ভারত-বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু
ভারত ও বাংলাদেশের ২৩টি চলচ্চিত্র নিয়ে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গতকাল শনিবার শুরু হয়েছে সাত দিনের চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ও ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র এই উৎসবের আয়োজন করেছে।গতকাল সকালে মঙ্গল প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে ‘ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর এবং সৌমিত্র চট্টোপাধ্যায় ফিল্ম রেট্টোস্পেকটিভ’ নামের উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম, ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ফারুক শেখ, উমরাও জান ছবির পরিচালক মোজাফফর আলী, ভারতের তথ্য ও সম্প্রচারবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি রাজীব কুমার জেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। সভাপতিত্ব করেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের উৎসবে অংশ নেওয়ার কথা ছিল। তবে অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি। উৎসবের সাফল্য কামনা করে ভিডিও বার্তা পাঠিয়েছেন তিনি। সপ্তাহব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম। সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পর্ক আরও নিবিড় হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। উৎসবের প্রথম দিন বিনোদনপ্রিয় মানুষের ঢল নেমেছিল জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ‘ভারত ও বাংলাদেশ উভয় দেশের মানুষের পরিচিতি ও সংস্কৃতি অভিন্ন। তাই সংস্কৃতি আদান-প্রদানের এ উৎসব উভয় দেশের মানুষকে প্রীতির বন্ধনে আবদ্ধ করবে।’ফারুক শেখ তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, চলচ্চিত্র কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ নয়। ছবিতে মানবিক মূল্যবোধটি ফুটে উঠলেই সেটি হয়ে ওঠে সব ভাষাভাষী ও সব জাতি-গোষ্ঠীর ছবি। তিনি আরও বলেন, বাংলাদেশে অনেক মেধাবী পরিচালক আছেন। এখানে সূর্যদীঘল বাড়ী, মাটির ময়নাসহ অনেক ভালো ছবি তৈরি হয়েছে। মোজাফফর আলী বলেন, ‘ঢাকা ও কলকাতার সংস্কৃতির একটি শক্ত ভিত রয়েছে। এই ভিতের ওপর দাঁড়িয়েই এখানকার চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ স্বাগত বক্তব্যে পঙ্কজ শরণ বলেন, সাংস্কৃতিক দিক থেকে ভারত-বাংলাদেশ অত্যন্ত সমৃদ্ধিশালী দুটি দেশ। উভয় দেশের সম্পর্ক উত্তরোত্তর উন্নয়নে ভারত সরকার সব সময় সচেষ্ট। উৎসব চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। এতে ভারতের ১৫টি ও বাংলাদেশের আটটি পুরস্কারপ্রাপ্ত ছবি দেখানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর দেখানো হয় দাদাসাহেব ফালকে পরিচালিত নির্বাক চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র। এটি নির্মিত হয় ১৯১৩ সালে। এর পরপরই দেখানে হয় সত্যজিৎ রায় পরিচালিত অপুর সংসার, তারেক মাসুদ পরিচালিত মাটির ময়না। দিনের সর্বশেষ প্রদর্শনী ছিল মোজাফফর আলী পরিচালিত ও ফারুক শেখ অভিনীত ছবি উমরাও জান। উৎসবের ছবিগুলো দেখতে আগ্রহীদের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, বাড়ি-২৪, সড়ক-২ ধানমন্ডি-২ এবং গুলশান শাখা বাড়ি-৩৫, সড়ক-২৪, গুলশান-১ থেকে সৌজন্যমূলক প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।।উৎসবের দ্বিতীয় দিন আজ রোববার বেলা ১১টায় দেখানো হবে বাংলাদেশের ছবি অবুঝ মন, বিকেল সাড়ে তিনটায় সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্র অশনি সংকেত এবং আসামের ছবি জয়মাটি। সন্ধ্যা ছয়টায় দেখানো হবে মারাঠি ভাষার ছবি ভুলু। উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র সূর্যদীঘল বাড়ী, আগুনের পরশমণি, অবুঝ মন, সীমানা পেরিয়ে, মাটির ময়না, মনপুরা, চাকা ও লাঠিয়াল দেখানো হবে।