ভাটি বাংলার গানের উৎসব
‘ভাটি অঞ্চলে এখনো অসংখ্য বাউল গাঁও-গেরামে ঘুরে ঘুরে গান করেন। গ্রামের মানুষেরা সেই গানের সঙ্গে খুব পরিচিত হলেও নাগরিক সমাজ তার স্বাদ পায় না। আমরা সেই সব গানই শুনি শহুরে শিল্পীদের কণ্ঠে। নানা কণ্ঠ ঘুরে আসা এই গানগুলো তাঁরা রপ্ত করেছেন। সঙ্গে যোগ করেছেন সংগীতের আধুনিক সব যন্ত্র। ফলে হারিয়ে যায় আসল গানের স্বাদ, প্রকৃতির গন্ধ। আমরা আজ শহুরে মানুষদের সেসব গান শোনানোর আয়োজন করেছি।’ বললেন শাকুর মজিদ।ক্যাডেট কলেজ ক্লাব আজ আয়োজন করেছে ‘ভাটি বাংলা বাউল উৎসব’। গুলশানে ক্যাডেট কলেজ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্যোক্তা ও সমন্বয়কারী শাকুর মজিদ জানান, উৎসবের টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা। এ উৎসব থেকে পাওয়া অর্থ তুলে দেওয়া হবে ভাটি বাংলার বাউলদের।উৎসবে গান করবেন সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার বাউলেরা। এঁদের মধ্যে রয়েছেন আবদুর রহমান, রণেশ ঠাকুর, সিরাজউদ্দিন, সূর্য লাল, লিপি বিশ্বাস, ফারুক মিয়া প্রমুখ। তাঁরা শোনাবেন সৈয়দ শাহনূর, শেখ ভানু, দীনহীন, রাধারমণ দত্ত, হাসন রাজা, আরকুম শাহ, রশিদ উদ্দিন খান, উকিল মুন্সি, দুরবীন শাহ ও শাহ আবদুল করিমের গান।সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে বাউলগানের আসর। মাঝে আধঘণ্টার বিরতির পর রাত সাড়ে ১০টায় শুরু হবে সিলেটের ঐতিহ্যবাহী মালজুরা গান। চলবে মধ্যরাত পর্যন্ত।