ভারত মাতাল জলের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজস্থানের শিল্পগ্রাম উৎ​সবে গাইছে জলের গান
ভারতের রাজস্থানের শিল্পগ্রাম উৎ​সবে গাইছে জলের গান

রাহুল আনন্দের কোনো কোনো বই পাড়া বেড়াতে গিয়ে আর ফেরে না। বন্ধুর বাড়ির তাকের শোভা বাড়ায় সেগুলো। বাকিগুলো ঠাসাঠাসি করে থাকে তাঁর বসার ঘরের বুক শেলফে। পড়ার হেন কোনো বিষয় নেই, যাতে রাহুলের অরুচি আছে। সোমবার সকালে ঘরটায় অভ্যর্থনা জানান জলের গানের পারকাশনিস্ট সাইফুল জার্নাল। দেয়ালজুড়ে নানা বাদ্যযন্ত্র ঝুলতে দেখা যায়। এগুলোই মঞ্চে বাজতে দেখেন, শোনেন তাঁদের ভক্তরা। ভক্তকুল জানতে উৎসুক, জলের গান ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার ‘সারেগামাপা’ অনুষ্ঠানে গাইল। মাত্র দুটো গান, তাও পুরো নয়।

রাজস্থানে ঘুরে বেড়িয়েছে জলের গান। ছবিতে শিউলী ও রাহুল
রাজস্থানে ঘুরে বেড়িয়েছে জলের গান। ছবিতে শিউলী ও রাহুল

রাহুল জানালেন, সেটা ছিল ভারত সফর শেষে ফেরার সময়কার ঘটনা। এর আগে গান করতে হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের নৈহাটি উৎসবে। প্রায় এক দশক ধরে উৎসবটি হচ্ছে সেখানে। আমন্ত্রণ জানিয়েছিলেন তাপসী রায় চৌধুরী ও শুভেন্দু মাইতি। ‘তাপসী হচ্ছেন তিনি, বিজয় সরকারের গানগুলোকে যিনি জনপ্রিয় করেছেন’, বললেন রাহুল।
মেঝেতে গোল হয়ে বসে আমাদের আড্ডা শুরু হয়। ছিলেন শিল্পী রাহুল আনন্দ, সাইফুল জার্নাল, শিউলী ভট্টাচার্য, এ বি এস জেম, কামরুল নীল ও ডি এইচ শুভ। কনক আদিত্য আসতে পারেননি।
গত বছরের ডিসেম্বরে নৈহাটির পর তাঁদের গান করতে হয়েছে রাজস্থানের শিল্পগ্রাম উৎসবে। নৈহাটিতে তবু কিছু বাঙালি ছিলেন। রাজস্থানে পাওয়া গেল না একজনকেও। কিন্তু গেয়েছেন পরপর দুই দিন। প্রথম দিন যাঁরা এসেছিলেন, অনেকে পরদিনও শুনতে গিয়েছেন। জার্নাল বললেন, ‘কোনো রকম একটা হিন্দি শব্দ উচ্চারণ করলেই মজা। আমরা তো সেখানে ইন্টারন্যাশনাল শিল্পী। ভুলভাল করে হিন্দি উচ্চারণ করছিলাম ইচ্ছে করে। দর্শকেরা কেউ প্রতিবাদ করছিলেন, কেউবা ভুল ধরিয়ে দিচ্ছিলেন। মজা পাচ্ছিলেন সবাই।’
রাজস্থানের উৎসবটি মুগ্ধ করেছে তাঁদের। সাত দিনই সেখানকার মাটির মঞ্চ নতুন করে লেপা হতো, প্রতিদিন আঁকা হতো নতুন আলপনা। পরিচ্ছন্ন করা হতো দর্শকদের বসার জায়গার কাপড়। সব কিছুতে দারুণ আদরের ছাপ। সেখানে কারুশিল্পের প্রদর্শনী, জাদুঘর আর গানের আয়োজন দেখতে এসেছিলেন হাজার হাজার মানুষ। ভাষা না বুঝলেও, বাংলা গান উপভোগ করেছেন দর্শকেরা। ফেরার সময় পেছন থেকে ডেকে বলেছেন, ‘“বকুল ফুল”, “ঝিলমিল ঝিলমিল” আচ্ছা হ্যায়।’ রাহুল বললেন, ‘মনে হয়নি যে ওটা বাংলাদেশের বাইরে। এক পরিবার তো বাড়িতে নিয়ে খাওয়াতে চেয়েছে। কেউ বলেছেন, আবার যেন যাই। জার্নালের সঙ্গে ছবি তুলেছে, যেমনটা এখানে তোলে। দেশে ফেরার পর দেখছি, ফেসবুক পেজে ম্যাসেজ বেড়ে গেছে।’

