ভারতীয় টিভি চ্যানেলে বাংলাদেশের আসিফ

ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে বাংলাদেশের মডেল ও অভিনয়শিল্পী আসিফ কামালের বিজ্ঞাপনচিত্র। জানা গেছে, প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপনচিত্রটি ভারতের স্টার প্লাস, সনি টিভি, স্টার জলসা, জিটিভিসহ আরও কয়েকটি চ্যানেলে এখন প্রচার করা হচ্ছে। বিষয়টি নিয়ে দারুণ খুশি আসিফ। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন নাফিজ রেজা।
আসিফ বলেন, ‘ভারতের জনপ্রিয় টিভি চ্যানেলগুলোতে আমার অভিনীত বিজ্ঞাপনচিত্র প্রচারিত হচ্ছে, পুরো ব্যাপারটি আমার জন্য খুবই আনন্দের। এর আগে ২০০৮ সালে আমার অভিনীত ক্লেমন পণ্যের একটি বিজ্ঞাপনচিত্র ভারতের কয়েকটি চ্যানেলে প্রচারিত হয়েছে। এবার যখন একসঙ্গে অনেক চ্যানেলে প্রচারিত হচ্ছে, তখন সবার কাছ থেকে অনেক বেশি প্রশংসা পাচ্ছি।’
আসিফ জানান, মডেলিংয়ের পাশাপাশি তিনি এখন টিভি নাটকে অভিনয় করছেন। এখন তাঁর অভিনীত কয়েকটি ধারাবাহিক নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে। এগুলো হলো আতিক জামানের ইউনিভার্সিটি, অর্ক মুস্তাফার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ও ইদ্রিস হায়দারের সেকেন্ড ইনিংস।