ভাবনাটা অনুপমেরই থাকুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে বা চিনত তাঁকে? যাদবপুর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে প্রকৌশলী হলেন। বেঙ্গালুরুতে চাকরি হলো তাঁর। কিন্তু মনের মধ্যে যে গান। মা মধুরীতা রায়ের কাছে গান শিখেছিলেন। তারপর তিন বছর তবলার সঙ্গে যুদ্ধ। এক বছরে গিটার শেখা শেষ করে উচ্চাঙ্গসংগীতে তালিম নিয়েছেন। চাকরি শেষে বাড়ি ফিরে রোজ ঘরে বসে রেওয়াজ করতেন অনুপম। একদিন বেঙ্গালুরুতেই শ্রীজিৎ মুখার্জির সঙ্গে পরিচয়। শ্রীজিৎ খুব ভালো মাউথ অর্গান বাজান। এভাবেই দুজনের খাতির জমে উঠল। অনুপমের গান শুনে শ্রীজিৎ মুগ্ধ। যখন জানতে পারলেন অনুপম নিজেই গান লেখেন, নিজেই সুর করেন, তখন তো আরও খুশি।শ্রীজিৎ প্রস্তাবটা দিয়েই ফেললেন, ‘একটা সিনেমা বানাব। সেখানে তুমি গান করবে।’ অনুপম প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। তারপর কলকাতায় এলেন। গান করলেন। আবার ফিরে গেলেন বেঙ্গালুরুতে।এক বছর পরের কথা। ছবি মুক্তি পেল। ছবির নাম অটোগ্রাফ। ছবিটি যেমন প্রশংসিত হলো, তেমনি গান হিট। ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গানটি এমনই হিট যে খবরের কাগজওয়ালারা তাঁকে ফোন করে কলকাতায় নিয়ে এলেন। অনুপমের জীবনটাই বদলে গেল।‘ফিরে এলাম আবার বেঙ্গালুরুতে। মনের ভেতরে গান, তাই কোনো কিছুতেই আর মন বসে না। চাকরিটা ছেড়ে দিয়ে ফিরে এলাম কলকাতায়। এসেই ব্যস্ত হয়ে পড়লাম সংগীত নিয়ে। একের পর এক ছবিতে গান শুরু করলাম। এর মধ্যে আরও কয়েকটি ছবি মুক্তি পেল। এই তো কয়েক দিন আগেই প্লাটফর্ম, ২২ শে শ্রাবণ, রং মিলন্তি ছবিগুলো মুক্তি পেল। মানুষ আমাকে বাহবা দিল। এখন আমি অনেকগুলো নাটকের সংগীত নিয়ে কাজ করছি।’ বলছিলেন অনুপম।হুট করেই যাঁর এত কদর বেড়েছে, এখন পর্যন্ত তাঁর একটি অ্যালবামও বাজারে আসেনি। বিষয়টি নিয়ে কথা বলতেই অনুপম হাসেন। ‘অ্যালবাম তো বিশাল ব্যাপার। তবে আমি কাজ শুরু করেছি। আগামী বছরের শুরুতে বাজারে একটি অ্যালবাম নিয়ে আসব।’ বললেন তিনি।২৯ বছর বয়সী অনুপম কি বিয়ে করেছেন?অনুপমের গলাটা এবার বেশ ভারী শোনাল, ‘এই একটি বিষয় বাদে অন্য সব প্রশ্ন করুন।’আবার জানতে চাই, বিয়ে করেননি, নাকি করবেন না বলে পণ করেছেন?অনুপম নিরুত্তর। ‘কিছুই বলব না। জেনে রাখুন, এ বিষয় নিয়ে আমি কারও সঙ্গে কথা বলি না। ভাবিও না। কেন এবং কিছু হয়েছে কি না, তা-ও বলব না। অন্য অনেক বিষয় আছে, চলুন, সেসব নিয়ে কথা বলি।’অনুপমের গাড়ি ছুটে চলছে। জানালেন, তিনি একটি গাড়িতে করে কলকাতা শহরের বাইরে এক টিভি অনুষ্ঠানের শুটিং করতে যাচ্ছেন। কলকাতা শহরেও যে অনেক যানজট, সে কথাও বললেন তিনি। ঢাকায় আসা হয়নি কখনো, তবু জানতে চাইলেন ঢাকার যানজটের খবর। তাঁকে জানানো হলো, এখানেও একই অবস্থা। অনুপম বললেন, এই যানজটের শহর নিয়ে গান করবেন তিনি।প্রসঙ্গ পাল্টে প্রশ্ন করি, ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গানটি ছবির জন্য ভেবে লিখেছিলেন এবং গেয়েছিলেন?অনুপমের উত্তর, ‘না। আমি কখনোই কোনো গান কোনো কিছুর কথা ভেবে করি না। যখন যেটা মনের মধ্যে চলে আসে, তখন সেটা লিখে ফেলি এবং সুর দিয়ে গান করি। সেই গান মানুষ নিতে চাইলে আমি দিই। এ গানটির বেলায়ও তা-ই হয়েছে। আমি গানটি আগেই লিখেছিলাম। পরিচালক বললেন, “এটি সুর করে গাও তো।” তিনি পছন্দ করলেন। আমি গাইলাম। গানটি মানুষ পছন্দ করল।’গানটি কি কাউকে ভেবে গেয়েছিলেন?অনুপম থামলেন। ‘আমি সেটিও বলব না। ভাবনাটা আমার মধ্যেই থাক।’[মুঠোফোনে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে]