ভাগ্যবতী মাহি

প্রথমবারের মতো কমেডি ছবিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। জাকির হোসেন রাজু পরিচালিত ‘দবির সাহেবের সংসার’ ছবিটি আগামী ৪ এপ্রিল মুক্তি পাচ্ছে শতাধিক সিনেমা হলে। এখানে কাজের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মাহি। তাঁর বিপরীতে রয়েছেন বাপ্পি এবং নবাগত রোজ।
‘অগ্নি’র মতো ‘দবির সাহেবের সংসার’ ছবিটিও মুক্তির আগেই সাড়া ফেলেছে ইন্টারনেটে। বিশেষ করে ছবিটির ট্রেইলার প্রকাশিত হওয়ার পর ফেসবুকে রীতিমতো হইচই পড়ে গেছে। একের পর এক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে মাহি বলেন, ‘নিজেকে ভাগ্যবতী ছাড়া আর কিছুই বলতে পারছি না। আমার প্রত্যাশার চেয়েও যেন অনেক বেশি ভালোবাসা পাচ্ছি দর্শকের কাছ থেকে।’
মাহি এ-ও বলেন, ‘মনে হচ্ছে “দবির সাহেবের সংসার” সিনেমাটি নতুন মাত্রার এক বিনোদন দেবে দর্শকদের। এখানে সম্পূর্ণ নতুন আঙ্গিকে আমাকে দেখতে পারবেন দর্শকরা। শুধু গল্প কিংবা লোকেশন নয়, সিনেমার গানেও রয়েছে ব্যতিক্রমী ছোঁয়া। সব মিলিয়ে প্রত্যাশার পরিমাণ অনেক বেশি।’
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দবির সাহেবের সংসার’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন আলীরাজ। আরও অভিনয় করেছেন আলেকজান্ডার, আসিফ ইমরোজ, রেবেকা প্রমুখ।
শুরু থেকেই ভিন্ন ভিন্ন মেকআপ-গেটআপে দর্শকদের সামনে হাজির হয়েছেন মাহিয়া মাহি। সময়ের সঙ্গে সঙ্গে যেন সেই ধারাবাহিকতাই বজায় রেখে পথ চলছেন তিনি। পরপর তিনটি রোমান্টিক সিনেমা দিয়ে নিজের পথ সুগম করলেও প্রতিটি সিনেমাতেই যেন নিত্যনতুন মাহির দেখা মিলেছে।
শাকিব খানের বিপরীতে ‘ভালোবাসা আজকাল’ সিনেমায় মাহিকে দেখা গেছে নতুন সাজে। তিনি বাপ্পির সঙ্গে ‘তবুও ভালোবাসি’ এবং ‘কী দারুণ দেখতে’ সিনেমায়ও দর্শকদের আকৃষ্ট করেছেন ব্যতিক্রমী উপস্থাপনা দিয়ে। এর পরপরই ‘অগ্নিঝড়’। ‘অগ্নি’র আলোচনা শেষ হতে না হতেই এবার ‘দবির সাহেবের সংসার’ নিয়ে আলোচিত রাজশাহীর মেয়ে মাহি।