ভারতীয় চলচ্চিত্র মুক্তি নিয়ে বিতর্ক
দীর্ঘ ৩৮ বছর পর ২৩ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে ভারতীয় চলচ্চিত্র জোর। এরই মধ্যে ভারতীয় চলচ্চিত্র মুক্তি দেওয়া নিয়ে চলচ্চিত্র প্রযোজক-পরিচালক ও শিল্পীরা এর বিরোধিতা করছেন। অন্যদিকে ছবি মুক্তি দেওয়ার সপক্ষে নেমেছেন সিনেমা হলের মালিকেরা। সংস্কৃতিকর্মীরাও তাঁদের মতামত দিয়েছেন। এবারের আয়োজন কারা কী বলছেন, তা নিয়ে। এঁরা বলেনরাজ্জাক অভিনয়শিল্পী, পরিচালকসিনেমা হল বাঁচানোর কথা বলে একদল লোক ভারতীয় ছবি নিয়ে আসছে এবং মুক্তি দিচ্ছে। এতে করে এ দেশের চলচ্চিত্রশিল্প বন্ধ হয়ে যাবে। সবাই বেকার হয়ে যাবে। দুঃখ হয় যে নিজের রক্ত দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টা পরিশ্রম করে আমরা এই দেশের শিল্পকে দাঁড় করিয়েছি। অথচ আজকে ভারতীয় ছবি নিয়ে এসে আমাদের শিল্পটাকে মেরে ফেলা হচ্ছে। এ দেশে মাত্র ১৫০টি সিনেমা হল ছিল। আমাদের ছবি দিয়েই দেশে এক হাজার ২০০ সিনেমা হল হয়েছিল। একজন হল-মালিক একটির জায়গায় চারটি করে সিনেমা হল বানিয়েছেন। অথচ আমাদের এখন দুর্দিন দেখে অন্য দেশের ছবি এনে তাদের সিনেমা হল বাঁচানোর কথা বলা হচ্ছে। দুর্ভাগ্য আমাদের। দেশ স্বাধীন হওয়ার পর একদল মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছিলেন, সিনেমা হল বাঁচে না। ভারতীয় ও পাকিস্তানি ছবি প্রদর্শনের অনুমতি দিন। কিন্তু আমরা যখন তাঁর কাছে গিয়ে বললাম, নয় মাস যে ছবি ছিল না, তখন তাঁরা চলেছেন কীভাবে? স্বাধীন দেশে কেন বিদেশি ছবি দিয়ে দেশের সিনেমা হল বাঁচাব? আমরা প্রোটেকশন চাইলাম। বঙ্গবন্ধু তখনকার তথ্যমন্ত্রী মিজানুর রহমানকে বললেন, এ দেশে আর হিন্দি ও পাকিস্তানি ছবি দেখানো হবে না। এরপর একদল লোক নব্বইয়ের দশকে হংকং থেকে অশ্লীল ছবি এনে এ দেশে প্রদর্শনের সুযোগ করে দিল। আমাদের রুচিটা নষ্ট করে দিল। নারী দর্শকদের সিনেমা হল থেকে বের করে দেওয়া হলো। এখন অশ্লীলতা বন্ধ হয়েছে। এখন তাঁরা সুর তুলেছেন, ভারতীয় ছবি আনতে হবে।আর সরকারের কথা কী বলব? যেকোনো রুগ্ণ শিল্পকে সরকার সহযোগিতা করে। আমাদের শিল্পটার সমস্যা। কিন্তু সরকার কোনো প্রোটেকশন দিচ্ছে না। আমরা ২৩ ডিসেম্বর কর্মসূচিতে যাব। নিজেদের শিল্পকে বাঁচাতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। যদি কিছুই করতে না পারি, তবে আবার ঘরে ফিরে যাব। আমরা হয়তো আর কাজ করব না তখন।