ভারতীয় ছবির প্রদর্শন বন্ধে একতা পরিষদ গঠিত
দেশের প্রেক্ষাগৃহে ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শন বন্ধ, ভিডিও পাইরেসি নির্মূল এবং চলচ্চিত্র নির্মাণে এফডিসি থেকে সব ধরনের কারিগরি সুবিধা আদায়ের জন্য ‘চলচ্চিত্র একতা পরিষদ’ গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকালে এফডিসিতে প্রযোজক-পরিবেশক সমিতির কার্যালয়ে এক জরুরি সভা আহ্বান করা হয়। এখানে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আলোচনা শেষে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, চিত্রগ্রাহক সংস্থা ও এডিটর গিল্ডসের কর্মকর্তাদের নিয়ে গঠন করা হয় ‘চলচ্চিত্র একতা পরিষদ’। নতুন এই সংগঠনটির আহ্বায়ক প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি মাসুদ পারভেজ। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন পরিচালক সমিতির সভাপতি মুহম্মদ হান্নান, শিল্পী সমিতির সভাপতি শাকিব খান, চিত্রগ্রাহক সংস্থার সভাপতি আবদুল লতিফ বাচ্চু এবং এডিটর গিল্ডসের সভাপতি আবু মুসা দেবু। প্রযোজক-পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সদস্যসচিব ও অন্যান্য সমিতির সাধারণ সম্পাদকেরা যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।এদিকে ঢাকার প্রেক্ষাগৃহের মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেউই তাঁদের ভারতীয় ছবি প্রদর্শনে আইনগতভাবে বাধা দিতে পারবে না। কারণ, উচ্চ আদালতের রায় নিয়েই সেন্সর বোর্ড ছবিগুলো দেখে ছাড়পত্র দিয়েছে। জানা গেছে, আগামী অক্টোবর মাসে প্রেক্ষাগৃহে ভারতীয় বাংলা ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।