ভারত মাতাবেন নোরা জোনস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ ও সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের মেয়ে নোরা জোনস আগামী বছর একটি সংগীত উত্সবে যোগ দিতে মুম্বাই আসবেন। উত্সবে জ্যাজ এবং কান্ট্রি মিউজিক পরিবেশন করবেন ৩৩ বছর বয়সী এ মার্কিন গায়িকা, গীতিকার, পিয়ানো বাদক ও অভিনেত্রী। এ প্রসঙ্গে উত্সব আয়োজক বিজয় নায়ারের উদ্ধৃতি দিয়ে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, আগামী বছরের মার্চে নতুন এই সংগীত উত্সবের আয়োজন করা হয়েছে। এই উত্সবে সংগীত পরিবেশন করে খবরের শিরোনাম হতে যাচ্ছেন নোরা জোনস।নিউইয়র্কে ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেন গীতালি নোরা জোনস শঙ্কর। তাঁর বাবা পণ্ডিত রবিশঙ্কর এবং মা মার্কিন কনসার্ট প্রযোজক সু জোনস। ২০০২ সালে সংগীত ভুবনে বিচরণ শুরু করেন নোরা জোনস। ওই বছর প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘কাম অ্যাওয়ে উইথ মি’। প্রথম অ্যালবামেই নিজের জাত চিনিয়ে দেন। সেরা গান, সেরা অ্যালবাম, সেরা নবাগত শিল্পীর পুরস্কারসহ জিতে নেন পাঁচ-পাঁচটি গ্র্যামি পুরস্কার।পরবর্তী সময়ে নোরা জোনসের ‘ফিলস লাইক হোম’ (২০০৪), ‘নট টু লেট’ (২০০৭), ‘দ্য ফল’ (২০০৯) এবং ‘লিটল ব্রোকেন হার্ট’ (২০১২) অ্যালবামগুলো প্রকাশিত হয়। প্রতিটি অ্যালবামই প্রশংসিত হয় বিভিন্ন মহলে। গানের পাশাপাশি অভিনয়ের সঙ্গেও নিজেকে জড়িয়েছেন নোরা। ২০০২ সালে ‘স্যাটারডে নাইট লাইভ’ কমেডি শোয়ের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। পরবর্তী সময়ে চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র এবং টেলিছবিতেও অভিনয় করেছেন। ‘মাই ব্লুবেরি নাইটস’ ছবির মাধ্যমে নোরার চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৭ সালে। ছবিটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন তিনি। ‘কান’ চলচ্চিত্র উত্সবে স্বর্ণপাম পুরস্কারের জন্য তৈরি করা তালিকায় মনোনয়ন পায় ছবিটি।