ভাবনার ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর বয়সেই নাচ শেখা শুরু হয় ভাবনার। তখনো স্কুলে পা রাখা হয়নি তাঁর। একসময় স্কুল আর নাচের ক্লাসে যাওয়াটাই যেন প্রতিনিয়ত কাজ হয়ে যায় তাঁর জীবনে। ভাবনা যখন নবম শ্রেণীর শিক্ষার্থী, তখন কলকাতায় গিয়েছিলেন নাচের দলের সঙ্গে। সেখানেই ভাবনাকে দেখে একজন চলচ্চিত্র পরিচালক সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিলেন। ভাবনায় পড়ে গেলেন তিনি। কিন্তু তাঁর কাছে যে দেওয়ার মতো কোনো ছবি নেই!ঢাকায় ফিরে ছবি তুলে সেই ছবি আশীষ সেনগুপ্তের কাছে পাঠিয়ে দিলেন। তাঁর পছন্দ হলো। গোল বাধল একটা জায়গায়: ‘যে সময়টাতে শুটিংয়ের শিডিউল দিতে বলা হলো, তখন আমার এসএসসি পরীক্ষা ছিল। ফলে আর কাজ করা হলো না। এরপর এক দিন আশীষদা আমাকে ফোন করলেন। তিনি জানালেন, দু-তিনটা বুটিক হাউস থেকে কাজ এসেছে, করব কি না। আমি করলাম। এরপর এক দিন আবার ফোন। অমিতাভ রেজার কাজ। আমি তো বেশ খুশি। একটি মুঠোফোনের বিজ্ঞাপনের কাজ। বলা যায়, এটাই ছিল আমার টার্নিং পয়েন্ট,’ বলছিলেন ভাবনা। এখন তিনি রোজ সকালে উঠেই আজ ঢাকা, না হয় মানিকগঞ্জে শুটিং নিয়ে ব্যস্ত থাকছেন। কাজ করতে করতে কিছুটা যেন একঘেয়েমিতে ভুগছেন। তিনি বলেন, ‘মামুনুর রশীদের একটি নতুন কাজ বলেই আমি এসেছি। না হলে ইচ্ছা করছিল, আজ সারাটা দিন বাসায় ঘুম দিই।’ভাবনা পড়াশোনা করছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। তিনি বলেন, ‘এখন আমার মূল লক্ষ্য অভিনেত্রী হওয়া। অভিনয়টা করার সময় বুঝে কাজ করতে চাই। ক্যামেরার সামনে শুধু শুধু চেহারা দেখানোর জন্য কাজ করতে চাই না। আমার মনে হয়, যে কাজটাই করি না কেন, সেই কাজ থেকে যেন একটা ইতিবাচক সাড়া পাই।’বিজ্ঞাপন দিয়ে যাত্রা হলেও ভাবনা এ মুহূর্তে বিজ্ঞাপনচিত্র নিয়ে বেশি ভাবছেন না। তিনি বলেন, ‘অমিতাভ রেজার বিজ্ঞাপনে কাজ করে যে পরিমাণ সাড়া পেয়েছি, এরপর অনেক কাজের প্রস্তাব এসেছে, কিন্তু মানসম্মত মনে হয়নি। তাই অনেক কাজই করিনি।’ভাবনার প্রথম নাটক ছিল অরণ্য আনোয়ারের আমাদের নুরুল হুদা। এরপর তিনি মোস্তফা সরয়ার ফারুকীর ফার্স্ট ডেট নাটকে কাজ করেন। এ দুটি নাটকই নাট্যাঙ্গনে ভাবনাকে পরিচিতি এনে দেয়।এরই মধ্যে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ভাবনা। তাই পরিষ্কার জবাব দিলেন, বাণিজ্যিক ছবিতে কাজ করার কোনো ইচ্ছা এ মুহূর্তে তাঁর নেই। কারণ, লাল-নীল পোস্টারে নিজের ছবি দেখার কথা কল্পনাও করতে পারেন না তিনি। ভালো নির্মাতার বাস্তবসম্মত গল্প পেলে কাজ করবেন তিনি।‘বাণিজ্যিক ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে এক দিন শাকিব খান আমাকে ফোন করেছিলেন। বললেন, “সিনেমায় কাজ করো। তোমাদের এই জায়গাটাতে আসা উচিত।” আমি তাঁকে বলেছি, ভাইয়া, আপনার সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগত। কিন্তু আমি বাণিজ্যিক ছবিতে, অর্থাৎ নাচ-গানের ছবিতে কাজ করার জন্য নিজেকে এক্ষুনি উপযুক্ত মনে করছি না।’বড় পর্দায় তো নিজেকে দেখতে চান সবাই, আপনি কেন আগ্রহী হলেন না—জানতে চাইলে ভাবনা বলেন, ‘আমার আগ্রহটা একটু কম।’