ভাটি বাংলার বীর আখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের ৪০ বছরকে ঘিরে দেশে ও বিদেশে নানা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং এখনো হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে হয়ে গেল এক বিশাল কর্ম—এক মহা নাট্যযজ্ঞ। দেশের শতাধিক স্থানে মুক্তিযুদ্ধের নাটক নির্মাণ করা হলো। অধিকাংশ স্থানে তরুণ-নবীন নাট্যকার, নির্দেশক এবং বিশাল এক অভিনেতা বাহিনী এই নাট্যযজ্ঞের সঙ্গে সম্পৃক্ত। সম্পৃক্ত নিজ নিজ অঞ্চলের ছাত্র-শিক্ষক, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা। তারই উৎসব হয়ে গেল শিল্পকলা একাডেমীর সবগুলো মঞ্চ ঘিরে। মুক্তিযুদ্ধের মহান চেতনাকে মানুষ তথা নতুন প্রজন্মের মনোজগতে গভীরভাবে প্রোথিত করার জন্য এটি একটি মহতী উদ্যোগ। শিল্পকলা একাডেমীকেই ধন্যবাদ।সেই উৎসবের প্রথম সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় অভিনীত হলো হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর প্রযোজনা জ্যোতিসংহিতা। নাটকটি রচনা করেছেন রুমা মোদক। রুমা মোদক শিল্পকলা একাডেমীর এই নাট্যযজ্ঞে আরও নাটক লিখেছেন। তাঁর প্রায় সব নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। জ্যোতিসংহিতার নির্দেশনা দিয়েছেন বর্তমান সময়ের ব্যস্ত তরুণ নির্দেশক সুদীপ চক্রবর্তী। ব্যস্ত বললাম এ কারণে যে শুধু শিল্পকলা একাডেমীর উৎসবে নয়, ঢাকার মঞ্চে নিয়মিতভাবে সুদীপের একাধিক নাটক অভিনীত হচ্ছে এবং সবগুলোই মঞ্চসফল।জ্যোতিসংহিতা হবিগঞ্জের অভিনেতা-অভিনেত্রীদের দ্বারা অভিনীত। বর্ণনা ও সংলাপের মিশ্রণে নাট্যরীতির কঠিন ও সৃজনশীল সংগ্রামের সব ধাপ অভিনেতারা সাফল্যের সঙ্গে অতিক্রম করেছেন। সুদীপ চক্রবর্তীর অধিকাংশ নাটকই ভীষণ নান্দনিক শৃঙ্খলায় নির্মিত হতে দেখি। এই নাটকও ব্যতিক্রম নয়। দলগত অভিনয় এই প্রযোজনার উল্লেখযোগ্য দিক। সংগীত, নৃত্য, সংলাপ, মঞ্চ-উপকরণ ব্যবহার, আলোর এক সমন্বিত ফসল জ্যোতিসংহিতা। বর্ণনা ও সংলাপের মিশ্র রীতিটি ইতিমধ্যে আমাদের নগরায়তনিক নাট্যকারদের কাছে একটি সফল নাট্যরীতি হিসেবে পরিচিত। রুমা মোদক সেই আঙ্গিকেই রচনা করেছেন। নির্দেশক তা যথার্থই ভেঙে-চুরে মঞ্চ উপযোগী করেছেন। যাঁরা মঞ্চে বর্ণনা উচ্চারণ করেছেন, তাঁদের সাবলীলতাকে সাধুবাদ জানাই। তবে নাট্যকার কি বর্ণনা বিন্যাসে আরও সাবলীল শব্দ ব্যবহার করতে পারতেন না? এটা মনে হয়েছে কখনো কখনো। বর্ণনাকে মঞ্চে সঞ্চালন করা নির্দেশকের দায়িত্ব, এতে কোনো দ্বিধা নেই, কিন্তু নাট্যকার তাঁকে নানাভাবে সাহায্য করতে পারেন।জ্যোতিসংহিতা নাটকের প্রধান উপজীব্য বীর জগৎজ্যোতি দাস নিজেই এবং তাঁর দাস পার্টি। এটি অর্থাৎ জগৎজ্যোতির যুদ্ধগাথা কিংবদন্তি হয়ে ফেরে বাংলার ভাটি অঞ্চলে। এমন বীরের জীবন ও যুদ্ধ নিয়ে নাট্য প্রচেষ্টা অনেকটাই দুর্বোধ্য ও দুরূহ মনে করি। খানিকটা ঝুঁকিপূর্ণও। এই নাট্য প্রচেষ্টা যদি সাধারণ মানুষের মনে যে জগৎজ্যোতি দাসের বিদ্রোহী সুরের ব্যঞ্জনা গেঁথে আছে, তা থেকে ম্রিয়মাণ হয়, তবে তা দুঃখজনক। কারণ বীরের বীরত্ব এবং তার নেপথ্যে শিল্প নির্মাণ ও বিশ্বাসযোগ্যতা কখনো শিল্পীকে প্রতারণা করে। কিন্তু জ্যোতিসংহিতায় রুমা মোদক ও নির্দেশক সুদীপ চক্রবর্তী সফল। মঞ্চে আমরা পেয়েছি একজন মুক্তিযোদ্ধার জন্ম, তারুণ্য ও ক্রমাগত উত্থান। এই উত্থানে জগৎজ্যোতির সঙ্গে যুক্ত হয়েছে গণমানুষ। সেই গণমানুষের মুক্তিই ছিল যোদ্ধা জগৎজ্যোতি দাসের মূলমন্ত্র। নাটকে জাল দিয়ে শত্রু হনন, পলো দিয়ে রাজাকার বধ, মুখোশের নাট্যিক ব্যবহার খুব উপভোগ করেছে দর্শক। তবে যুদ্ধ চলেছে মঞ্চে অবিরাম। কিন্তু সর্বক্ষণ পেছনে, নেপথ্যে অথবা অন্য কোথাও ভাটি অঞ্চলের মানুষের সংগ্রামী জীবন ও সংস্কৃতির চিত্র হারিয়ে যায়নি কখনো। রুমা মোদক, সুদীপ চক্রবর্তী ও প্রযোজনা সমন্বয়কারী শান্তনুসহ সব কুশীলবকে ধন্যবাদ এমন একজন বীরের আখ্যানের শিল্প নির্মাণের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং আমাদের দর্শন-শ্রবণকে যুক্ত করার জন্য।আমি মনে করি, দেশব্যাপী মুক্তিযুদ্ধের এমন অনুল্লেখ্য বীরত্বগাথা উন্মোচন করে দেহ সংলাপ, সংগীত ও নৃত্যের ভাষায় তা মানুষের মধ্যে তুলে ধরলে বাংলা নাট্যচর্চা সমৃদ্ধ হবে, সেই সঙ্গে ইতিহাসের সত্য ও শিল্পের দায় মিলে মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক চেতনা শিল্পকর্মে উজ্জ্বল হয়ে থাকবে হাজার বছর। [email protected]