ভাঙ্গাগড়ার উৎসব ও আমাদের আনন্দাশ্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মহিলা সমিতি মিলনায়তন বাংলাদেশের নবনাট্য আন্দোলনের কেন্দ্রভূমি হিসেবে ইতিহাসে বিবেচিত; এবং এই বিবেচনা সংগত। কেননা, বিগত চার দশক বাংলাদেশের নাট্যদলগুলোর উল্লেখযোগ্য প্রায় সব নাটক এই মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে। এ কথা বললে অত্যুক্তি হবে না, বাংলাদেশের নবনাট্য আন্দোলনের সিংহভাগ মঞ্চ সফল-অসফল এবং জনপ্রিয়-অজনপ্রিয় প্রযোজনাগুলো মহিলা সমিতির মঞ্চেই প্রথম মঞ্চায়ন করা হয়েছে।সেই মহিলা সমিতির সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রজন্মের নাট্যকর্মীদের জীবনের তিন যুগের অধিক আনন্দ-বেদনার সময়। আমাদের পরবর্তী প্রজন্মের নাট্যকর্মীদেরও অনেক স্মৃতি নিয়ে মহিলা সমিতি আজ স্ব-আসনে উদ্ভাসিত।সেই মহিলা সমিতি নতুন কালের দাবিতে নতুনভাবে গড়তে হবে—নির্মিত হবে। গড়তে হলে ভাঙতে হবে। তো, এই শরৎকালেই শুরু হলো সেই ভাঙা-গড়ার খেলা। গড়ায় আনন্দ, কিন্তু ভাঙায় তো কষ্ট। তাই ভাঙাগড়ার এই খেলায় আমাদের আনন্দাশ্রু। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আমাদের এই অনুভূতি নিয়ে আয়োজন করেছে ‘ভাঙ্গাগড়ার উৎসব’। পাঁচ দিনের এই উৎসবে গত শতকের সত্তরের দশক থেকে নতুন সহস্রাব্দের হাল সাল পর্যন্ত ৫০টি নাটকের খণ্ডাংশ অন্তর্ভুক্ত হয়েছে। শত শত নাট্যকর্মী আর দর্শকের উচ্ছ্বাস ও আনন্দে মহিলা সমিতি হঠাৎ যেন ফিরে পেল তার হূতগৌরব।স্বাধীনতা-পূর্বকালে ঢাকাসহ সমগ্র পূর্ব বাংলায় দর্শনীর বিনিময়ে নাটক মঞ্চস্থ হয়েছে, এ কথা সত্য। কিন্তু সেই মঞ্চায়ন কখনোই একটি পূর্ণাঙ্গ আন্দোলনে রূপ পায়নি। ১৯৫৬-৬২ সময়-পর্বে ঢাকার ড্রামা সার্কেল বেশ কিছু শিল্পোত্তীর্ণ নাটক করলেও ১৯৬২ সালের পর দলটির কাজ স্তিমিত হয়ে যায়।স্বাধীনতার পরপরই মূলত বাংলাদেশে দর্শনীর বিনিময়ে নবনাট্য আন্দোলনের সূত্রপাত। যেন মুক্তিযুদ্ধের রক্তাক্ত ভূমিতে এর বীজ উপ্ত হয়েছিল। ১৯৭২-এর ফেব্রুয়ারি মাসে পারাপার নাট্যগোষ্ঠী দর্শনীর বিনিময়ে কবির আনোয়ারের রচনা ও নির্দেশনায় জনে জনে জনতা নাটকের চারটি মঞ্চায়ন করে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে। তারপর এগিয়ে আসে বহুবচন। তারা মঞ্চায়ন করে সেলিম আল দীনের সর্পবিষয়ক গল্প নাটকটি। একই সময়ে দর্শনীর বিনিময়ে নাটক মঞ্চায়ন করে আরণ্যক নাট্যগোষ্ঠী ও নাগরিক নাট্যসম্প্রদায়। আরণ্যক মঞ্চায়ন করে মামুনুর রশীদের পশ্চিমের সিঁড়ি আর নাগরিক মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়ে রোঁ নাটকটি। ঐতিহ্যবাহী নাট্যদল ড্রামা সার্কেলও স্বাধীন বাংলাদেশে নাট্যচর্চা শুরুর মধ্য দিয়ে নতুনভাবে আত্মপ্রকাশ করে। কিন্তু দর্শনীর বিনিময়ে নিয়মিত নাট্য মঞ্চায়ন যেন অধরাই থেকে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মঞ্চকে কেন্দ্র করে নাট্যচক্রের সাংগঠনিক তৎপরতায় মূলত শুরু হয় নবনাট্য আন্দোলন, কিন্তু তা তো দর্শনীর বিনিময়ে নিয়মিত নাটক মঞ্চায়ন নয়। যদিও মুক্তিযুদ্ধ-উত্তর তরুণেরা প্রথা ও রীতিবিরোধী নাটক রচনা ও উপস্থাপনায় একটি নতুন যুগের ঘোষণা দিলেন নাট্যচক্রের নেতৃত্বে। আমরা পেয়ে যাই সেলিম আল দীনের জন্ডিস ও বিবিধ বেলুন, এক্সপ্লোসিভ ও মূল সমস্যা, করিম বাউয়ালীর শত্রু অথবা মূল মুখ দেখা, সর্পবিষয়ক গল্প; আল মনসুরের রোলার ও নিহত এল.এম.জি, বিদায় মোনালিসা; শাহনুর খানের পেন্ডুলামে খুন; সালাহউদ্দিন জাকীর অস্থির সুস্থিতি; আখতার কমলের রংহীন সিগন্যাল; জহির রায়হানের লেট দেয়ার বি লাইটসহ অসংখ্য নাটক। কিন্তু তা তো নিয়মিত মঞ্চায়ন নয়।১৯৭৩-এর ৩ ফেব্রুয়ারি ঢাকার ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে রোববার শীতের সকালে নাগরিক নাট্যসম্প্রদায় আলী যাকেরের নির্দেশনায় মঞ্চস্থ করল বাদল সরকারের বাকী ইতিহাস। নগরবাসীর কাছে অভাবনীয় সাড়া পেল নাগরিক। এর পরপরই আট রোববার সকালে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনপূর্ণ দর্শক উপভোগ করল বাকী ইতিহাস। এরপর তো বাকী ইতিহাস ইতিহাস হয়ে থাকল দর্শনীর বিনিময়ে নিয়মিত নাট্যচর্চার সাফল্যের মাইলফলক হিসেবে। ১৯৭৩-এ তখন ঢাকা থিয়েটার পল্টন ময়দানের দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত ঢাকা জেলা ক্রীড়া সমিতি মিলনায়তন সাফ-সুতোর করে নিয়মিত নাটক মঞ্চায়নের প্রস্তুতি নিচ্ছে।১৯৭৩-এর ৯ নভেম্বর ঢাকা থিয়েটারের দুটি নাটক—সেলিম আল দীনের সংবাদ কার্টুন এবং হাবিবুল হাসানের সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ মঞ্চায়ন শুরু হয়। পরপর ১৩ সপ্তাহ রোববার সকালে মাত্র দুই টাকা ও তিন টাকা দর্শনীর বিনিময়ে নাটক মঞ্চায়ন হতে থাকে। কবি শামসুর রাহমান, আল মাহমুদ, ফজল শাহাবুদ্দীন, বেলাল চৌধুরী, আবু জাফর ওবায়দুল্লাহর মতো বিদগ্ধ মানুষেরা ঢাকার নাটকের দর্শক। কবি শামসুর রাহমানের সম্পাদনায় ও শাহাদত চৌধুরীর পরিশ্রমে প্রকাশিত সাপ্তাহিক বিচিত্রা প্রচ্ছদ কাহিনির আয়োজন করল সংবাদ কার্টুন নাটক নিয়ে। সেটাই নাটক নিয়ে বাংলাদেশের সাপ্তাহিক পত্রিকায় প্রথম প্রচ্ছদ। নাটক নতুন উপাদান হিসেবে যোগ হলো মধ্যবিত্তের শিল্পভুবনে।এরই মধ্যে ঘটে গেছে ভিন্ন ঘটনা। বাকী ইতিহাস আট সপ্তাহ পরে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে আর মঞ্চায়ন সম্ভব হলো না। নাগরিক সন্ধান করছিল নতুন মঞ্চের। তারা পেয়েও গেল বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চ। কেননা, স্বাধীনতা-পূর্বকালে প্রমিথিয়ান নামের এক নাট্যগোষ্ঠী মহিলা সমিতিতে ইংরেজিতে অনিয়মিত নাটক মঞ্চায়ন করত। আর এই প্রমিথিয়ানের অন্যতম প্রধান শিল্পী ছিলেন সারা যাকেরের ভাই চিংকু, যিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নিখোঁজ হন। যাঁর সন্ধান আজ পর্যন্ত পাওয়া যায়নি।