কলকাতা হয়ে বাংলাদেশে ফিরবে জলের গান। সেটা জানার পর পশ্চিমবঙ্গের দোহার ব্যান্ডের শিল্পী কালিকা প্রসাদ জানালেন, ‘এসো, দুটো গান গেয়ে যাও।’ জলের গানের জন্য এ আর এমনকি? গিয়ে দেখলেন, হুলুস্থুল ব্যাপার, জি বাংলার বিরাট ক্যাম্পাস। একের পর এক মানুষের হাত হয়ে তাঁদের পৌঁছাতে হলো মূল মঞ্চে। রাহুলের ধারণা, অন্তত ১১ হাত ঘুরেছেন তাঁরা। কোথাও মেকআপ, কোথাও পাণ্ডুলিপি বুঝে নেওয়া আবার কোথাও মহড়া। তবে আতিথেয়তার আতিশয্যে রীতিমতো পিষ্ট হয়ে গিয়েছিলেন তাঁরা। ‘সারেগামাপা’ অনুষ্ঠানের গবেষণার কাজ করেন কালিকা প্রসাদ। নিজের কাজ, শুটিংয়ের ব্যস্ততার পরও নজর ছিল, ‘ওরা খেয়েছে তো?’

দেশের টিভি অনুষ্ঠানের সঙ্গে পার্থক্যটা কী? জানতে চাইলে রাহুল বলেন, ‘দেশে তিন ঘণ্টার অনুষ্ঠান করতে যে আয়োজন, সেখানে একটি গানের জন্য তার থেকেও বেশি সতর্কতা ও ব্যবস্থাপনা। মজার সব অভিজ্ঞতা সেখানে। একজন এসে বুঝিয়ে দিচ্ছিলেন, কোন প্রশ্নের কী জবাব দিতে হবে। আমরা এমন ভাব ধরলাম যেন, ঘাবড়ে গেছি।’ অনুষ্ঠান শেষে অভিমানের সুরে রাহুল আনন্দকে তিনি বলেছেন, ‘আপনি তো দাদা আমার সঙ্গে মজা লুটলেন। ভাবটা এমন করলেন যেন কিচ্ছু বোঝেন না। আপনি তো কথার রাজা।’

রাহুলের ঘরে টিভি নেই। তবে ‘সারেগামাপা’ যে জনপ্রিয় অনুষ্ঠান, সেটা জানা ছিল। কিন্তু সেটা যে দুই বাংলাতেই এত জনপ্রিয়, নতুন করে জানা হলো। সোহিনী মুখার্জীর সঙ্গে যৌথভাবে গাইলেন ‘যাও পাখি বলো’ ও ‘এমন যদি হতো’ এবং দু’কলি ‘বকুল ফুল’। কালিকা প্রসাদ বলেছেন, ‘কলকাতার দর্শক ভীষণ খেপেছে। তোমাদের যে এত ভক্ত এখানে, কে জানত! শুধু তোমাদের নিয়েই একটা আলাদা এপিসোড রাখা যায় কি না, ভাবতে হচ্ছে।’

কথার ফাঁকে উঠে গিয়েছিলেন রাহুল। ছেলে তোঁতা স্কুল থেকে ফিরে বলেছে, বন্ধুরা অভিনন্দন জানিয়েছে তাঁকে। বলেছে, তোর বাবাকে সারেগামাপায় দেখিয়েছে।

ছোট ছোট আনন্দ উপভোগ করছেন জলের গানের সদস্যরা। কথা দিয়েছেন, ২০২০ সালে বেরোবে নতুন অ্যালবাম। আনন্দের জন্যই গান করা, বাজারের চাপ নিতে চান না তাঁরা। ফেরার পথে শপিং করেছেন কি না, জানতে চাইলে হাসির রোল পড়ে যায় ঘরটায়। নীল নাকি প্রায় শূন্য একটা লাগেজ নিয়ে গিয়েছিলেন, ফিরেছেন সেটা ভরে। কিন্তু নী​েলর ত্বরিত প্রতিবাদ, ‘জার্নাল ভাই ভাবির জন্য যেসব কিনেছেন, সেগুলোই ভরেছিলেন আমার ব্যাগে।’