসেও ডেকেছিলেন। সেখানে গিয়ে ঘণ্টা তিনেক ধরে ছবির একাধিক দৃশ্যের অভিনয়ও করলাম। আমার যে হচ্ছিল না, সেটা বুঝতে পেরেছিলাম। তবু চেষ্টা করেছি। তবে শেষ পর্যন্ত বাদ পড়ি। সেদিন মনে হয়েছিল, আমাকে দিয়ে মনে হয় অভিনয়টা আর হবে না!’
সে যা–ই হোক। ভিকি যে এখন বলিউডের তরুণ তুর্কি, সে আর বলার অপেক্ষা রাখে না। আলিয়া ভাটের সঙ্গে তাঁকে দেখা যায় ‘রাজি’ ছবিতে। সেখানেও প্রশংসা কুড়িয়েছেন ভিকি কৌশল। চলতি বছরেও দুটি ছবি আছে ভিকির ঝুলিতে।