ভাবনার ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাবনা।  ছবি: খালেদ সরকার
ভাবনা। ছবি: খালেদ সরকার

‘আমি সেলেবল হতে চাই না’, অভিনয়শিল্পী আশনা হাবিব, সবাই যাঁকে এখন ভাবনা নামে চেনেন, তাঁর মুখে এমন কথা শুনে প্রথমে একটু ধন্দে পড়ে যাই আমরা। মনে হয়, ঝাঁ চকচকে বিনোদন জগতের মধ্যে বাস করে এ কেমন কথা বলছেন তিনি!
খোলাসা করলেন ভাবনাই, ‘পণ্য হিসেবে নয়, বিনোদন জগতে আমি অভিনয়ক্ষমতা দিয়ে টিকে থাকতে চাই। হয়েছে কি জানেন, অভিনয়ে আসার পর এখন সবাই অভিনয়শিল্পী হিসেবেই আমাকে দেখতে চায়; মানুষ ভাবনার খবর কেউ জানে না।’
রোববার দুপুরে প্রথম আলো কার্যালয়ে ভাবনার সঙ্গে আলাপসালাপে আমরা ‘মানুষ ভাবনা’র অবয়ব আঁকার চেষ্টা করছি তখন। মানুষ ভাবনা আসলে কেমন, খুব কি বিষণ্ন? তাঁর ফেসবুক স্ট্যাটাসে তো প্রায়ই পাওয়া যায় মন খারাপ করা কথাবার্তা, তবে কি নিজের আকাশে তিনি অনেক নিঃসঙ্গ, দুঃখবতী মেয়ে?
আমাদের জানা হয় না এসব। এর আগেই আলাপের মধ্যে অতর্কিতে ঢুকে পড়ে অনিমেষ আইচের নতুন ছবি জেদ-এর প্রসঙ্গ। এখানে ভারতের পরমব্রতর বিপরীতে অভিনয় করছেন তিনি। আর এ ছবির মাধ্যমেই বড় পর্দায় নতুন ইনিংস শুরু হচ্ছে তাঁর। সব মিলিয়ে ভাবনা কী বলেন?
‘জেদ ছবিতে আমার চরিত্রের নাম নয়নতারা। ছবিতে আমি ধনী বাবার আদুরে কন্যা। বাবা-মায়ের সঙ্গে জেদ করে একসময় চলে আসি ঢাকায়। পরিচয় ঘটে পরমব্রতর সঙ্গে। তাঁর চরিত্রের নাম হারু। ছবিতে নানা রকম জেদের ঘটনা আছে।’—কথা বলতে বলতে ভাবনা এবার নিজেই প্রশ্নকর্তার ভূমিকায়, ‘আমাকে যদি বলেন, এ ছবিটি দর্শক কেন দেখবেন? প্রশ্নের উত্তরে বলব, ছবিতে শক্তপোক্ত একটি গল্প আছে। গল্পের কারণেই এ ছবি দেখতে হলে যাবেন দর্শক।’
আগামী অক্টোবরে শুরু হবে ছবির শুটিং। ভাবনা তাই এখন ডুবে আছেন এ ছবির চিত্রনাট্যের মধ্যে। ‘আমি হয়তো সামনে তেমন কোনো কাজই করব না। পুরো সময়টা নয়নতারা চরিত্রের ভেতরে থাকতে চাই।’—ভাবনার এ কথা পড়তে পড়তে জেনে রাখুন, জেদ-এর নয়নতারা চরিত্রটি ভাবনার সঙ্গে মিলে যায় ৫০ শতাংশ। ভাবনার ভাষায়, ‘ব্যক্তিজীবনে আমি যেমন প্রাচুর্যের মধ্যে বড় হয়েছি, জেদ-এর নয়নতারাও তাই। এরপরই তার কষ্টের জীবন—ব্যক্তি আমার সঙ্গে তার বাকি ৫০ শতাংশ অমিল এখানেই।’
তাহলে ৫০ শতাংশ অমিল ঘোঁচাতে কী করবেন ভাবনা?
‘আমি এখন সেই কষ্টের জীবনকে উপলব্ধির চেষ্টা করছি।’—উত্তরটি এককথার হলেও এই এককথার ভেতরে আছে না-বলা অনেক কথা। যেমন জেদ ছবির নয়নতারা একসময় হারুর সঙ্গে বস্তিতে থাকতে শুরু করে, বস্তিতে তখন হয় তীব্র পানিসংকট। একপর্যায়ে এই পানিসংকটের ঘটনা থেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে। মানে জেদ ছবির কাহিনিতে আছে মুহুর্মুহু নাটকীয়তা। তো, সেই নাটকীয়তা আত্মস্থ করতে ভাবনাকে কষ্টের জীবনটি উপলব্ধি করা ছাড়া আর উপায় কী!
অবশ্য ভাবনার জন্য এটি নতুন চ্যালেঞ্জ নয়। এর আগে বিভিন্ন নাটকে অনেক বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন এই অভিনয়শিল্পী।
নিজের অভিনয়জীবনের খাতা খুলে বললেন, ‘আমার বাবা থিয়েটারের মানুষ। আমি অভিনয়শিল্পী হব, এমনটা ভাবিনি। যেন অনেকটা “দেখি না কী হয়” এমনভাবেই আমার অভিনয়ে পা ফেলা। তবে এখন আমি একজন সু-অভিনেত্রীই হতে চাই। মাঝেমধ্যে ভাবি, আমার অভিনয় দেখে আমাকে কি কেউ মনে রাখবে অড্রে হেপবার্নের মতো!’
জেনে রাখুন, সিংহ রাশির জাতক ভাবনার খুবই প্রিয় অভিনয়শিল্পী রোমান হলিডের অড্রে হেপবার্ন; এমনকি তাঁর চুলের কাটেও আছে সেই রাজকন্যার ছায়া।