
নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার তারেক মাসুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়। তারেকের জন্মস্থান ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নূরপুর মহল্লার পৈতৃক বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই সাদা কাপড় দিয়ে তারেক মাসুদের সমাধিটা ঢেকে দেওয়া হয়। গোলাপ ও পাতা দিয়ে সমাধির মাঝখানে ভালোবাসার চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। ফুল দিয়ে সাজানো হয় সমাধি। বাড়ির আঙিনায় অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত হয় সঞ্চরণসভা। সবশেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকেলে ভাঙ্গার নূরপুর গ্রামে তারেক মাসুদের সমাধিতে যখন বিভিন্ন সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছিল, তখন তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ ঘরের বারান্দায় নির্বাক হয়ে বসে ছিলেন।
সঞ্চরণসভায় সভাপতিত্ব করেন তারেক মাসুদের সহধর্মিণী ও তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন ক্যাথরিন মাসুদ। ক্যাথরিন মাসুদ বলেন, ‘আমি আপনাদের ভালোবাসা নিয়ে সত্যিকার অর্থে তারেকের আদর্শে একটি সুন্দর ও সুষ্ঠু সমাজ গড়ে তুলতে কাজ করে যাব। আমি আপনাদের মধ্যে থাকতে চাই। চাই তারেকের স্বপ্নগুলো বাঁচিয়ে রাখতে, অসমাপ্ত কাজগুলো শেষ করতে। তারেক মাসুদের সহকর্মী দিলারা বেগম বলেন, ‘আমরা চেষ্টা করলে তারেক মাসুদের স্বপ্ন অনুযায়ী দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তারেক মাসুদ ছিলেন চলচ্চিত্রের ফেরিওয়ালা। বাংলাদেশের চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে হলে, তারেক মাসুদের নির্দেশিত পথে এগিয়ে যেতে হবে।’ ঢাকার তারেক মাসুদ সংস্কৃতিকেন্দ্রের সদস্য শহীদুল ইসলাম তারেক মাসুদের নামে ভাঙ্গায় একটি সড়কের নামকরণের দাবি জানান। অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান সুধীন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী আসাদুজ্জামান কবির, ভাঙ্গা পৌরসভার মেয়র আবু মো. ফয়েজ রেজা, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ কামাল আতাউর রহমান, তারেক মাসুদের ভাই হাবিবুর রহমান, ভাঙ্গা কে এম কলেজের অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালি প্রমুখ।
প্রসঙ্গত, আজ থেকে দুই বছর আগে ২০১১ সালের ১৩ আগস্ট তাঁর নির্মিতব্য চলচ্চিত্র কাগজের ফুল -এর শুটিং লোকেশন দেখে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জের জোকা নামকস্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন মারা যান।
মানিকগঞ্জে নানা কর্মসূচি
বক্তরা বলেন, তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর পর ঢাকা-আরিচা মহাসড়কের ১১টি ঝুঁকিপূর্ণ বাঁক প্রশস্ত এবং সেখানে সড়ক বিভাজক নির্মাণ করা হয়। এতে সড়ক দুর্ঘটনা আগের তুলনায় অনেকটা কমে গেছে। নিরাপদ সড়কের জন্য এ মহাসড়কটি চার লেনে উন্নীত এবং রেলপথ নির্মাণের দাবি জানান বক্তারা। এরপর সন্ধ্যায় জেলা শহরের সাবিস মিলনায়তনে তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র গেরিলা প্রদর্শন করা হয়।
শোক দিবসের অনুষ্ঠান
কাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার মাধ্যমে শুরু হবে কর্মসূচি। সন্ধ্যায় একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠান উদ্বোধন করবেন শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ। প্রথম দিনের সাংস্কৃতিক আয়োজনে বিকেল চারটায় নাট্যশালায় থাকবে চলচ্চিত্র প্রদর্শনী। বিকেল পাঁচটায় জাতীয় চিত্রশালায় বঙ্গবন্ধুকে নিয়ে আঁকা সপ্তাহব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন হবে। আর সন্ধ্যার উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে একক ও সমবেত কণ্ঠের গান, কবিকণ্ঠে কবিতাপাঠ, কবিতা আবৃত্তি ও নৃত্যনাট্য অনুষ্ঠিত হবে নাট্যশালায়।
অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন শুক্রবার সকালে জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হবে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিকেলে নাট্যশালায় অনুষ্ঠিত হবে চলচ্চিত্র প্রদর্শনী। সন্ধ্যায় একই স্থানে বসবে সাংস্কৃতিক পরিবেশনা।
জাতীয় জাদুঘর: জাতীয় জাদুঘর বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর তৈরি তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেছে। এ পর্যায়ে গতকাল মঙ্গলবার দেখানো হয় চারটি তথ্যচিত্র। এগুলো হচ্ছে: মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধু ও স্বাধীনতা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং ৭ মার্চের ভাষণ। আজ বুধবার দেখানো হবে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সতীর্থ এসো সত্যাশ্রয়ে: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’।