ভারত-পাকিস্তানকে এক দেখতে চেয়েছিলেন মেহদি হাসান
‘আমার দেহখানা এই ধরার হলেও, মন পড়ে থাকে ভারতে।’জীবদ্দশায় এক সাক্ষাত্কারে এ কথা বলেছিলেন সদ্য প্রয়াত পাকিস্তানি গজলশিল্পী মেহদি হাসান। তিনি ২০০৬ সালে আজমির শরিফ দর্শনে যান। তখন ভারত ও পাকিস্তানকে অভিন্ন দেখার স্বপ্নের কথা জানান উপমহাদেশের প্রখ্যাত এই গজলশিল্পী। খাজা গরিব নেওয়াজের দরগায় ঘণ্টা তিনেক ছিলেন মেহদি হাসান। অসুস্থতার কারণে তিনি সেখানে হুইলচেয়ারে বসে ছিলেন। ‘মোহাব্বত জিন্দেগি হ্যায়’, ‘ইয়ে দুনিয়া হ্যায় পেয়ারে’সহ অনেক গজল গেয়ে এটিকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে যান মেহদি হাসান। উপমহাদেশে তাঁর পরিচিতি ‘গজল-সম্রাট’ হিসেবেই। দীর্ঘ পাঁচ দশকের সংগীত জীবনে উর্দু, বাংলা, পাঞ্জাবি ও আফগান ভাষায় ২০ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন গুণী এ শিল্পী। ফুসফুস, কিডনির সমস্যাসহ প্রায় এক যুগ নানা রোগে ভুগে ১৩ জুন বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেহদি হাসান।১৯২৭ সালে অবিভক্ত ভারতে জন্ম মেহদি হাসানের। রাজস্থানের লুনা গ্রামে জন্ম নেওয়া মেহদি হাসানের বাবা ওস্তাদ আজিম খান ও চাচা ওস্তাদ ইসমাইল খান ছিলেন ধ্রুপদী সংগীতশিল্পী। সংগীত পরিবারে জন্ম নেওয়ায় শৈশবে সংগীতে হাতেখড়ি মেহদি হাসানের।১৯৪৮ সালে ভারত ভাগের পর মেহদি হাসান সপরিবারে পাকিস্তান চলে যান। সেখানে যাওয়ার পর দারিদ্র্য এসে ভর করে তাঁদের পরিবারে। আর্থিক সংকটের কারণে তাঁদের জীবনধারণ বেশ কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে সাইকেলের দোকানে কাজ নেন তরুণ মেহদি হাসান। পরে অটো মেকানিক হিসেবে কাজ শুরু করেন। তরুণ বয়সে গাড়ি মেরামত করে তিনি জীবিকা চালিয়েছেন। জীবিকা নিয়ে কঠোর সংগ্রামের মধ্যেও সংগীত চর্চা নিয়মিত চালিয়ে গেছেন মেহদি হাসান। ১৯৫৭ সালে রেডিও পাকিস্তান থেকে গান গাওয়ার আমন্ত্রণ পান তিনি। ঠুমরি গান দিয়ে যাত্রা শুরু। পরে গজলশিল্পী হিসেবে নাম কেনেন। স্বতন্ত্র গায়কি ঢং তারকাখ্যাতি এনে দেয় মেধাবী এই শিল্পীকে।মেহদি হাসান চলচ্চিত্রের নেপথ্য-গানও (প্লেব্যাক) গেয়েছেন। তাঁর এসব গান উপমহাদেশের অগণিত শ্রোতার মন জয় করেছে। ‘কেহনা উসে’, ‘সুর কি কোয়ি সীমা নেহি’, ‘নাজরানা’সহ অন্তত ২৫টি অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তাঁর। কাজের স্বীকৃতিস্বরূপ জীবদ্দশায় অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন মেহদি হাসান। নিজ দেশ থেকে ‘তমঘা-ই-ইমতিয়াজ’, ‘হিলাল-ই-ইমতিয়াজ’, ‘প্রাইড অব পারফর্মেন্স’ সম্মাননাসহ নেপাল সরকারের ‘গোরখা দক্ষিণা বাহু’ ও ভারতের ‘সায়গল’ পুরস্কার পেয়েছেন মেহদি হাসান।ষাট থেকে আশির দশকের শেষ পর্যন্ত অসাধারণ গায়কি দিয়ে তিনি জয় করেছেন অগণিত শ্রোতার মন। কিন্তু আশির দশকের শেষ দিকে এসে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ধীরে ধীরে গান থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন তিনি।