গতকাল শেষ হলো উচ্চাঙ্গসংগীত উৎসব। মঞ্চ ঘিরে ছিল দর্শক-শ্রোতার আকণ্ঠ পিপাসা। সুরের মূর্ছনায় কেবলই বিদায়ের সুর—ফিরে আসার আমন্ত্রণে। আজ থাকল দুজনের সাক্ষাৎকার ও কয়েকটি ছবি।কত্থকশিল্পীশাশ্বতী সেন ৪৫ বছর ধরে পণ্ডিত বিরজু মহারাজের কাছে তালিম নিচ্ছেন। কত্থকের তালিম শুরু করেন শ্রীমতী রেবা বিদ্যার্থীর কাছে।কত্থকে কীভাবে এলেন?—কিছু ভেবে শুরু করিনি। ছোটবেলায় দুষ্টুমি করতাম। কত্থক কেন্দ্র ছিল বাড়ির কাছেই। আমাকে রেবাদির কাছে নিয়ে সেখানে ভর্তি করে দেওয়া হলো। এরপর পণ্ডিত বিরজু মহারাজের কাছে কত্থক শেখার সুযোগ হয়। আজও পর্যন্ত তাঁর কাছেই শিখছি। তিনি আমাকে নিয়ে যেন কাদা থেকে মূর্তি গড়ে তুলেছেন। তাঁর পাশে থাকাটা সৌভাগ্যের ব্যাপার, তাঁর কাছে জীবনের সব পাঠ পেয়েছি। তিনি একই সঙ্গে সংগীতকার, নৃত্যশিল্পী, কবি এবং চিত্রকর।আপনার প্রথম পারফরম্যান্সের কথা মনে পড়ে?—পণ্ডিত বিরজু মহারাজের কাছে ২০ বছর তালিম নেওয়ার পর প্রথম আমি মঞ্চে উঠি। এটা ছিল যুক্তরাষ্ট্রে। সম্ভবত ১৯৭৩ অথবা ’৭৪ সালের দিকে। মঞ্চে উঠে ভয়ে কাঁপছিলাম। মহারাজজি বললেন, তুমি পারবে। তুমি মনে করো, তোমার সবকিছু সুন্দর। তোমার ‘চক্কর দেওয়া’ ভালো, তোমার পোশাক সুন্দর, তুমি নিজে সুন্দর, তোমার পারফরম্যান্সও ভালো হবে। এভাবেই তিনি আমাকে উৎসাহিত করেছিলেন।শিষ্যের কাছে তাঁর জ্ঞান রেখে যেতে পারলে সেটাই একজন গুরুর সবচেয়ে বড় পাওয়া...—মহারাজজি সব সময় আমাকে নিয়ে গর্ব করেন, এটা আমার সৌভাগ্য। আমিও চেষ্টা করছি, গুরুজির দেওয়া এই শিক্ষা ছড়িয়ে দেব কলাশ্রম স্কুলের শিক্ষার্থীদের মধ্যে।আপনি তো অনেক কোরিওগ্রাফি করেছেন।—সমসাময়িক বিষয়ের ওপর, যেমন ভ্রূণ হত্যা, নারী ইস্যু ইত্যাদির ওপর কোরিওগ্রাফি করেছি। আমি কখনো কত্থকের শৈলীর সীমাকে অতিক্রম করি না। রোমিও জুলিয়েট করেছি, সেটার মধ্যে ব্যালে ছিল, কিন্তু সেখানেও আমি কত্থকের বাইরে যাইনি। সাহিত্যের বিষয় নিয়ে নৃত্যনাট্য করাটা আমার পছন্দের জায়গা। সত্যজিৎ রায়ের সত্রঞ্জ কি খিলাড়িতে আপনি একক নৃত্যে অংশ নিয়েছেন...—এটা আমার জন্য একটা বড় অভিজ্ঞতা ছিল। এটা ছিল আমার শিল্পীজীবনের একটা বাঁক, এই ছবির পর আমি অনেক জনপ্রিয়তা পেয়েছি।দেবদাস চলচ্চিত্রে নৃত্যায়োজন করেছিলেন পণ্ডিত বিরজু মহারাজ। আপনি মাধুরীকে ওই নাচটি (কাহে ছেড় ছেড় মোহে) শিখিয়ে দিয়েছিলেন...—মাধুরী খুবই নিষ্ঠাবান অভিনেত্রী। অনেক পরিশ্রম করতে পারে। ও নিখুঁতভাবে সবকিছু তুলে নিতে পারে। আমিও হয়তো এত সুন্দর করে নাচটা ওঠাতে পারতাম না।পণ্ডিত বিরজু মহারাজ প্রকৃতির অনেক বিষয় নিয়ে আসেন নাচে। সে রকম একটা গল্প বলবেন?—একবার ক্রিকেট ফাইনাল হচ্ছে। সবার মন ক্রিকেটে। মহড়ায় মন নেই। তখন বিরজু মহারাজ বললেন, চলো, আমরা ক্রিকেটকে মহড়ায় নিয়ে আসি। এরপর তালে তালে ক্রিকেটের বল ছোড়া, ব্যাট করাকে নিয়ে এলেন মহড়ায়।উচ্চাঙ্গসংগীতমাশকুর আলী খান তিনি তাঁর বাবা ‘সারেঙ্গি নেওয়াজ’ শাকুর খানের কাছে তালিম নেন। বাবার মৃত্যুর পর আইটিসি এসআরএতে স্কলার হিসেবে যোগ দেন। বর্তমানে সেখানেই গুরু হিসেবে আছেন। কিরানা ঘরানার তালিম বিষয়ে জানতে চাই।—আমি খুব গর্বিত, ওস্তাদ ওয়াজিদ আলী খান, ওস্তাদ ওয়াহিদ খান, ওস্তাদ আব্দুল করিম খান যে ঘরে জন্মেছেন, আমিও সেই ঘরেই জন্মেছি। আব্দুল করিম খান, বড়ে গোলাম আলী খান, আমীর খান—এঁরা তিনজনই সারেঙ্গি শেখার পর উচ্চাঙ্গসংগীতে এসেছিলেন। আমার পূর্বপুরুষেরা রুদ্রবীণা শিখে গান শেখা শুরু করতেন। আমারও সেই সৌভাগ্য হয়েছে। সারেঙ্গি শিখে পরে গান শিখেছি।এই সারেঙ্গি শেখার প্রভাব কি কিরানার গায়কিতে পাওয়া যায়?—কিরানার গায়কিতে তিনটি অঙ্গের প্রভাব আছে। ধ্রুপদ, বীণা আর সারেঙ্গি।কিরানা ঘরানার শৈলী অনেক বড় বড় শিল্পী আত্মস্থ করেছেন...—অনেক বড় শিল্পীই কিরানা ঘরানায় এসে তালিম নিয়েছেন। যেমন, ওস্তাদ আমীর খানের মতো শিল্পী দ্বিতীয়বার আর জন্মাবে না। ওস্তাদ আমীর খান কিরানার আবদুল ওয়াহিদ খানের কাছে শিখেছিলেন। আমি মনে করি, তিনি তো আমাদেরই ঘরানার লোক। এই ঘরের কিরানা ঘরানার গভীরতাই আলাদা...আসলে আমরা ইমন, মারু বেহাগ, দরবারি, মালকোষ, মারোয়া, পুরিয়া, ললিত, মিয়াকি মল্লার—এই রাগগুলো গাইতে ভালোবাসি। এই রাগগুলোতে রাগের বিস্তার, আলাপ, সৌন্দর্য অনেক সুন্দর করে ফোটানো যায়। অজানা রাগগুলো আমরা অনেক জানলেও গাইতে পছন্দ করি না।কেমন লাগল উৎসবে এসে?—এই উৎসবটি অনেক বড় ব্যাপার। আমি ১৫ বছর ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের শেখানোর জন্য এ দেশে আসা-যাওয়া করছি। এই উৎসবে এত ভালো শ্রোতা পাব, তা ভাবিনি আগে। উচ্চাঙ্গসংগীত বুঝতে গেলে জানতে হয়। আর সেই জানার কাজে সাধারণ মানুষকে আগ্রহী করে তোলে এ ধরনের উৎসব।