নাগরিকের কর্মীরা মহিলা সমিতির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাকী ইতিহাস মঞ্চায়নের সিদ্ধান্ত নিলেন। ১৯৭৩-এর জুন মাসের প্রথম সপ্তাহে মহিলা সমিতিতে বাকী ইতিহাস মঞ্চায়ন শুরু হয়। নাগরিকের সঙ্গে এসে যোগ দেয় ঢাকা থিয়েটার ও বহুবচন। নীরব-নিস্তব্ধ বেইলি রোড সরব হয়ে ওঠে নাট্যকর্মী আর দর্শকের আগমনে।১৯৭৪-এর এপ্রিলে থিয়েটার নাট্যগোষ্ঠী আবদুল্লাহ আল-মামুনের সুবচন নির্বাসনে নাটক নিয়ে নিয়মিত নাট্যচর্চা শুরু করে মহিলা সমিতিতে। তুমুল জনপ্রিয় হয় এই নাটক; দর্শকের আগ্রহ বাড়িয়ে দেয়। সারা দেশে নতুন নতুন নাট্যদল গঠিত হতে থাকে। গত শতকের সত্তরের দশক বিভিন্ন দলের বৈচিত্র্যপূর্ণ নাট্য প্রযোজনায় সমৃদ্ধ একটি দশক।তখন নাগরিকের ভেঁপুতে বেহাগ, সৎমানুষের খোঁজে, দেওয়ান গাজীর কিস্সা, শাহজাহান, বহিপীর; ঢাকা থিয়েটারের জন্ডিস ও বিবিধ বেলুন, মুনতাসীর ফ্যান্টাসী, কসাই, শকুন্তলা; থিয়েটার নাট্যগোষ্ঠীর এখন দুঃসময়, সেনাপতি, পায়ের আওয়াজ পাওয়া যায়; আরণ্যক নাট্যদলের ওরা কদমআলী, ইবলিশ, পশ্চিমের সিঁড়ি; বহুবচনের সর্পবিষয়ক গল্প, সভাপতি বলবেন, নিরঞ্জন ফিরে এসো, আমি রাজা হবো; নাট্যচক্রের স্পার্টাকাস, রাজায় রাজায় যুদ্ধ; ড্রামা সার্কেলের দান্তের মৃত্যু; কালান্তরের কবর, তিন রুস্তমের গল্প; পদাতিক নাট্য সংসদের সোজন বাদিয়ার ঘাট; সময় নাট্যগোষ্ঠীর ডেটলাইন ঢাকা; সুবচনের নিচুতলার মানুষ; প্রতিদ্বন্দ্বীর সাজানো বাগান; রঙ্গনার পাগলা কুকুর, আদম ব্যাপারী; সংলাপ থিয়েটারের নীলদর্পণ, শেষ আবিষ্কার; নান্দনিক নাট্যসম্প্রদায়ের বিনে পয়সার ভোজ, রক্তকরবী, শাস্তি; নাট্যফৌজের বাঘ ও পদাতিক, বিন্দু থেকে চেতনাসহ অনেক নাটক নির্মিত হয়। সে সময় মিনার্ভা থিয়েটার বাণিজ্যিক নাট্য মঞ্চায়নে সচেষ্ট ছিল। অনেক নাট্যদল ও নাটকের নাম উল্লেখ করা সম্ভব হচ্ছে না স্থান সংকুলান হবে না বিধায়। তাই সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি।এরপর গত শতকের আশির দশকে নাটকে এল নতুন জোয়ার, যা পরবর্তী দুই দশক ধরে অব্যাহত রয়েছে। এই দীর্ঘ সময়ে অনেক নতুন দলের জন্ম হলো। অনেক দলে ভাঙন দেখা দিল। কিন্তু মঞ্চ ভরে উঠল নতুন নতুন ফসলে।এ ছাড়া সময় নাট্যগোষ্ঠীর ভাগের মানুষ, একাত্তরের ক্ষুদিরাম; সুবচনের রাষ্ট্র বনাম, ক্ষুধিত পাষাণ, রূপবতী; লোকনাট্য দলের সোনাইমাধব, কঞ্জুস, পদ্মা নদীর মাঝি; ঢাকা পদাতিকের ইন্সপেক্টর জেনারেল, আমিনা সুন্দরী, তালপাতার সেপাই, ইংগিত, বিষাদসিন্ধু; থিয়েটার আর্ট ইউনিটের গোলাপজান, সময়ের প্রয়োজনে; দেশ নাটকের বিরসাকাব্য, দর্পণে শরৎশশী, নিত্যপুরাণ; প্রাচ্যনাটের সার্কাস সার্কাস, এ ম্যান ফর অল সিজন; নাট্যকেন্দ্রের বিচ্ছু, ক্রুসিবল, আরজচরিতামৃত; মহাকাল নাট্যসম্প্রদায়ের এ লাশ রাখবো কোথায়, জাহেন আলীরে ধর, বুদ্ধুরাম, ঘুম নেই; ঢাকা ড্রামার আমি গাধা বলছি; বাংলাদেশ থিয়েটারের সী মোরগ; নাট্যচক্রের জনক, ভদ্দরনোক; থিয়েটারের (আরামবাগ) রাক্ষুসী, সাত ঘাটের কানাকড়ি; থিয়েটারের (বেইলি রোড) এখনো ক্রীতদাস, দুই বোন, ঘরে বাইরে, কোকিলারা; নাগরিক নাট্যসম্প্রদায়ের কোপেনিকের