ভারতীয় চলচ্চিত্র প্রতিরোধে সোচ্চার হয়ে উঠেছে চলচ্চিত্র পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশে ভারতীয় চলচ্চিত্র প্রবেশ করেছে’—এই শিরোনামে প্রথম সংবাদ প্রকাশ করে প্রথম আলো। এ সংবাদ প্রকাশের পরপরই চলচ্চিত্রশিল্পের পাঁচ সংগঠন: চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি, শিল্পী সমিতি, পরিচালক সমিতি, চিত্রগ্রাহক সংস্থা ও এডিটর গিল্ডস মিলে তৈরি করেছে চলচ্চিত্র পরিবার নামে একটি প্ল্যাটফর্ম। এর মধ্যে এই সংগঠনগুলোর নেতারা তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুনের সঙ্গে দেখা করে ভারতীয় ছবি প্রদর্শন করতে না দেওয়ার ব্যাপারে তাঁদের অবস্থানের কথা স্পষ্ট জানিয়ে এসেছেন।শিল্পী সমিতির সহসভাপতি মৌসুমী বলেন, ‘আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি। পাশাপাশি আইনগতভাবেও চলচ্চিত্র পরিবার লড়াই করবে।’জানা গেছে, হাইকোর্ট বিভাগ থেকে ভারতীয় চলচ্চিত্রকে দেশে প্রবেশের জন্য সেন্সর বোর্ড থেকে যে অনাপত্তিপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তা চ্যালেঞ্জ করে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন চলচ্চিত্র পরিবারের নেতারা। এ ব্যাপারে পরিচালক সমিতির সভাপতি মুহম্মদ হান্নান বললেন, ‘আমরা শেষ পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র দেশে প্রদর্শন না করার জন্য আন্দোলন চালিয়ে যাব। এরই মধ্যে একটি সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানেই আমাদের কর্মসূচি থাকবে।’এদিকে জ্যেষ্ঠ পরিচালক চাষী নজরুল ইসলাম অভিযোগ করেছেন, সিনেমা হলের কয়েকজন মালিক ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের জন্য একটি কথা রটিয়ে দিয়েছেন—এখন আর আমাদের দেশের ছবি চলছে না। কথাটা ঠিক নয়। প্রেক্ষাগৃহের মালিকেরা একধরনের চক্রান্ত করছেন। কিন্তু আমরা কোনোভাবেই ভারতীয় চলচ্চিত্র দেশে প্রদর্শন করতে দেব না। অন্যদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা বলছেন, ‘আইন মেনেই ভারতীয় চলচ্চিত্র দেশে নিয়ে আসা হয়েছে। দেশের চলচ্চিত্র আমরা এখনো প্রদর্শন করছি। কিন্তু ছবিই তো নেই। ছয় মাসে মাত্র ২১টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। তার মানে কী। এখন আর ছবি বানানোর মতো প্রযোজক নেই। ছবি যদি কম হয়, তাহলে আমাদের এখানে কী করার আছে। তা ছাড়া ছবি কম হচ্ছে। কারণ, দর্শকেরা আগের মতো এখন আর ছবি দেখছে না এবং প্রযোজকেরাও লাভবান হচ্ছেন না।’প্রদর্শক সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা ভারতীয় চলচ্চিত্রগুলো নিয়ে এসেছি। এখন মানুষ যদি এগুলো বর্জন করে, তাহলে তো পরে আর কেউ আনবে না। যদি মানুষ দেখতে চায়, তাহলে তো বাধা দেওয়ার কিছু নেই। সব রকম আইনগত প্রক্রিয়ার মধ্যেই ছবিগুলো দেশে এসেছে।’সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঈদের আগেই তিনটি ভারতীয় বাংলা চলচ্চিত্র—জোর, সংগ্রাম ও বদলা-এর সেন্সর শো অনুষ্ঠিত হবে। সরকার সেন্সর সনদ দেবে কি দেবে না, সেটিই এখন দেখার বিষয়।