
সুবচন নাট্য সংসদের সাম্প্রতিকতম প্রযোজনা প্রণয় যমুনা। সুনীল গঙ্গোপাধ্যায়ের রাধাকৃষ্ণ অবলম্বনে এ নাটকটি রচনা করেছেন আসাদুল ইসলাম। নির্দেশনা দিয়েছেন তরুণ নাট্যনির্দেশক সুদীপ চক্রবর্তী। প্রণয় যমুনার উদ্বোধনী মঞ্চায়ন হয়ে গেল ২ সেপ্টেম্বর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। হলভর্তি দর্শক সমাগমই বলে দেয় প্রযোজনাটি নিয়ে নাট্যামোদী মহলে কী পরিমাণ আগ্রহের সৃষ্টি হয়েছিল। এই আগ্রহের নানাবিধ কারণ রয়েছে। প্রথমত, রাধাকৃষ্ণের আখ্যান শতাব্দীর পর শতাব্দী ভারতীয় উপমহাদেশের (হালে পশ্চিমা বিশ্বেও) মানুষকে ভক্তিরসে ও কামরসে (এখানে ‘প্রেমলীলা’ বলাই সংগত হবে) সিক্ত করে চলেছে। আগ্রহের দ্বিতীয় কারণটি হলো, সুবচনের প্রযোজনা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় আধুনিক মঞ্চে এই আখ্যান কী রূপ ধারণ করতে পারে, তা দেখা।
প্রণয় যমুনা প্রবহমান এক প্রণয়োপখ্যান। মানব-মানবীর প্রেম ও সাম্প্রতিক বিশ্ববাস্তবতার বয়ান দিয়ে নাটক শুরু করেন নাট্যকার আসাদুল ইসলাম। ভূমিকার মতো মনে হলেও নাতিদীর্ঘ সূচনাবাক্যসমূহ দর্শককে নাট্যের গভীরে প্রবেশ করার পথ তৈরি করে দেয়। ফলে খুব সহজেই আমরা দর্শকেরা প্রণয় যমুনার স্রোতে উথাল-পাথাল হতে থাকি। প্রায় ঘণ্টা দেড়েকের উথালি-পাথালি শেষে আমরা থিতু হই। বুঝবার চেষ্টা করি, আমাদের হৃদয়ে কতটা পলির সঞ্চার করতে পেরেছে সুবচন, আর কতটা ব্যর্থ হয়েছে।
প্রণয় যমুনা অর্থাৎ রাধাকৃষ্ণের আখ্যান সম্পর্কে নতুন কিছু বলার সুযোগ নেই। কারণ, এ দেশের মানুষের এ কাহিনী জানা। রাধাকৃষ্ণের পদাবলি-কীর্তন শোনেননি এমন মানুষ এ দেশে পাওয়া মুশকিল। অতিপরিচিত এই আখ্যান যখন নতুনভাবে সুদীপ চক্রবর্তীর মতো প্রতিভাবান কোনো নির্দেশক মঞ্চে নতুনভাবে তুলে আনতে চান, তখন মনে যে প্রশ্নটা জাগে, তা হলো—কেন? সুদীপ-আসাদ কি কোনো নতুন ভাবনা, নতুন ব্যাখ্যা দাঁড় করাতে চান? নতুন ব্যাখ্যা যে থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই। তবে ‘সাম্প্রতিক বিশ্ববাস্তবতা’র কথা দিয়ে যে নাটকারম্ভ হয়, বাস্তবানুগভাবে তাকে শেষ পর্যন্ত বিস্তৃত করতে পারলে প্রযোজনাটি আরও শক্তিশালী এবং প্রাসঙ্গিক হয়ে উঠতে পারত।
দর্শকমন্দার এই সময়ে প্রণয় যমুনা নিঃসন্দেহে দর্শকদের মনোযোগ কাড়তে এবং হলমুখী করতে সহায়ক হবে। প্রযোজনাশৈলীর দিক থেকে এ নাটকটি সাধারণ হয়েও অসাধারণত্ব লাভ করতে সক্ষম হয়েছে। সুদীপ এক সহজিয়া ভঙ্গিতে আধুনিক নাট্যের সব ধরনের প্রপঞ্চের সমাহার ঘটিয়েছেন প্রণয় যমুনায়।
এ নাটকের প্রধান অঙ্গ এর সংগীত। সংগীত ও আবহ রচনায় আমিরুল ইসলাম দারুণ কাজ দেখিয়েছেন। আবহ রচনায় প্রাচ্যের যন্ত্রানুসঙ্গে কখনো কখনো তিনি বিশ্বজনীনতার ছাপ রাখতে সক্ষম হয়েছেন বেশ সফলভাবেই। সুদীপের মঞ্চপরিকল্পনায় ঐতিহ্য ও আধুনিকতার অসাধারণ সংমিশ্রণ ঘটেছে। পটচিত্রের মোটিফ বড় বড় পর্দায় উইংস আকারে ব্যবহার করে তিনি ভিন্নমাত্রা দিয়েছেন প্রণয় যমুনাকে। সেট যেমন দুর্দান্ত, তেমনি তার নানামাত্রিক ও স্থানিক ব্যবহারও অসাধারণ। তবে সেট পাল্টানোর সময় অভিনয়শিল্পীদের মানসিকভাবে অনেক বিযুক্ত মনে হয়েছে। মনে হয়েছে তাঁরা যেন এ কাজটি করছেন আজ্ঞাবহভাবে। তাঁদের সপ্রাণ সংযুক্তি থাকলে বিষয়টি চোখে লাগত না। প্রয়োজনে সেট পাল্টানোর সময় তাদের কণ্ঠে সংগীতেরও ব্যবহার করা যেতে পারে। একটি উদাহরণ দেওয়ার লোভ সামলাতে পারছি না। গত শতাব্দীর আশির দশকে কামালউদ্দীন নীলু নির্দেশিত বিপ্লবগাথা নাটকে সেট পরিবর্তনের নাটকীয় ব্যাপারটি অবিস্মরণীয় হয়ে আছে। কণ্ঠসংগীত, মুভমেন্ট ও কোরিওগ্রাফির সংযোগে সেট পাল্টানোর সেই ধুন্ধুমার বিষয়টি আজও স্মৃতিপটে উজ্জ্বল। আলোর ক্ষেত্রে তেমন আলাদা কাজ চোখে পড়েনি। প্রথম প্রদর্শনীতে সচরাচর যেমনটা ভুলভাল হয়, তেমনটাই মাঝেমধ্যে চোখে পড়েছে। এসব ত্রুটি হয়তো পরের প্রদর্শনীগুলোতে সংশোধন করে নেওয়া যাবে অনায়াসে। তবে এসবের থেকেও যে বিষয়টি বেশি জরুরি তা হলো—প্রায় বেশির ভাগ অভিনয়শিল্পীর বাচিক অভিনয়ে অস্পষ্টতা এবং সঠিক আবেগ, প্রক্ষেপন ও মডিউলেশনের অভাব। আহম্মেদ গিয়াস, মেহেদী হাসান সোহাগ, লিটু মণ্ডল, সোনিয়া হাসানসহ এ রকম আরও দু-একজন ছাড়া বাকিদের বাচিক অভিনয় নিয়ে প্রচুর কাজ করার অবকাশ রয়েছে। রয়েছে তাঁদের জড়তা কাটানোর দায়ও। রাধা চরিত্রে সুবর্ণা ভালো করেছেন, তবে পুরোপুরি রাধা হয়ে উঠতে তাঁর ‘ইনবিল্ট সফস্টিকেশন’কে আরও দূরে সরাতে হবে। প্রায় কাছাকাছি অথচ বিপরীত কথা বলতে হয় কৃষ্ণরূপী ফজলুল হকের ব্যাপারে। তাঁকে আরও প্রাণবান করে তুলতে হবে কৃষ্ণকে, সেই সঙ্গে কণ্ঠের মাধুর্য ও সংলাপের স্পষ্টতা। স্বল্প সময়ের জন্য হলেও মঞ্চে অত্যন্ত প্রাণবন্ত ছিল আর্য মেঘদূত। যোয়া আযিমকেও আরও সচেষ্ট হতে হবে।
সব শেষে বলতে হয়, সুবচন নাট্য সংসদ অনেক ভালো ও বড় মাপের একটি কাজ মঞ্চে এনেছে। সুবচন কিংবা সুদীপের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আর সে জন্যই আরও নিখুঁত প্রযোজনা হিসেবে প্রণয় যমুনাকে দেখতে চাই ভবিষ্যতে।