ভারতীয় ছবি আমদানি হলে আন্দোলনে যাবে চলচ্চিত্র ঐক্য পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশে কোনো অবস্থাতেই ভারতীয় চলচ্চিত্র আসতে দেওয়া হবে না। যদি দেশের চলচ্চিত্রশিল্পকে ধ্বংস করার জন্য ভারতীয় চলচ্চিত্র আমদানির সুযোগ করে দেওয়া হয়, তাহলে আমরা আন্দোলনের পথ বেছে নেব। শিল্পী ও কলাকুশলীরা তখন ভারতীয় ছবি প্রদর্শনের বিরুদ্ধে কঠিন কর্মসূচি ঘোষণা করবেন।’ গতকাল বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে চলচ্চিত্র ঐক্য পরিষদের নেতারা এ কথা বলেছেন।ভারতীয় ছবি আমদানির বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী-কলাকুশলীদের নিয়ে চলচ্চিত্র ঐক্য পরিষদ গঠন করা হয়েছে।ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে চলচ্চিত্র ঐক্য পরিষদের নেতারা আরও বলেন, যদি কোনো প্রেক্ষাগৃহের মালিক মনে করেন বাংলা চলচ্চিত্র দিয়ে তাঁর ব্যবসা হচ্ছে না, তবে তিনি ইচ্ছা করলে প্রেক্ষাগৃহ ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণ করতে পারেন। সে রকম কোনো প্রদর্শক আমাদের চলচ্চিত্রশিল্পের জন্য প্রয়োজন নেই।সংবাদ সম্মেলনে চলচ্চিত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিজু আহমেদ, শওকত জামিল, আবদুল লতিফ, গাজী মাজহারুল আনোয়ার, শাহ আলম কিরণ, খসরু, সিবি জামান প্রমুখ।এখানে অভিযোগ করা হয়, ‘প্রেক্ষাগৃহের মালিকেরা সবসময় সুবিধাভোগী। তাঁরা কখনোই লোকসান দেন না। একটি ছবির ব্যবসা খারাপ হলেও তাঁদের কোনো লোকসান দিতে হয় না। অথচ প্রযোজক লোকসান দিয়েও ছবি তৈরি করেন। সেখানে প্রদর্শকেরা দেশের স্বার্থ বিকিয়ে ভারতীয় চলচ্চিত্র আনতে চান। কিন্তু আমরা তাঁদের এই অসত্ উদ্দেশ্য বাস্তবায়ন হতে দেব না।’এক প্রশ্নের জবাবে মিজু আহমেদ বলেন, ‘সরকারের সঙ্গে আমরা কথা বলেছি। সরকারের বাণিজ্যমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। আমরাও বাণিজ্যমন্ত্রীর কথার সঙ্গে কাজের মিল দেখতে চাই।’