রামেন্দু মজুমদার সংস্কৃতিব্যক্তিত্বঢালাওভাবে বাংলাদেশে ভারতীয় বাণিজ্যিক ছবি আনার পক্ষে নই আমি। এতে করে ভারতীয় সস্তা ছবিগুলো আমাদের এখানে ঢুকে পড়বে এবং এখানে তারা একটা বাজার গড়ে তুলবে। এতে করে আমাদের নিজেদের চলচ্চিত্রশিল্প ক্ষতিগ্রস্ত হবে। বছরে ১০টি ভারতীয় ছবি এ দেশে আসতে পারে। সেগুলো রুচিসম্মত ভালো ছবি হতে হবে। এ জন্য একটি কমিটি থাকবে। এই কমিটি ১০টি ছবি বাছাই করে দেশে নিয়ে আসবে। এতে করে আমরা ভালো ছবি পাব। আবার একই সঙ্গে বাংলাদেশ থেকেও ১০টি ছবি নিতে হবে। যেগুলো ভালো ছবি হিসেবে বিবেচিত হবে, সে রকম ছবিই ভারত আমাদের কাছ থেকে নেবে। এমন একটি নীতিমালা করে তবেই ভারতীয় ছবি এ দেশে আনা যায়। কিন্তু তা না করে যদি ভারতীয় বাণিজ্যিক চলচ্চিত্রগুলো এখানে নিয়ে আসা শুরু হয়, তবে এটাকে সমর্থন করা যায় না। চম্পা অভিনয়শিল্পীসিনেমা হল বাঁচাতে এতগুলো প্রযোজক-পরিচালক ও শিল্পী-কলাকুশলীকে পথে বসিয়ে দেওয়া হবে? এটা কি কোনো সুস্থ মানসিকতার কথা? আমাদের দেশের টিভি চ্যানেলগুলো পর্যন্ত দেখাতে রাজি হয় না, সেখানে আমরা কীভাবে তাদের দেশের ছবি আমাদের সিনেমা হলে দেখানোর জন্য এতটা উদগ্রীব হলাম? আমাদের মধ্যে কি সামান্য দেশপ্রেম আছে? আজ যদি ভারত আমাদের ছবি প্রদর্শন করত, তাহলে আমরাও তাদের ছবি নিতাম। আজকে বলা হচ্ছে, দেশের সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হচ্ছে? কারণ অনেকগুলো। শুধু যদি বলা হয়, এ দেশের ছবির সংখ্যা কমে গেছে, তাই ভারতীয় ছবি আনা হচ্ছে, এটা ভুল। সিনেমা হলগুলোর আসনব্যবস্থা কি ভালো? সিনেমা হলের এয়ারকুলার কি কাজ করে ঠিকমতো? ফ্যানগুলো কি ভালো? মানুষ সিনেমা হলে যায় বিনোদনের জন্য। আমাদের সিনেমা হলের ভেতরের যে পরিবেশ, সেখানে বসে কি আমরা বিনোদিত হই? যদি এগুলোর কোনোটিই ঠিক না থাকে, তাহলে এগুলোর সমাধান না করে কেন ভারতীয় ছবি আনা হচ্ছে? আমার প্রশ্ন তাঁদের কাছে, যাঁরা ভারতীয় ছবি আনার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছেন, তাঁরা যদি এত দিনে এই সমস্যাগুলোর সমাধান করতেন, তাহলে নিজ দেশের ছবি দিয়েই আপনারা এত দিনে সিনেমা হলে মানুষ নিয়ে আসতে পারতেন। ভারতীয় ছবি আনলেই সব সমস্যার সমাধান হবে—এমন ধারণা মাথা থেকে সরিয়ে ফেলুন।চাষী নজরুল ইসলামচলচ্চিত্র নির্মাতাযাঁরা ভারতীয় ছবি আনছেন, তাঁরা আসলে কারা? এঁরা কাদের স্বার্থ সংরক্ষণ করছেন? স্বাধীনতার পর আমরা যুদ্ধবিধ্বস্ত একটি দেশে যদি নিজেদের তৈরি সিনেমা দিয়ে মানুষকে সিনেমা হলে নিয়ে আসতে পারি, তাহলে স্বাধীনতার ৪০ বছর পর কেন আজ ভারতীয় ছবি আনা হচ্ছে? সিনেমা হল বাঁচাতে একটি দেশের শিল্পকে ধ্বংস করে দিতে হবে? এই রাষ্ট্র নিজেদের শিল্পকে বাঁচানোর কোনো চেষ্টা করবে না? সরকার কী একবার ভেবে দেখেছে, ভারতীয় ছবিগুলো দেশে আনতে কী পরিমাণ টাকা চলে যাবে ওদের দেশে?