ক্যাপ্টেন, অচলায়তন, গডোর প্রতীক্ষা, ঈর্ষা, রক্তকরবী; আরণ্যকের ওরা আছে বলেই, কোরিওলেনাস, ময়ূর সিংহাসন, জয়জয়ন্তী, নানকার পালা, রাঢ়াঙ; ঢাকা থিয়েটারের কীত্তনখোলা, কেরামতমঙ্গল, হাতহদাই, চাকা, যৈবতীকন্যার মন, বনপাংশুল, প্রাচ্য ও বিনোদিনী উল্লেখযোগ্য। উল্লিখিত নাটকের বিষয় ও আঙ্গিক বিবেচনায় আমরা দেখতে পাই, বাংলাদেশের নবনাট্য আন্দোলন মূলত তিনটি ধারায় প্রবাহিত হয়েছে। একটি ঔপনিবেশিক থিয়েটারের আদলে মৌলিক নাটক, দ্বিতীয়টি বিদেশি বা অনূদিত নাটক এবং তৃতীয়টি হচ্ছে ঐতিহ্যবাহী ও দেশজ নাট্যাঙ্গিকের আলোকে রচিত মৌলিক নাটক। এই তিনটি ধারাই আমাদের নবনাট্য আন্দোলন বেগবান করেছে।আর ওই তিনটি ধারা যে কয়েকজন নাট্যকারের রচনায় বিকশিত হয়েছে তাঁরা হলেন: প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীন, আবদুল্লাহ আল-মামুন, এস এম সোলায়মান, সৈয়দ শামসুল হক, মামুনুর রশীদ ও মমতাজউদদীন আহমদ। বিদেশি নাট্যকারদের মধ্যে শেক্সপিয়ার, মলিয়ের, ইবসেন, ব্রেখট, আন্তন চেখভসহ উল্লেখযোগ্য প্রায় সব বিদেশি নাট্যকারের নাটক মহিলা সমিতি মঞ্চে প্রদর্শিত হয়েছে। অনেক নাট্যনির্দেশক, অভিনয়শিল্পী, নেপথ্য কর্মী ও নাট্যদল—যাঁদের প্রাণান্তকর প্রচেষ্টা বাংলাদেশের নবনাট্য আন্দোলনের উদ্ভব ও বিকাশে ভূমিকা রেখেছে, তাঁদের নাম বক্ষ্যমাণ লেখায় স্থানাভাবে দেওয়া সম্ভব হলো না।নাটক মঞ্চায়নের পাশাপাশি মহিলা সমিতি নাটক ও সংস্কৃতিকর্মীদের বিভিন্ন জাতীয় আন্দোলনে সবিশেষ ভূমিকা পালন করেছে। অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিলের দাবিতে আন্দোলন, স্বৈরাচার ও মৌলবাদবিরোধী আন্দোলন এই মহিলা সমিতিকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল।গত শতকের আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রথম জাতীয় সম্মেলনগুলো এই মহিলা সমিতিতেই হয়েছিল। তাই মহিলা সমিতি শুধু নাটক মঞ্চায়নের জন্যই নয়, সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশ, জনগণ ও সাংস্কৃতিক কর্মীদের প্রতি মহিলা সমিতির সদস্যদের অবিচল আস্থাই ছিল এই সংহতির নেপথ্যে। বিশেষ করে তিন সদস্যের নাম না বললেই নয়। তাঁরা হলেন: প্রয়াত অধ্যাপক ড. নীলিমা ইব্রাহিম, প্রয়াত নারীনেত্রী আইভি রহমান ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।১২ সেপ্টেম্বর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত ভাঙাগড়ার নাট্যোৎসব ও প্রদর্শনী শেষে আমরা যখন মহিলা সমিতির আলো-আঁধারির অলিন্দ থেকে ফিরে আসছিলাম, তখন শ্রমিকের হাতুড়ি-শাবলের আঘাতে ওই মঞ্চের একটি একটি ইট খসে পড়ছিল আর আমাদের মনের কোটরে স্মৃতিকাতর আনন্দাশ্রু জমা হচ্ছিল। আশায় বুক বাঁধি, এই ভাঙনের শেষেই নতুন গড়ার আভাস। মাতৃস্বরূপা মহিলা সমিতিকে সেই পুরোনো অবয়বে আমরা আর পাব না। কিন্তু নতুন মহিলা সমিতি মঞ্চ আবারও নির্মিত হবে, আবারও এই প্রাঙ্গণ নাট্যকর্মী-দর্শকের যুগল পদচারণায় মুখরিত হবে—সেই প্রত্যাশায় চেয়ে আছি।