ভাঙল শিশুদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙল শিশুদের মিলনমেলা। শেষ হলো সপ্তাহব্যাপী শিশু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে গতকাল শুক্রবার ভাঙনের সুরে আনন্দের বার্তাও শোনালেন আয়োজকেরা। আগামী বছর আরও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে উৎসব। কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন উৎসব পরিচালক চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছিল চতুর্থ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব।সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হয় রচনা প্রতিযোগিতা ও শিশু নির্মাতাদের নির্মিত ছবির প্রতিযোগিতার ফল। রচনা প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে লালমনিরহাটের তাসনুভা নুসরাত ও ‘খ’ বিভাগে ঝিনাইদহের দিবা আফরোজ শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে। আর শিশু নির্মাতাদের নির্মিত চলচ্চিত্র বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছাড়াও দেওয়া হয়েছে দুটি বিশেষ পুরস্কার। প্রতিটি পুরস্কারের জন্য দেওয়া হয়েছে ক্রেস্ট, সনদ ও পরবর্তী ছবি বানানোর জন্য ২৫ হাজার টাকার আর্থিক সাহায্য। প্রথম পুরস্কার পেয়েছে রাসেল শেখের তোমরাই আমরা। দ্বিতীয় পুরস্কার রায়হান আহমেদের ব্লাইন্ড হোপ এবং তৃতীয় পুরস্কার পেয়েছে হেমন্ত সাজিকের সীমান্তের খোঁজে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুস্তাফা মনোয়ার, মুহম্মদ জাফর ইকবাল, সৈয়দ সালাহউদ্দিন জাকী, ইয়াসমিন হক প্রমুখ।