বলা হচ্ছে, মানুষ পছন্দ করে! আমি সরকারের কাছে জরিপ চালানোর জন্য অনুরোধ করব যে মানুষকে প্রশ্ন করুন, তারা এ দেশে ভারতীয় ছবি চায় কি চায় না? আজকে আমাদের দেশের চলচ্চিত্রশিল্পকে পৃষ্ঠপোষকতা করে না কেউই। অথচ আমাদের কাছে বিশ্বমানের ছবি আশা করছেন যাঁরা, তাঁরা কী একবার ভেবে দেখেছেন যে আমরা কতগুলো সমস্যা এবং সীমাবদ্ধতার মধ্য দিয়ে ছবি নির্মাণ করছি? এখনো সময় আছে, সিনেমা হল-মালিকদের প্রতি আহ্বান জানাব, আপনারা ভারতীয় ছবি প্রদর্শন করবেন না। যাঁরা প্রদর্শন করবেন, তাঁরা ভারতীয় ছবির পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত হবেন। দেশীয় চলচ্চিত্রশিল্প ধ্বংসের জন্য তাঁদের ইতিহাস দায়ী করবে আজীবন।তাঁরা বলেনসাইফুল ইসলাম চৌধুরী প্রদর্শকএ দেশে কি এর আগে কখনো ভারতীয় ছবি প্রদর্শিত হয়নি? তখন কি কেউ প্রতিবাদ জানিয়েছিলেন? আজকে বাস্তবতা সবাইকে বুঝতে হবে। এক হাজার ২০০ সিনেমা হল ছিল এ দেশে। সেখান থেকে কমতে কমতে হলের সংখ্যা ৫০০-তে নেমে এসেছে। আগামী এক বছরে আরও ১০০ সিনেমা হল বন্ধ হবে। এর কারণ কী? মানুষ এখন বাংলাদেশের ছবি দেখতে সিনেমা হলে আসে না। আর নায়ক মাত্র একজন। শাকিবের ছবি বছরে আসে কয়টা? তাহলে আমরা সারা বছর সিনেমা হলগুলো বাঁচাব কী করে? যাঁরা বলছেন যে অনেক লোক বেকার হয়ে যাবে। তাঁদের বলব, আপনারা ভালো ছবি বানান। আপনারা ভালো ছবি না বানালে দর্শক সিনেমা হলে যাবে না। তখন এর দায় আমরা নেব কেন?আজকে আমরা ছবি মুক্তি দিচ্ছি আদালতের রায় নিয়ে। তিনটি বাংলা ছবি মুক্তি দেওয়ার কথা শুনে অনেকেই সিনেমা হলের সামনে অবস্থান নেওয়ার হুমকি দিচ্ছেন। তার মানে কী? দেশে কোনো প্রশাসন নেই? আজকে স্যাটেলাইটের মাধ্যমে আমরা ঘরে বসে কিন্তু সবাই ভারতীয় ছবি দেখছি। তখন কি কেউ প্রতিবাদ করেছি? সরকার এ জন্য কোনো রাজস্ব পায় না। ভারতীয় সিনেমার সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় বিজ্ঞাপনচিত্রগুলো পর্যন্ত দেখতে হচ্ছে। সেগুলোতে কোনো আপত্তি না থাকলে বড় পর্দায় দর্শক টিকিট কেটে ছবি দেখবে, সরকার রাজস্ব আদায় করবে, এতে কেন আপত্তি থাকবে?যাঁরা এ দেশে উপমহাদেশের ছবি আনার বিরোধিতা করছেন, তাঁদের কাছে জানতে চাইব যে আপনারা কি ভারতীয় ছবি দেখেন না? ঘরে বসে হিন্দি ছবি দেখছেন, আর বাইরে এর বিরোধিতা করছেন—এটা কি ঠিক?