
পিকের পাগলামির কারণে এখন আলোচনার তুঙ্গে আনুশকা শর্মা। এ ছবির বাইরেও নানান কারণে আনুশকা থাকছেন খবরের শিরোনামেই। কিন্তু আলোচনা-সমালোচনা খুব একটা প্রভাব ফেলে না আনুশকার জীবনে। বরাবরই তিনি ভাগ্যের জোরে উতরে যান সব প্রতিকূলতা। তাই তাঁকে বলিউডের ভাগ্যবতী অভিনেত্রী বললে ভুল বলা হবে না। আনুশকার সেই সুপ্রসন্ন ভাগ্যের কথা শুনলে অনেকের চোখই উঠবে চড়কগাছ।
২০০৭ সাল। অডিশন চলছে বিধু বিনোদ চোপড়া প্রযোজিত ও রাজকুমার হিরানি পরিচালিত থ্রি ইডিয়টস ছবির। সবেমাত্র শুরু হয়েছে ছবির পরিকল্পনা পর্যায়ের কাজ। কয়েক শ তরুণী এসেছেন এ ছবির ‘পিয়া’ চরিত্রে অভিনয়ের জন্য। একে একে সবার অডিশন নেওয়া হলো। সেই অডিশনের টেপ গেল পরিচালকের

কাছে। কিন্তু কোনো নতুন মেয়েকেই ‘পিয়া’ চরিত্রের জন্য পছন্দ করলেন না হিরানি। ইচ্ছা ছিল নতুন কোনো অভিনেত্রী পেলে তাঁকে ছোট চুলে ছাঁটা এক নায়িকায় রূপ দিতেন তিনি। কিন্তু পরে ইচ্ছে আর পূরণ হয়নি। রাজু হিরানি ছুটে যান কারিনা কাপুরের কাছে। সে দফায় কারিনাই হন রাজুর থ্রি ইডিয়টস ছবির ডা. পিয়া।
এ গল্পের আড়ালে আছে ছোট্ট আরেকটি গল্প। ওই যে কয়েক শ তরুণীর অডিশনে একজনের নাম ছিল আনুশকা শর্মা! হ্যাঁ, ঘটনাটি সত্যি। সে সময় নায়িকা হওয়ার চেষ্টায় নানা জায়গায় অডিশন দিয়ে চলছিলেন আনুশকা। সেই ধারাবাহিকতায় তিনি থ্রি ইডিয়টস ছবির জন্য নিজের ভাগ্য যাচাই করেন। কিন্তু সেবার রাজু হিরানির নজরে আসেননি আনুশকা। কে জানত সেই আনুশকাই একসময় হয়ে যাবেন এই একই পরিচালকের নায়িকা ‘জগৎ জননী’!
অবাক করা ঘটনা শুধু এটাই নয়। থ্রি ইডিয়টস ছবির অডিশনে বাতিল হয়ে বাড়ি ফিরলেন আনুশকা। তাঁর মনে তখন একরাশ হতাশা ভর করেছিল। আনুশকার সঙ্গে তাঁর মাও সেই ব্যথায় সমান কাতর ছিলেন। মেয়ের হতাশা ঘোঁচাতে সব ধরনের চেষ্টা চালিয়ে যেতেন তিনি। রব নে বানা দি জোড়ি ছবির জন্য যখন তিনি অডিশন দেন, সে সময় নাকি কেউ একজন তাঁর মাকে বলেছিলেন, একটি নির্দিষ্ট দেবতার মূর্তি মেয়ের ঘরে এনে রাখলে তাঁর ভাগ্য খুলে যাবে। তেমনটিই করেছিলেন মা। ফলে সপ্তাহ না পেরুতেই তিনি বনে যান যশরাজ ফিল্মসের নায়িকা।
মাঝে একটা সময় আসে, যখন হঠাৎ ভাগ্যদেবী সঙ্গ ছাড়েন আনুশকার। সে সময়টায় একেবারেই যেন নিঃসঙ্গ হয়ে পড়েন এ অভিনেত্রী। ভাগ্যদেবী তাঁকে ছেড়ে যাওয়ার পর পুরো চেহারার নকশাই বদলে যায় আনুশকার!
তাঁর ঠোঁটগুলো হঠাৎই হয়ে ওঠে কিঞ্চিৎ অদ্ভুত। প্লাস্টিক সার্জারির গড়বড় তাঁকে অনেকের কাছেই হাসির পাত্রী বানিয়ে দেয়। সেই দুঃসময়েই আনুশকার জীবনে আসে আরেক পরিবর্তন। ভাগ্যদেবীর জায়গায় হয় বিরাট কোহলির আবির্ভাব। শুরু হয় নতুন গল্প। এরপর আনুশকার ‘গুডলাক চার্ম’ হয়ে দাঁড়ান ভারতীয় দলের এই খেলোয়াড়। বিরাট আসার সঙ্গে সঙ্গে তাঁর ক্যারিয়ারেও আসে আমূল পরিবর্তন। পিকে তো আছেই, সেই সঙ্গে আনুশকার ঝুলিতে আছে অনুরাগ কাশ্যপের বোম্বে ভেলভেট, জয়া আখতারের দিল ধাড়াকানে দো এবং নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবি এনএইচটেন। এসবের বদৌলতে এখন ঠোঁটের বেহাল দশার কষ্ট অনেকটাই কাটিয়ে উঠেছেন আনুশকা। তাঁর এখনকার স্লোগান তাই, ‘ঠোঁট নয়, দেখুন আমার অভিনয়’।
টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে ও এনডিটিভি অবলম্বনে