ইফতেখার উদ্দীন নওশাদ ব্যবস্থাপনা পরিচালক, মধুমিতা প্রেক্ষাগৃহবলা হচ্ছে, বিজয়ের মাসে ভারতীয় ছবি কেন? ভারত কী স্বাধীনতাযুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেনি? আজকে যদি আমি উল্টো প্রশ্ন করি যে বিজয়ের মাসে দেশে পাকিস্তান ক্রিকেট দল কেন? এর কী কোনো উত্তর হবে? হবে না। কারণ, এটিও একটি অবান্তর প্রশ্ন। তেমনিভাবে ভারতীয় ছবি দেশে কেন—এই প্রশ্ন করার কোনো মানেই হয় না। কেউ কী একবার খোঁজ করে দেখেছেন যে কলকাতার রুগ্ণ চলচ্চিত্রশিল্প কীভাবে আবার ভালো জায়গায় চলে গেল? যখনই মুম্বাইয়ের ছবির মানের সঙ্গে প্রতিযোগিতায় গেলেন তাঁরা, মুম্বাইয়ের প্রযোজকেরাও কলকাতায় ছবি বানালেন। ওদের সিনেমা হলগুলোর পরিবেশও ভালো হয়ে গেল। এখন বাংলা ছবি সেখানে মুম্বাইয়ের ছবির সঙ্গে প্রতিযোগিতা করে। আমি মনে করি, এ দেশে ভারতীয় ছবি প্রদর্শিত হলে আমাদের ছবির মানও ভালো হবে। এখানে প্রতিযোগিতা হবে এবং তখন অনেক উন্নত মানের বাংলা ছবি উপহার পাব আমরা।আজকে অনেকেই বলছেন যে আমরা যাঁরা ভারতীয় ছবি প্রদর্শন করব, তাঁদের নাকি বাংলাদেশের ছবি দেওয়া হবে না। ঠিক আছে, মধুমিতা, অভিসার সিনেমা হলকে বাদ দিয়ে যদি তাঁরা ছবি চালাতে চান, চালাবেন। আমি তখন ইংরেজি ছবি চালাব। তারপর একসময় সরকারকে চিঠি দিয়ে সিনেমা হল বন্ধ করে দেব। কিন্তু ২৩ ডিসেম্বর যত বাধাই আসুক আমরা ভারতীয় ছবি মুক্তি দেব। মানুষ যদি প্রত্যাখ্যান করে করবে। আর যদি মানুষ দেখে, তাহলে আমরা ছবি চালাব।কে এম আর মঞ্জুর সভাপতি, চলচ্চিত্র প্রদর্শক সমিতিআমরা যা করছি তা আদালতের রায় নিয়ে করছি। আজ প্রশ্ন করা হচ্ছে, আমরা কারা? আমরাই এ দেশের চলচ্চিত্রশিল্পকে এত দূর নিয়ে এসেছি। এ দেশে সিনেমা হল-মালিকেরাই ছবি বানিয়েছেন এবং একটার পর একটা ছবি করে এই শিল্পের সবাইকে পরিচিত করে তুলেছেন। যখন আমরা ছবি প্রযোজনা করলাম, তখনই এ দেশের চলচ্চিত্রশিল্প একটি রুগ্ণ শিল্পে রূপ নিল। আমরা সরে গেলাম। কারণ, দেখলাম যে এখানে ছবি বানানোর মতো অবস্থা নেই। আমরা সিনেমা হল-মালিকেরা, যাঁরা সিনেমাকে ভালোবেসে এই সিনেমা হল রেখেছি, তাদের এ জন্য পুরস্কৃত করা উচিত। কেননা, এখন যদি কোনো ডেভেলপারকে আমরা বলি যে আমাদের জায়গাটি নিন, তাহলে এক কোটি থেকে ১৫০ কোটি টাকা পাব। আর একটি সিনেমা চালিয়ে বছরে কত টাকা পাব আমরা? সিনেমা হলগুলোকে বাঁচাতেই বছরে কিছুসংখ্যক ভারতীয় ছবি চালাতে চাই। এতে করে সিনেমা হল বাঁচবে, হলের পরিবেশ ভালো হবে, সাউন্ড সিস্টেম ভালো হবে। আর যদি সিনেমা হল না বাঁচে তাহলে আমাদের প্রযোজকেরা আগামী দিনে ছবি প্রদর্শন করবেন কোথায়? আজকে বাংলাদেশের ছবির প্রযোজকেরা লোকসান দিচ্ছেন, আর তাঁরা আমাদেরও লোকসান দিয়ে প্রেক্ষাগৃহ চালাতে বলছেন। কিন্তু এভাবে কত দিন? আমরা এর আগে প্রযোজক-পরিচালক ও শিল্পীদের বলেছিলাম যে কেব্ল লাইনে দেদার হিন্দি ছবি চলছে, আপনারা প্রতিবাদ করুন, কিন্তু তাঁরা নিশ্চুপ ছিলেন। এখন কেন সরব হয়ে উঠলেন, সেটাই বোধগম্য হচ্ছে না আমাদের কাছে।ফাহমিদুল হক চলচ্চিত্র গবেষক ও শিক্ষককতগুলো কারণে আসলে ভারতীয় ছবি এ দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের পক্ষে আমি। প্রথমত, আইনগত দিক থেকে এভাবে সরকার ভারতীয় ছবির প্রদর্শন নিষিদ্ধ করে রাখতে পারে না। কারণ, আইয়ুব খানের সরকার একবার এক প্রজ্ঞাপন জারি করে ভারতীয় ছবির প্রদর্শন বন্ধ করেছিল। এখন সেই পাকিস্তানেই যখন ভারতীয় ছবি দেখা যায়, তখন আমরা কেন সেই নিষেধাজ্ঞার মধ্যে থাকব। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় মৌখিক নির্দেশ দিয়ে ভারতীয় ছবির প্রদর্শন বন্ধ করা হয়। এখন আর আসলে এটিরও আইনগত কোনো ভিত্তি আছে বলে মনে করি না।দ্বিতীয়ত, যে প্রটেকশন আমরা বাংলা ছবিতে দিলাম, এখান থেকে আমরা কী পেলাম। সত্তর সালের দিকে যে মানের ছবি পেয়েছি, এখন সেখান থেকে আরও নিচে নেমে গেছি। ভারতীয় ছবি এলে আমরা এখানে প্রতিযোগিতা করার সুযোগ পাব। ভালো ছবি দেখতে পারব। তৃতীয়ত, সিনেমা হলগুলোকে বাঁচাতে হবে। আজকে সিনেমা হল বন্ধ হতে হতে যে জায়গায় চলে এসেছে, এই অবস্থা চলতে থাকলে একসময় দেখা যাবে দেশে ১০০ সিনেমা হল আছে। তখন যাঁরা সিনেমা হলে যেতেন, তাঁদের তো বিনোদনের মাধ্যমটা বন্ধ হয়ে যাবে। এখন বাংলা সিনেমা মূলত দেখেন একদম দিনমজুর মানুষেরা। কারণ, তাঁদের ঘরে টিভি নেই, ভিডিও নেই, তাঁরা সিনেমা হলে গিয়ে বিনোদনের অভাব পূরণ করেন। ফলে বাংলা সিনেমা শুধু তাঁদের লক্স্য করেই নির্মাণ করা হচ্ছে। ভারতীয় ছবি এলে আমরা আবার আমাদের রুচিসম্মত ছবি পাব। আমরা আবার সিনেমা হলে ফিরে যাব। আমাদের নির্মাতারাই ভালো ছবি তৈরি করবেন।এ ক্ষেত্রে আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে, এর আগে দুই দেশের সরকারের মধ্যে একটি চুক্তি হওয়া প্রয়োজন। প্রথমত, ঢালাওভাবে ভারতীয় ছবি না এনে একটি নির্দিষ্ট সংখ্যক ছবি আমদানির কথা উল্লেখ থাকতে হবে। যদি বছরে ভারত থেকে ২০টি ছবি আনা হয়, তাহলে আমাদের দেশ থেকে অন্তত পাঁচটি ছবি ভারত নেবে। আমাদের দেশে পাঁচটি ভালো মানের ছবি যে হয়, এতে কোনো সন্দেহ নেই। তবে, যে সব প্রেক্ষাগৃহে ভারতীয় ছবি প্রদর্শন করা হবে, সেগুলোয় স্থানীয় ছবিগুলো প্রদর্শন করার বিধান থাকতে হবে।